- বি। দে । শ
- নভেম্বর ১৭, ২০২৬
বাংলাদেশে অব্যাহত শ্রমিক আন্দোলন ! চলছে বিক্ষোভ-অবরোধ, কাঁদানে গ্যাস পুলিশের
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন থামার লক্ষণ নেই। ফের ছড়িয়েছে বিক্ষোভের আঁচ । ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় রাস্তায় নামলেন পোশাক কারখানার শ্রমিকেরা। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাধিক জায়গায় অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পাল্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে। অন্যদিকে, একই দাবিতে ঢাকার মিরপুরেও পথে নামেন শ্রমিকেরা। সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত বাংলাদেশের একাধিক শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। সকাল ৯টা নাগাদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও একই ছবি দেখা যায়। জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা সংলগ্ন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে পড়েন। ক্রমে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজার হাজার শ্রমিকের জমায়েতের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা। অবরোধ তুলে নিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য শ্রমিকদের অনুরোধ করা হয়। কিন্তু তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং বিক্ষোভকারীদের একাংশ উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন বলে অভিযোগ। এর পরেই কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। তবে অবরোধ সরলেও আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা ফের জমায়েতের চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই ভোগড়া বাইপাস সংলগ্ন এলাকায় অবরোধ চলছিল। বেলা ১১টা নাগাদ ওই অংশ অবরোধমুক্ত করা সম্ভব হয়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাস্তা অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সরিয়ে দেয়। অবরোধের জেরে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদেরও। এক ব্যক্তি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথে গাছা কলেজের সামনে থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত বিভিন্ন জায়গায় মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ করতে দেখেন। বাধ্য হয়ে কিছুটা পথ হেঁটে ও বাকি পথ অটোরিকশায় চেপে গন্তব্যে পৌঁছতে হয় তাঁকে।
শুধু গাজীপুর নয়, শ্রমিক বিক্ষোভের আঁচ পৌঁছেছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। মঙ্গলবার সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় জমায়েত করতে শুরু করেন পোশাকশ্রমিকেরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবরোধের চেষ্টা করেন তাঁরা। সকাল সাড়ে ১০টা নাগাদ সেখানে উত্তেজনা ছড়ায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হাফিজুর রহমান জানিয়েছেন, দারুসসালাম ও শাহ আলি থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রথমে শ্রমিকেরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল করে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পর সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। আপাতত ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ দিন সকাল ৯টা নাগাদ মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নীচেও রাস্তা অবরোধের চেষ্টা করেন শ্রমিকদের একাংশ। তবে পুলিশের বাধায় মূল সড়কে তাঁরা জমায়েত করতে পারেন নি। পুলিশ জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের রাস্তার পাশে সরে যেতে বলা হয়। সেখানে প্রায় এক ঘণ্টা নিজেদের দাবিদাওয়া নিয়ে আলোচনার পর তাঁরা এলাকা ছেড়ে চলে যান। দুপুর ১২টা নাগাদ মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ এবং মেট্রো স্টেশনের নীচে বিজিবি সদস্যদের আসেন। মিরপুর-১১ নম্বর স্টেশন সংলগ্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
এদিকে, দেশের শিল্পাঞ্চলগুলোতে অশান্তি ছড়ানোর আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করেছে বাংলাদেশ প্রশাসন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ বহু এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। বাংলাদেশের পোশাকশিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে গত অক্টোবর থেকেই। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, কারখানার সামনে জমায়েত ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও সেই বিক্ষোভ হিংসাত্মক চেহারাও নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে বোর্ডের দু–টি বৈঠক হয়েছে। দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষ শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। কাজে না ফিরলে কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে খবর।
কিন্তু মজুরি বোর্ড গঠন, দফায় দফায় সরকারের সাথে আলোচনার পরেও শ্রমিকদের ক্ষোভ পুরোপুরি থামেনি। গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর-সহ একাধিক শিল্পাঞ্চলে অশান্তির জেরে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিক্ষোভের জেরে আরও দু–টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। মজুরি নিয়ে শ্রমিক-মালিকের টানাপড়েনের মধ্যে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক দিকে শ্রমিকদের বেতনবৃদ্ধির দাবি, অন্যদিকে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার চাপ — দুইয়ের মাঝে বড়োসড়ো সংকটের মুখোমুখি তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার।
❤ Support Us








