- বি। দে । শ
- নভেম্বর ১৭, ২০২৬
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের ? নিশানায় ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তারা, চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্যে উদ্বেগ আমেরিকায়
আমেরিকার বিরুদ্ধে বড়সড় প্রত্যাঘাতের পরিকল্পনা করছে ইরান? ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার ছক কষছে তেহরান! এমনই চাঞ্চল্যকর ইঙ্গিত মিলেছে মার্কিন গোয়েন্দা তথ্যে। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই সম্ভাব্য হামলার নিশানায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সাত জন মার্কিন আধিকারিক সিএনএন-কে এমনটাই জানিয়েছেন। এই খবর সামনে আসতেই আমেরিকার প্রশাসনিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।
‘ডার্টি বোমা’ বা রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস (আরডিডি) এমন এক ধরনের বিস্ফোরক ব্যবস্থা, যার মাধ্যমে বিস্ফোরণের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। সাধারণ পরমাণু বোমার মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটানো এর উদ্দেশ্য নয়। বরং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিয়ে বিস্তীর্ণ এলাকায় দূষণ ও আতঙ্ক তৈরি করাই এর মূল উদ্দেশ্য। তবে ইরান এই মুহূর্তে এমন কোনও হামলার পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার মতো সামর্থ্য রাখে কি না, তা নিয়ে সংশয় রয়েছে মার্কিন আধিকারিকদের একাংশের।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজ়রায়েল যৌথ ভাবে ইরানে সামরিক অভিযান চালায়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এর পরেই পাল্টা প্রত্যাঘাত শুরু করে তেহরান। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। সাম্প্রতিক সময়ে সামরিক উত্তেজনা কিছুটা কমলেও সংঘাত যে পুরোপুরি থেমে গিয়েছে, এমন কোনও ইঙ্গিত নেই।
এই পরিস্থিতিতে সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী দেশগুলির সঙ্গে পৃথক ভাবে আলোচনা করেছে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেও দাবি করেছিলেন, যুদ্ধের অবসান খুব শীঘ্রই হতে পারে। কিন্তু বাস্তবে সংঘাত থামার তেমন কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
এর মধ্যেই ওয়াশিংটনে সম্ভাব্য হামলা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে মার্কিন আধিকারিক সূত্রের দাবি, এই মুহূর্তে গোয়েন্দারা ইরানের পরিকল্পনাকে আসন্ন হামলার সরাসরি হুমকি হিসেবে দেখছেন না। বরং ভবিষ্যতে পরিস্থিতির অবনতি হলে যাতে আমেরিকার ভূখণ্ডেও হামলার সম্ভাবনা বিবেচনা করা যায়, সেই বিকল্প পথ খোলা রাখার চেষ্টা করছে তেহরান— এমনটাই মনে করছেন আধিকারিকদের একাংশ।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিসও জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের হামলার আশঙ্কার উপর নজর রাখছে মার্কিন প্রশাসন। তবে তাঁর দাবি, এই মুহূর্তে আমেরিকার উপর হামলার কোনও নির্দিষ্ট হুমকি নেই।
এদিকে, গত কয়েক মাসে ইরানের পাল্টা হামলা মূলত পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলির মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। যদিও ভবিষ্যতে হামলার পরিধি আরও বাড়তে পারে বলে একাধিক বার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্প্রতি ইরানের হামলার আশঙ্কায় ব্রিটেনের দু’টি সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা হামিদরেজা মোকাদ্দামফাও প্রত্যাঘাতের পরিধি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এই পরিস্থিতিতে ওয়াশিংটনে হামলার সম্ভাবনা সংক্রান্ত গোয়েন্দা তথ্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর অর্থ, ইরান আমেরিকার মূল ভূখণ্ডেও হামলার পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা।
তবে এখনও পর্যন্ত ইরান এমন হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তার কোনও প্রমাণ মেলেনি। এক মার্কিন আধিকারিকের কথায়, এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত করার মতো পর্যাপ্ত লোকবল ও সক্ষমতা ইরানের রয়েছে কি না, তা নিয়েও মার্কিন প্রশাসনের অন্দরে বিতর্ক রয়েছে।
ফলে ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ তৈরি হলেও, আপাতত বিষয়টিকে সম্ভাব্য ঝুঁকি হিসেবেই দেখছেন মার্কিন গোয়েন্দারা। হামলার কোনও আসন্ন বা নিশ্চিত পরিকল্পনার প্রমাণ এখনও তাঁদের হাতে নেই।
❤ Support Us








