- বি। দে । শ
- নভেম্বর ১৭, ২০২৬
বিপর্যস্ত মার্কিন ব্যাঙ্কিং পরিষেবা ! জেপি মর্গ্যান চেজ থেকে একাধিক ব্যাঙ্কে লেনদেন বন্ধ, প্রশ্নের মুখে প্রযুক্তি পরিকাঠামোর নিরাপত্তা
পরপর তিনটি কর্মদিবসে প্রযুক্তিগত বিভ্রাটে বিপর্যস্ত আমেরিকার গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি। কখনও মাইক্রোসফ্টের সফ্টঅয়্যার, কখনও বিমান চলাচলের নিয়ন্ত্রণ ব্যবস্থা, আবার কখনও ব্যাঙ্কিং পরিষেবা—প্রযুক্তিগত গোলযোগের জেরে একের পর এক সমস্যার মুখে পড়তে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। সর্বশেষ সোমবার সফ্টঅয়্যারের ত্রুটির কারণে সাময়িক ভাবে অচল হয়ে পড়ে আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কগুলির অন্যতম জেপি মর্গ্যান চেজ়ের পরিষেবা। অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিংয়ের পাশাপাশি ব্যাঙ্কের শাখাগুলিতেও ব্যাহত হয় আর্থিক লেনদেন। এর প্রভাব পড়ে ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক এবং ট্রুইস্টের মতো একাধিক প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের উপরেও। যদিও সোমবার সন্ধ্যার মধ্যেই সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে চেজ় কর্তৃপক্ষ।
বিভ্রাটের মাত্রা কতটা গুরুতর ছিল, তা স্পষ্ট হয়েছে পরিষেবা সংক্রান্ত অভিযোগের পরিসংখ্যানে। প্রযুক্তিগত সমস্যা পর্যবেক্ষণকারী সংস্থা ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ জেপি মর্গ্যান চেজ়ের পরিষেবা নিয়ে প্রায় সাড়ে চার হাজার অভিযোগ জমা পড়ে। দুপুর ২টো নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭০০-রও বেশি। মাত্র ২২ মিনিটের ব্যবধানে, দুপুর ২টো ২২ মিনিট নাগাদ অভিযোগের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। গ্রাহকদের অভিযোগ ছিল, তাঁরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ-ইন করতে পারছেন না, অ্যাকাউন্টের ব্যালান্স দেখতে পারছেন না, এমনকি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতেও সমস্যা হচ্ছে। শুধু ডিজিটাল পরিষেবাই নয়, চেজ়ের বিভিন্ন শাখাতেও অভ্যন্তরীণ কম্পিউটার ব্যবস্থায় গোলযোগের কারণে টাকা জমা দেওয়া ও তোলার মতো সাধারণ লেনদেন ব্যাহত হয়।
প্রাথমিক ভাবে এই বিভ্রাটের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও সাইবার হামলা কিংবা ক্লাউড পরিষেবার সমস্যার সম্ভাবনা নাকচ করে দিয়েছে জেপি মর্গ্যান চেজ়। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যাঙ্কের নিজস্ব কম্পিউটার পরিকাঠামো বা ‘অন-প্রেমাইস হার্ডঅয়্যার’ ব্যবস্থায় সফ্টঅয়্যার আপডেট করার সময় একটি ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যাঙ্কের এক মুখপাত্র বিবৃতিতে জানান, নিজস্ব হার্ডঅয়্যার সিস্টেমে সফ্টঅয়্যারের একটি বাগের জেরে সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হয়েছিল। এর সঙ্গে কোনও ধরনের সাইবার হামলার সম্পর্ক নেই। কিছু গ্রাহককে পরিষেবা দিতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগলেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলেও আশ্বস্ত করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
চেজ়ের এই সমস্যার প্রভাব অন্য ব্যাঙ্কগুলির গ্রাহকদের উপরেও পড়ে। ডাউনডিটেক্টরে ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক এবং ট্রুইস্টের পরিষেবা নিয়েও অভিযোগ জমা পড়তে শুরু করে। ওয়েলস ফার্গো তাদের ওয়েবসাইটে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় প্রযুক্তিগত সমস্যার কথা স্বীকার করে নেয়। বিকল্প হিসেবে গ্রাহকদের এটিএম, ব্যাঙ্কের শাখা অথবা টেলিফোন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অন্য দিকে, ব্যাঙ্ক অফ আমেরিকা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
তবে অন্যান্য ব্যাঙ্কের পরিষেবায় সমস্যার পিছনে মূলত ‘জ়েল’ (Zelle) নামের পিয়ার-টু-পিয়ার ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে বিলম্বকেই দায়ী করা হচ্ছে। চেজ়ের অ্যাকাউন্টে অন্য ব্যাঙ্ক থেকে জ়েলের মাধ্যমে টাকা পাঠানো কিংবা সেখান থেকে টাকা গ্রহণ করার সময় সমস্যায় পড়েন বহু গ্রাহক। ইউএস ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দেয়, তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবস্থায় কোনও বিভ্রাট ঘটেনি। তবে অন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জ়েলের মাধ্যমে লেনদেনে দেরি হতে পারে। চেজ় কর্তৃপক্ষও জানায়, এটি গোটা ব্যাঙ্কিং ব্যবস্থার কোনও সার্বিক বিপর্যয় নয়। বরং তাদের নিজস্ব সিস্টেমের সমস্যার কারণে অন্য ব্যাঙ্কের সঙ্গে যুক্ত কিছু লেনদেন ধীর হয়ে পড়েছিল।
উল্লেখ্য, জ়েল পরিচালিত হয় ‘আর্লি ওয়ার্নিং সার্ভিসেস’ নামের একটি সংস্থার মাধ্যমে। এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে জেপি মর্গ্যান চেজ়, ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক, পিএনসি ব্যাঙ্ক, ট্রুইস্ট এবং ক্যাপিটাল ওয়ানের মতো একাধিক বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। জ়েল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব পেমেন্ট নেটওয়ার্ক সম্পূর্ণ স্বাভাবিক ছিল। সংস্থাটি গ্রাহকদের অর্থ নিজেদের কাছে জমা রাখে না। তাদের বক্তব্য, সমস্যার উৎস ছিল সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির অভ্যন্তরীণ প্রযুক্তিগত ব্যবস্থা, জ়েলের নেটওয়ার্ক নয়।
সোমবারের এই ব্যাঙ্কিং বিভ্রাটের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন পরপর তিনটি কর্মদিবসে আমেরিকার গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর পরিষেবাগুলি বড়সড় সমস্যার মুখে পড়েছে। গত বৃহস্পতিবার মাইক্রোসফ্টের ‘আউটলুক’, ‘টিম্স’ এবং ‘কো-পাইলট’ পরিষেবায় ব্যাপক বিভ্রাট দেখা দেয়। এর জেরে বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের ইমেল এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়ে। মাইক্রোসফ্টের তরফে জানানো হয়েছিল, উইন্ডোজ়ের ত্রুটি, অতিরিক্ত ট্র্যাফিকের চাপ এবং পরিষেবার ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে এই সমস্যা তৈরি হয়েছিল।
পরের দিন, অর্থাৎ শুক্রবার, আমেরিকার বিমান চলাচল ব্যবস্থাতেও বড়সড় বিপর্যয় দেখা যায়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত গোলযোগের কারণে দেশজুড়ে সমস্ত বিমানের উড়ান সাময়িক ভাবে বন্ধ রাখতে বাধ্য হয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এই ব্যবস্থাকে ‘গ্রাউন্ড স্টপ’ বলা হয়। এফএএ-র তরফে রাউটার সংস্থাপনের সমস্যা এবং সিস্টেমে অতিরিক্ত ডেটার চাপকে এই বিভ্রাটের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
শুধু তাই নয়, সোমবার দুপুরেই কম্পিউটার সিস্টেমে সমস্যার কারণে ইউনাইটেড এয়ারলাইন্সের একাধিক বিমান চলাচলে বিলম্ব হয়। এর প্রভাব পড়ে ভারতীয় বিমান পরিষেবাতেও। ফলে কয়েক দিনের ব্যবধানে আমেরিকার ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি এবং বিমান চলাচল—তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রই প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে।
যদিও মাইক্রোসফ্টের পরিষেবা, বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জেপি মর্গ্যান চেজ়ের ব্যাঙ্কিং বিভ্রাটের মধ্যে সরাসরি কোনও যোগসূত্র পাওয়া যায়নি, তবু পরপর এই ঘটনাগুলি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনে প্রযুক্তির উপর নির্ভরতা যত বাড়ছে, বিভিন্ন সংস্থা ও পরিষেবার মধ্যে পারস্পরিক সংযোগও তত গভীর হচ্ছে। ফলে কোনও একটি ব্যবস্থার সামান্য ত্রুটিও মুহূর্তের মধ্যে বৃহত্তর বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।
নটরডেম বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ও বিশ্লেষণ বিভাগের অধ্যাপক মাইক চ্যাপলের মতে, এই ঘটনাগুলির পিছনে একটি সাধারণ বিষয় কাজ করছে—দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রযুক্তি ব্যবস্থার ক্রমবর্ধমান জটিলতা এবং তার ভঙ্গুরতা। তাঁর বক্তব্য, প্রতিটি ক্ষেত্রেই বৃহৎ প্রযুক্তিগত পরিকাঠামোর কোনও একটি ছোট অংশে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সেই সীমিত ত্রুটিই দ্রুত ছড়িয়ে পড়ে দেশজুড়ে পরিষেবা ব্যাহত করেছে।
আমেরিকা সরকারের ক্রিপ্টোগ্রাফি পরিষেবা প্রদানকারী সংস্থা ‘কিউসিকিউর’-এর সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা রেবেকা ক্রাউথামারও প্রযুক্তির পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, প্রযুক্তিগত ব্যবস্থার জটিলতা ও একে অপরের সঙ্গে সংযুক্ত থাকার বিষয়টি পরিষেবাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুললেও, এই নির্ভরশীলতার পরিধি সম্পর্কে যথাযথ ধারণা না থাকলে একটি প্রতিষ্ঠানের সমস্যা অন্য প্রতিষ্ঠান এবং সম্পূর্ণ শিল্পক্ষেত্রের উপরেও প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিস্থিতির সঙ্গে টাইটানিক জাহাজের দুর্ঘটনার তুলনা করা যেতে পারে। টাইটানিকের নির্মাতারা যে ধরনের বিপদের কথা সবচেয়ে বেশি ভেবেছিলেন, বাস্তবে তার বাইরের এক আঘাতেই জাহাজটি বিপর্যস্ত হয়েছিল। জাহাজের জলরোধী দেওয়ালগুলিও শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি। আধুনিক প্রযুক্তি ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে। একাধিক নিরাপত্তা স্তর এবং বিকল্প ব্যবস্থা থাকলেও অপ্রত্যাশিত কোনও ত্রুটি সেই সুরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে।
‘কনসেনট্রিক এআই’-এর প্রতিষ্ঠাতা মধু শশাঙ্কের বক্তব্যেও উঠে এসেছে সেই আশঙ্কা। তাঁর কথায়, কোনও একটি প্রযুক্তি ব্যবস্থা অচল হয়ে পড়বে কি না, সেটিই এখন আর শীর্ষ কর্তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই ব্যবস্থার সঙ্গে সংযুক্ত আরও কতগুলি পরিষেবা একই সঙ্গে অচল হয়ে পড়তে পারে এবং কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
পরপর কয়েক দিনের এই ঘটনাগুলি ফের বুঝিয়ে দিল, আধুনিক অর্থনীতি ও জনজীবন কতটা প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। ব্যাঙ্কে টাকা তোলা থেকে শুরু করে বিমানে যাতায়াত কিংবা দৈনন্দিন ইমেল আদানপ্রদান—প্রতিটি ক্ষেত্রেই পরিকাঠামোর সামান্য ত্রুটি বিপুল সংখ্যক মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। তাই শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলার জন্য বিকল্প ব্যবস্থা, দ্রুত ত্রুটি শনাক্তকরণ এবং বিপর্যয় থেকে পরিষেবা পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোও এখন অত্যন্ত জরুরি।
❤ Support Us








