Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৪, ২০২৬

হাসিনার প্রত্যার্পন, বাংলাদেশের কাছে দুই শর্ত ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসিনার প্রত্যার্পন, বাংলাদেশের কাছে দুই শর্ত ভারতের

বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতে আশ্রয় নিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ বছরেরও বেশি সময় ধরে তিনি এদেশে রয়েছন। ইতিমধ্যে বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। কয়েকমাস আগে হাসিনা জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। সেই সিদ্ধান্তে অনড় থাকলেও দেশে ফেরার কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি হাসিনা। বাংলাদেশ সরকার ভারতের কাছে বারবার প্রত্যার্পনের দাবি করলেও ভারত এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি। ভারতও শেখ হাসিনার প্রত্যাবর্তন চায়, তবে তা কিছু শর্তের ওপর নির্ভর করছে। দিল্লির দাবি, বাংলাদেশ সেনাবাহিনী তাঁর প্রত্যাবর্তনের তত্ত্বাবধান করবে এবং ঢাকাকে নতুন ও সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিতে হবে।
হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে দিল্লি বেশ কিছুদিন ধরেই কাজ করছে। ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেত্রীর নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে এবং সুষ্ঠু বিচারের সুযোগ নিশ্চিত করতে তবেই প্রত্যার্পন করা হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে আনতে ভারত বাংলাদেশকে একটা সামরিক বিমান পাঠাতে বলেছে। এছাড়াও, ভারত এই আশ্বাস চেয়েছে যে, ২০২৪ সালের দমনপীড়নের ঘটনায় হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার এবং নতুন করে বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ দিতে হবে। যদিও এই ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনও মন্তব্য করেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়াও জানায়নি।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় ২ বছর হতে চলল ভারত ঝুলিয়ে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, এটা আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে। দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনও গোপন বিষয় নয়। শুধু ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।
শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪-এর ডিসেম্বরেই। এরপর একাধিকবার তাগাদাও দিয়েছে। ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনও সাড়া দেয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনও অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারতও ঠিক সেরকম কিছুই করছে।

দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসি–কে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে। তাঁকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। অর্থাৎ বাংলাদেশ একটা সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।

দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, ‘‌আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’ সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানিয়েছেন। এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে আড়ালে আলোচনাও চালাচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!