Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২০, ২০২৬

৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন, স্বাস্থ্য ও বিধায়ক ভাতা নিয়ে আসতে পারে তিনটি বিল

আরম্ভ ওয়েব ডেস্ক
৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন, স্বাস্থ্য ও বিধায়ক ভাতা নিয়ে আসতে পারে তিনটি বিল

রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার অধিবেশনের প্রাথমিক সূচি স্থির হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। নতুন সরকারের আমলে এটিই হতে চলেছে প্রথম শীতকালীন অধিবেশন। ফলে এই অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ৪ ডিসেম্বর, শুক্রবার অধিবেশনের প্রথম দিন প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করা হবে। সম্প্রতি প্রয়াতদের উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করতে পারেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। এরপর শনি ও রবিবার অধিবেশনে কোনও কার্যক্রম থাকবে না। সোমবার, ৭ ডিসেম্বর থেকে ফের শুরু হবে বিধানসভার কাজ, যা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

আসন্ন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশ করানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, স্বাস্থ্যক্ষেত্রে সম্প্রতি নেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্তকে আইনি স্বীকৃতি দিতে সংশ্লিষ্ট বিল আনা হতে পারে। পাশাপাশি প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলও অধিবেশনে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধির দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলেও খবর। তাঁদের ভাতা কিছুটা বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। একইসঙ্গে বর্তমান বিধায়কদের বেতন ও ভাতা সংক্রান্ত নতুন কোনও বিলও পেশ হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

সব মিলিয়ে আসন্ন শীতকালীন অধিবেশনে মোট তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশ করানোর পরিকল্পনা রয়েছে সরকারের। শাসকপক্ষের আশা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলি সহজেই পাশ করানো সম্ভব হবে। তবে বিরোধী পক্ষও বিলগুলির বিভিন্ন দিক খতিয়ে দেখে ত্রুটি বা ফাঁকফোকর তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। ফলে শীতকালীন অধিবেশনে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!