Advertisement
  • প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • নভেম্বর ২০, ২০২৬

সামরিক অভিযানে নিহত ১০ হাজার রোহিঙ্গা, গনহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
সামরিক অভিযানে নিহত ১০ হাজার রোহিঙ্গা, গনহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত

২০১৭ সালে মায়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে এক সামরিক অভিযানে প্রায় ১০০০০ রোহিঙ্গা নিহত হন। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের গণহত্যার জন্য মায়ানমারকে দায়ী করেছে। এক যুগান্তকারী রায়ে এই অভিযান চলাকালীন সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মায়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। আন্তর্জাতিক বিচার আদালতের যুগান্তকারী রায়ে বলা হয়েছে যে, মায়ানমারের সামরিক বাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে ‘‌গণহত্যা’‌ চালিয়েছিল।

গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায়ে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সামরিক বাহিনীর কর্মকাণ্ড রোহিঙ্গা জনগোষ্ঠীর একটা বড় অংশকে নির্মূল করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। হেগের পিস প্যালেসে রায় পড়ে শোনানোর সময় আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‌আদালত প্রমাণ পেয়েছে, মায়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, শিশুদের ওপর গুরুতর হিংসা চালানোর পাশাপাশি ব্যাপক যৌন নির্যাতনও করেছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপরও হামলা করেছে।’‌

জাতিসংঘের তদন্তে ব্যাপক হত্যাকাণ্ড চালানোর প্রমাণ উঠে এসেছে। তদন্তে জানা গেছে যে, ২০১৭ সালের আগস্টে শুরু হওয়া সামরিক অভিযান চলাকালে প্রায় ১০০০০ রোহিঙ্গা বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। মায়ানমার যুক্তি দিয়েছিল, শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেই অভিযানটি পরিচালিত হয়েছিল। তদন্তে দেখা গেছে যে, সেনাবাহিনী বেসামরিক নাগরিক ও জঙ্গিদের মধ্যে কোনও পার্থক্য করেনি। এমনকি নিরস্ত্র পলাতক বেসামরিক নাগরিকদেরও লক্ষ্যবস্তু করেছিল।
প্রতিবেদন অনুসারে, মায়ানমারের সৈন্যরা যুদ্ধের অস্ত্র হিসেবে গণধর্ষণ ও যৌন নির্যাতন চালিয়েছিল। শিশুদের ওপর নির্যাতন ও যৌন নির্যাতনের কথা তদন্তে উঠে এসেছে। মহিলাদের ওপর এই নৃশংসতার উদ্দেশ্য ছিল তাদেরকে শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ভেঙে দেওয়া, যাতে তারা সন্তান ধারণে অক্ষম হয়ে পড়ে। জাতিসংঘের তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, মায়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা পরিবারগুলির ওপর দুই সন্তানের সীমা নির্ধারণের মতো বিধিনিষেধ আরোপ করেছিল। এই গণহত্যার পেছনে এটাই ছিল উদ্দেশ্য।

তদন্তে অল্পবয়সী শিশু ও নবজাতকদের ওপর চরম হিংসার ব্যাপক প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে পুড়িয়ে মারা এবং নৃশংসভাবে মারধর অন্তর্ভুক্ত। স্যাটেলাইট চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে নিশ্চিত হওয়া গেছে যে, সেনাবাহিনী ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলি শত শত রোহিঙ্গা গ্রাম, বাড়িঘর ও মসজিদ সম্পূর্ণরূপে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আদালত প্রমাণ পেয়েছে যে, মায়ানমার সরকার অপরাধের তদন্ত বা অপরাধীদের শাস্তি দেওয়ার পরিবর্তে ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করেছে।
এই সহিংসতার কারণে ৭ লক্ষেরও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। পলাতক বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতেও দ্বিধা করেনি মায়ানমার সেনাবাহিনী। নদী ও জঙ্গল পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় নিরাপত্তা বাহিনী বিপুল সংখ্যক রোহিঙ্গাকে লক্ষ্য করে হত্যা করেছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০১৭ সালের সহিংসতা ছিল কয়েক দশকের দমনপীড়নের ফল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রোহিঙ্গা জনগণকে আইনি পরিচয়, নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্য এবং চলাচলের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছিল। আদালত শিশু ও বয়স্কদের বিরুদ্ধে ধর্ষণ, গণধর্ষণ এবং চরম সহিংসতার ব্যাপক ঘটনা লক্ষ্য করেছে।

২০১৯ সালে মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা, যৌন সহিংসতা, গ্রাম ধ্বংস এবং জোরপূর্বক উচ্ছেদসহ পরিকল্পিত অভিযানের অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। গাম্বিয়া আদালতের কাছে আবেদন করেছে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এছাড়াও, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য নাগরিকত্ব ও আইনি সুরক্ষাসহ অন্যান্য নিশ্চয়তা চেয়েছে।

মায়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। মায়ানমার সরকার জানিয়েছে, উত্তর রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর পর সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। মায়ানমারের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে, শুধুমাত্র হত্যাকাণ্ড ও যৌন নির্যাতনের প্রমাণই কোনও সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য প্রমাণ করে না। তাঁরা বলেছেন যে, সামরিক বাহিনীর আচরণ থেকে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র সঠিক উপসংহার হওয়া উচিত। আইনজীবীরা জাতিসংঘের তদন্তকারীদের অনুসন্ধানের ফলাফলের ওপর গাম্বিয়ার নির্ভরতাকেও চ্যালেঞ্জ করেছেন।

২০১৭ সালের আগস্টে মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা অভিযান শুরু করে। এই অভিযানের পর হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ধর্ষণ ও নির্যাতন করা হয় এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যায়। মায়ানমারে রোহিঙ্গারা কয়েক দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছিল। যার মধ্যে ছিল নাগরিকত্ব অস্বীকার, চলাচলে বিধিনিষেধ এবং মৌলিক পরিষেবা পাওয়ার সুযোগে সীমাবদ্ধতা। এই দমনপীড়ন মানবিক সঙ্কটকে আরও তীব্র করেছে, যার ফলে এই জনগোষ্ঠীর বেশিরভাগই গৃহহীন ও দেশহীন হয়ে পড়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!