Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ১৮, ২০২৬

২০২৬-এর বর্ষসেরা শব্দ, কেমব্রিজ ডিকশনারিতে নির্বাচিত ‘হিউম্যান’

আরম্ভ ওয়েব ডেস্ক
২০২৬-এর বর্ষসেরা শব্দ, কেমব্রিজ ডিকশনারিতে নির্বাচিত ‘হিউম্যান’

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার এবং তা নিয়ে তৈরি ওয়া উদ্বেগের পরিপ্রেক্ষিতে, কেমব্রিজ ডিকশনারি ২০২৬ সালের জন্য ‘‌হিউম্যান’‌ শব্দটিকে তাদের বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে। এই শব্দটির নির্বাচন যন্ত্র এবং মানুষের মধ্যেকার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে আসা নিয়ে চলমান বিতর্ককে প্রতিফলিত করে। অভিধানটির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব মানুষকে ‘হিউম্যান’‌ হওয়ার অর্থ কী, তা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।
কেমব্রিজ ডিকশনারিজের অভিধান প্রণেতা কলিন ম্যাকিনটোশ বলেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষ হিসেবে আমাদের অস্তিত্বের ধারণাকে বদলে দিচ্ছে। মানুষ যখন তাদের চিন্তা ও কাজের জন্য যন্ত্রের ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে পড়ছে, তখন মানবতা কী হারাতে পারে, সেই প্রশ্ন উঠছে। গণিত বিশেষজ্ঞ থেকে শুরু করে ছোট শিশুদের শিক্ষক পর্যন্ত, প্রত্যেকেই এআই নির্ভরশীলতার সম্ভাবনা নিয়ে ভাবছেন।

কেমব্রিজ ডিকশনারি অনুসারে, ‘‌Human’‌ শব্দটি ল্যাটিন শব্দ ‘‌H‌umanus’‌ থেকে উদ্ভূত। এটি ১৪৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। অভিধানটি একে মানুষের সেইসব গুণাবলী, ত্রুটি এবং আবেগ হিসেবে সংজ্ঞায়িত করে, যা তাদেরকে দেবতা, পশু বা যন্ত্র থেকে পৃথক করে। অভিধানগুলি সাধারণত একটা নতুন শব্দ, একটা জনপ্রিয় প্রবাদ, অথবা এমন কোনও পুরোনো শব্দ বেছে নেয়, যার অর্থ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। এবার ‘‌হিউম্যান’‌ শব্দটির নির্বাচন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানব পরিচয় এবং এর গুরুত্ব নিয়ে ক্রমবর্ধমান আলোচনাকে প্রতিফলিত করে।

গত কয়েক বছরে, বেশ কয়েকটি অভিধান তাদের বর্ষসেরা শব্দ‌ হিসেবে এআই সম্পর্কিত শব্দ নির্বাচন করেছে। ২০২৩ সালে, কলিন্স ডিকশনারি ‘‌এআই’‌ শব্দটিকে বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নেয়। সেই একই বছর, কেমব্রিজ ডিকশনারি ‘‌হ্যালুসিনেট’‌ শব্দটি বেছে নেয়, যা এআই–এর মিথ্যা বা মনগড়া তথ্য প্রদানের প্রবণতাকে বোঝায়। গত বছর, মেরিয়াম–ওয়েবস্টার এআই দ্বারা তৈরি নিম্নমানের বিষয়বস্তু বোঝাতে ‘‌স্লপ’‌ শব্দটি বেছে নেয়। কলিন্স ডিকশনারি ‘‌ভাইব কোডিং’‌ শব্দটিও বেছে নিয়েছে, যা এআই ব্যবহার করে সফটওয়্যার তৈরির প্রক্রিয়াকে বর্ণনা করে।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কেমব্রিজ ডিকশনারির এই নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে, এআই মানুষকে মানুষ হওয়ার অর্থ কী, তা পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। গেটসের মতে, এআই–এর সাফল্য পরিমাপ করা উচিত এটা মানব জীবনকে কতটা উন্নত করে তার ভিত্তিতে।

২০২৬ সালের বর্ষসেরা শব্দের দৌড়ে ‘এজেন্ট’ এবং ‘অ্যানালগ’ শব্দ দুটিও ছিল। ‘এজেন্ট’ বলতে এমন একটা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সিস্টেমকে বোঝায় যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই সিদ্ধান্ত নিতে এবং কাজ সম্পাদন করতে পারে। ‘অ্যানালগ’ বলতে এমন অভিজ্ঞতা বা বস্তুকে বোঝায় যা ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সংযুক্ত নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!