Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১৬, ২০২৬

বাজারে আগুন, পকেটে টান ! মুদ্রাস্ফীতি আসলে কী ? সংখ্যার আড়ালে অর্থনীতির সহজ পাঠ

আরম্ভ ওয়েব ডেস্ক
বাজারে আগুন, পকেটে টান ! মুদ্রাস্ফীতি আসলে কী ? সংখ্যার আড়ালে অর্থনীতির সহজ পাঠ

অক্টোবরে দেশের পাইকারি মূল্যবৃদ্ধির হার ১২.২৯ শতাংশে পৌঁছেছে। সংশোধিত পাইকারি মূল্যসূচক চালু হওয়ার পর এই হার সর্বোচ্চ। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিই এর অন্যতম প্রধান কারণ। কিন্তু পাইকারি বাজারে দাম বাড়লে তার আঁচ কি সরাসরি এসে লাগে সাধারণ মানুষের রান্নাঘরে? কেনই বা পেট্রল-ডিজ়েলের দাম বাড়লে চড়তে থাকে আনাজ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম? মুদ্রাস্ফীতির অর্থ, কারণ আর তার প্রভাব বুঝে নেওয়া যাক সহজ ভাষায়।

অর্থনীতির পরিভাষায় মুদ্রাস্ফীতি। কিন্তু তার অভিঘাত বুঝতে অর্থনীতির জটিল তত্ত্ব জানার প্রয়োজন নেই। বাজার করতে গিয়ে যখন দেখা যায়, গত মাসে যে টাকায় থলে ভরে আনাজ কেনা গিয়েছিল, এ মাসে সেই একই টাকায় অর্ধেক বাজারও হচ্ছে না, তখনই মুদ্রাস্ফীতির অর্থ বুঝতে অসুবিধা হয় না। মাসের শেষে সংসারের হিসাব মেলাতে গিয়ে যখন সঞ্চয়ের টাকা খরচ করতে হয়, কিংবা সন্তানের পড়াশোনা, চিকিৎসা অথবা অন্য কোনো প্রয়োজনীয় খরচে কাটছাঁট করতে হয়, তখন অর্থনীতির কাগুজে এই পরিভাষা হয়ে ওঠে একেবারে ঘরের বিষয়, হাঁড়ির বিষয়।

সহজ কথায়, নির্দিষ্ট সময় ধরে পণ্য ও পরিষেবার সাধারণ মূল্যস্তর ক্রমাগত বেড়ে যাওয়াকেই বলে মুদ্রাস্ফীতি। এর ফলে টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। অর্থাৎ, আগে যে পরিমাণ টাকা দিয়ে যতটা জিনিস কেনা যেত, এখন সেই একই টাকায় তার চেয়ে কম জিনিস পাওয়া যায়। টাকা একই থাকছে, কিন্তু সেই টাকার মূল্য কার্যত কমে যাচ্ছে। ধরা যাক, একটি পরিবারের মাসে বাজার খরচ পাঁচ হাজার টাকা। চাল, ডাল, আনাজ, রান্নার তেল, দুধ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় একই পরিমাণ পণ্য কিনতে এখন খরচ হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা। অথচ পরিবারের আয় একই রয়েছে। অর্থাৎ, জীবনযাত্রার মান আগের মতো বজায় রাখতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। আয় না বাড়লেও খরচ বেড়ে যাওয়ার এই চাপই মুদ্রাস্ফীতির অন্যতম প্রত্যক্ষ প্রভাব।

সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে দেশের পাইকারি মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ১২.২৯ শতাংশে। সেপ্টেম্বরে সে হার ছিল ১১.৩৯ শতাংশ। ২০২২-২৩ সালকে ভিত্তিবর্ষ ধরে তৈরি সংশোধিত পাইকারি মূল্যসূচক বা ‘হোলসেল প্রাইস ইনডেক্স’-এ এটিই সর্বোচ্চ মূল্যবৃদ্ধির হার।  খাদ্যপণ্য, জ্বালানি ও বিদ্যুৎ, খনিজ এবং উৎপাদিত পণ্যের মতো একাধিক বিভাগকে এ সূচকের আওতায় রাখা হয়। অক্টোবরে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগে। সেপ্টেম্বরে এই ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ছিল ২৫.৮৫ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৩২.৮৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ১০.২৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১১.৬৯ শতাংশ। খাদ্যপণ্যের ক্ষেত্রে এই হার ৮.১৪ শতাংশ থেকে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে। খনিজের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ৯.৫১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২.৬৪ শতাংশ। অন্য দিকে, উৎপাদিত পণ্যের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার সামান্য কমে ৯.৭৬ শতাংশ থেকে ৯.৫৪ শতাংশ হয়েছে। এ পরিসংখ্যানের মানে এই যে, পণ্য উৎপাদন ও সরবরাহের কাজে ব্যবহৃত একাধিক উপকরণের খরচ বেড়েছে।

শুধু পাইকারি বাজারেই নয়, সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির চাপ বেড়েছে। পাইকারি মূল্যবৃদ্ধি মাপা হয় ‘হোলসেল প্রাইস ইনডেক্স’ বা ‘ডব্লিউপিআই’-এর মাধ্যমে। অন্যদিকে, সাধারণ ক্রেতা দোকান থেকে পণ্য কেনার সময়ে যে দাম দেন, তার হিসাব করা হয় ‘কনজ়িউমার প্রাইস ইনডেক্স’ বা ‘সিপিআই’-এর। এ সূচককেই বলা হয় খুচরো মূল্যসূচক। খাদ্যপণ্য, বাসস্থান, পোশাক, পরিবহণ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা-সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও পরিষেবার দামের পরিবর্তন ‘সিপিআই’-তে প্রতিফলিত হয়। অর্থাৎ, পাইকারি বাজারে পণ্যের দাম কতটা বদলাচ্ছে, তার একটা ধারণা দেয় ‘ডব্লিউপিআই’ আর সাধারণ মানুষের সংসারের খরচে সে পরিবর্তনের প্রভাব কতটা পড়ছে, তা বোঝার ক্ষেত্রে ‘সিপিআই’ বেশি গুরুত্বপূর্ণ। পাইকারি বাজারে দাম বাড়লে তার প্রভাব খুচরো বাজারে পড়তে পারে, তবে তা সব সময়ে সঙ্গে সঙ্গে হয় না। অনেক ক্ষেত্রে উৎপাদক বা ব্যবসায়ীরা নিজেদের মুনাফা কমিয়ে অতিরিক্ত খরচের কিছুটা সামলে নেন। আবার কখনো সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত ক্রেতার উপর চাপিয়ে দেওয়া হয়। ফলে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব খুচরো বাজারে পৌঁছতে সময় লাগতে পারে।

কিন্তু, অক্টোবরে দেশে খুচরো মুদ্রাস্ফীতির হারও বেড়ে ৬.০৯ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে এই হার ছিল ৫.৫৪ শতাংশ। গত দু-বছরের মধ্যে এই প্রথম খুচরো মুদ্রাস্ফীতি রিজ়ার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের সর্বোচ্চ সহনসীমা অতিক্রম করল। ১২ নভেম্বর কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। খুচরো মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে খাদ্যপণ্যের দাম। সেপ্টেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। অর্থাৎ, চাল, ডাল, আনাজ-সহ খাবারের বাজারে মূল্যবৃদ্ধির চাপ আরও বেড়েছে। গ্রামীণ এলাকায় খুচরো মুদ্রাস্ফীতির হার ৬.৬৩ শতাংশে পৌঁছেছে। শহরাঞ্চলে এ হার ৫.৪১ শতাংশ। খাদ্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয় পরিবারের সংসারের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মুদ্রাস্ফীতির পিছনে একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম উৎপাদন ও পরিবহণের খরচ বৃদ্ধি। একটি বিস্কুট তৈরির কথাই ধরা যাক। কারখানায় বিস্কুট তৈরি করতে প্রয়োজন গম, চিনি, ভোজ্য তেল, বিদ্যুৎ, প্যাকেট তৈরির উপকরণ আর পরিবহণের জ্বালানি। সেসব উপকরণের দাম বাড়লে বিস্কুট উৎপাদনের খরচও বেড়ে যায়। তখন উৎপাদক পাইকারি বাজারে দাম বাড়াতে পারেন। পরে পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীরাও সেই বাড়তি খরচের বোঝা ক্রেতার উপর চাপিয়ে দিতে পারেন। চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হলেও মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। কোনো পণ্যের চাহিদা বাড়ছে, অথচ সে অনুপাতে জোগান বাড়ছে না — এমন পরিস্থিতিতে দাম বেড়ে যায়। যেমন, অতিবৃষ্টি বা খরার কারণে ফসল নষ্ট হলে বাজারে আনাজের জোগান কমে যেতে পারে। অথচ চাহিদা একই থাকলে বা বাড়লে আনাজের দাম চড়তে বাধ্য। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও দেশের অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধিকে প্রভাবিত করে। ভারত অপরিশোধিত তেলের চাহিদার বড়ো অংশই বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি খরচও বেড়ে যায়। তার প্রভাব পড়ে জ্বালানি, পরিবহণ ও শিল্পের উৎপাদন খরচে।

অক্টোবরে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগে মূল্যবৃদ্ধির হার ৩২.৮৪ শতাংশে পৌঁছনোর বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দেশের অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রেই জ্বালানি ও বিদ্যুতের প্রয়োজন রয়েছে। খাদ্যশস্য, আনাজ, শিল্পের কাঁচামাল কিংবা তৈরি পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ডিজ়েলচালিত পরিবহণের উপর নির্ভর করতে হয়। কারখানা চালানো, হিমঘরে পণ্য সংরক্ষণ, কৃষিকাজে সেচের ব্যবস্থা — সব ক্ষেত্রেই বিদ্যুতের প্রয়োজন। রাসায়নিক, প্লাস্টিক-সহ বিভিন্ন শিল্পপণ্য তৈরিতেও পেট্রোলিয়ামজাত উপকরণ ব্যবহৃত হয়। ফলে জ্বালানির দাম বাড়লে পরিবহণ সংস্থার খরচ বাড়ে, কারখানায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, কৃষিকাজেও অতিরিক্ত খরচের চাপ তৈরি হয়। সে বাড়তি খরচ শেষ পর্যন্ত বিভিন্ন পণ্যের দামের মধ্যে প্রতিফলিত হয়। ধরা যাক, ভিন্‌রাজ্য থেকে কলকাতার বাজারে আলু নিয়ে আসতে আগের তুলনায় বেশি ডিজ়েল খরচ হচ্ছে। ফলে পরিবহণের খরচ বেড়ে গেল। পাইকারি ব্যবসায়ী সেই অতিরিক্ত খরচ সামলাতে আলুর দাম বাড়ালেন। খুচরো বিক্রেতাও কিছুটা দাম বাড়িয়ে দিলেন। শেষ পর্যন্ত বেশি টাকা দিয়ে আলু কিনতে হলো সাধারণ ক্রেতাকে। অথচ এই মূল্যবৃদ্ধির সূত্রপাত হয়েছিল জ্বালানির বাজারে।

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে পাইকারি মূল্যবৃদ্ধির পিছনে রয়েছে খনিজ তেল, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্য, বেস মেটাল, রাসায়নিক, খাদ্যপণ্য, বস্ত্র এবং রবার ও প্লাস্টিকজাত পণ্যের দাম বৃদ্ধি। পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী সংঘাতও আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন তৈরি হওয়ায় অপরিশোধিত তেল, সারের দাম নিয়ে উদ্বেগ বেড়েছে। ভারত যেহেতু জ্বালানির জন্য আন্তর্জাতিক বাজারের উপর অনেকটাই নির্ভরশীল, তাই এ পরিস্থিতির প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। ‘ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ’-এর প্রধান অর্থনীতিবিদ দেবেন্দ্র পন্তের মতে, অক্টোবরে পাইকারি মূল্যবৃদ্ধির পিছনে রয়েছে ‘বেস এফেক্ট’ এবং প্রাথমিক পণ্য ও জ্বালানি-বিদ্যুৎ ক্ষেত্রে বিস্তৃত মূল্যবৃদ্ধি। অর্থনীতির পরিভাষায় ‘বেস এফেক্ট’ বলতে আগের বছরের একই সময়ের মূল্যস্তরের সঙ্গে তুলনার প্রভাবকে বোঝায়। এক বছর আগে কোনো পণ্যের দাম অস্বাভাবিক ভাবে কম থাকলে, পরের বছর তুলনায় সামান্য দাম বাড়লেও মূল্যবৃদ্ধির হার অনেক বেশি দেখাতে পারে।

পন্তের মতে, পশ্চিম এশিয়ার সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে মূল্যবৃদ্ধির চাপ বজায় থাকতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিক ভাবে কমলে এবং টাকার বিনিময়মূল্য বাড়লে নভেম্বরে পাইকারি মূল্যবৃদ্ধির হার প্রায় ১১.৫ শতাংশে নেমে আসতে পারে। বার্কলেজের অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, আগস্ট থেকে পাইকারি মূল্যবৃদ্ধির হার দুই অঙ্কে থাকলেও তার প্রভাব খুচরো বাজারে, বিশেষত মূল পণ্যগুলির ক্ষেত্রে, তুলনামূলক ভাবে কম পড়েছে। নভেম্বরে আন্তর্জাতিক জ্বালানির দাম কমে আসায় আগামী কয়েক মাসে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমতে পারে। ‘ব্রিকওয়ার্ক রেটিংস’-এর অর্থনীতিবিদ প্রাঞ্জল ঘাটের মতে, নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ২০ ডলার কমেছে। এই পতন বজায় থাকলে উৎপাদন ও পরিবহণের খরচ কমতে পারে। তার প্রভাব কিছুটা দেরিতে হলেও খুচরো বাজারে পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে, মুদ্রাস্ফীতির প্রভাব সমাজের সব শ্রেণির মানুষের উপর সমান ভাবে পড়ে না। পরিবারের আয়, মাসিক খরচের ধরন আর আয়ের সঙ্গে পাল্লা দিয়ে মূল্যবৃদ্ধি সামলানোর ক্ষমতার উপর নির্ভর করে তার অভিঘাত। নিম্ন আয়ের পরিবারের ক্ষেত্রে মাসিক খরচের বেশিরভাগ অংশই ব্যয় হয় খাবার, রান্নার জ্বালানি, পরিবহণ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের পিছনে। ফলে সেসব পণ্যের দাম সামান্য বাড়লেও সংসারের হিসাব ওলটপালট হয়ে যেতে পারে। অন্য খরচ কমানো, খাবারের পরিমাণে কাটছাঁট কিংবা সঞ্চয় ভেঙে সংসার চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়। মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রেও মুদ্রাস্ফীতির প্রভাব কম নয়। বাজারের খরচ বাড়ে, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার ব্যয় বৃদ্ধি পায়, যাতায়াতের খরচ বাড়ে। মাসের শেষে সঞ্চয়ের জন্য হাতে থাকা টাকার পরিমাণ কমে যায়।

ধরা যাক, কোনও ব্যক্তির মাসিক বেতন ২০ হাজার টাকা। এক বছর পরেও তাঁর বেতন একই রইল, কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিষেবার দাম বেড়ে গেল। সে ক্ষেত্রে ওই ২০ হাজার টাকার ক্রয়ক্ষমতা আগের তুলনায় কমে যাবে। অর্থাৎ, একই টাকা হাতে থাকলেও আগের মতো জীবনযাত্রা বজায় রাখা কঠিন হবে। এ কারণেই অর্থনীতিবিদেরা নামমাত্র আয় বা ‘নমিনাল ইনকাম’ এবং প্রকৃত আয় বা ‘রিয়াল ইনকাম’-এর মধ্যে পার্থক্য করেন। নামমাত্র আয় হলো একজন ব্যক্তি কত টাকা উপার্জন করছেন। আর প্রকৃত আয় হলো মুদ্রাস্ফীতির প্রভাব হিসাব করার পরে সে টাকা দিয়ে বাস্তবে কতটা পণ্য ও পরিষেবা কেনা সম্ভব। কোনো ব্যক্তির বেতন বছরে ৫ শতাংশ বাড়ল, অথচ জীবনযাত্রার খরচ বেড়ে গেল ৬ শতাংশ। সে ক্ষেত্রে নামমাত্র আয় বাড়লেও প্রকৃত ক্রয়ক্ষমতা কমে গেল। বিশেষত যাঁরা নির্দিষ্ট বেতন, পেনশন কিংবা দৈনিক মজুরির উপর নির্ভরশীল এবং যাঁদের আয় নিয়মিত বাড়ে না, তাঁদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

মুদ্রাস্ফীতি শুধু সাধারণ মানুষের সংসারের খরচের বিষয় নয়, দেশের আর্থিক নীতিনির্ধারণের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হারকে অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করে। ‘আরবিআই’-এর নীতিগত সুদের হারকে বলা হয় ‘রেপো রেট’। নির্দিষ্ট কিছু সিকিউরিটির বিনিময়ে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটিই ‘রেপো রেট’। মুদ্রাস্ফীতির চাপ অত্যধিক বেড়ে গেলে ‘আরবিআই’ রেপো রেট বাড়াতে পারে। ২৬ সালের অক্টোবরে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফলে রেপো রেট ৫.২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৫০ শতাংশ। এর আগে এপ্রিল, জুন ও অগস্টের পর্যালোচনায় রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছিল। অক্টোবরে মূল্যবৃদ্ধির ঝুঁকি বাড়তে থাকায় সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিটি। একই সঙ্গে মুদ্রানীতির অবস্থান ‘নিরপেক্ষ’ থেকে বদলে ‘ক্যালিব্রেটেড টাইটেনিং’ করা হয়। অর্থাৎ, আপাতত সুদের হার কমানোর সম্ভাবনা কম; পরিস্থিতি অনুযায়ী তা অপরিবর্তিত রাখা বা আরও বাড়ানোর পথ খোলা থাকছে।

এ সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ঋণ নেওয়ার খরচ বাড়বে। সে প্রভাব পড়তে পারে সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের ঋণের উপরেও। গৃহঋণ, গাড়ির ঋণ সহ অন্যান্য ঋণের সুদের হার বেড়ে যেতে পারে। ঋণ নেওয়ার খরচ বাড়লে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা খরচ এবং বিনিয়োগ কমাতে পারেন। বাজারে চাহিদার উপর চাপ তৈরি হয়। এর ফলে মূল্যবৃদ্ধির হার কিছুটা কমতে পারে। তবে এই পদ্ধতিরও সীমাবদ্ধতা রয়েছে। পণ্যের ঘাটতি কিংবা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে যদি মুদ্রাস্ফীতি ঘটে, তা হলে শুধু সুদের হার বাড়িয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান করা সম্ভব নয়। সে ক্ষেত্রে পণ্যের জোগান বাড়ানো, খাদ্যশস্যের মজুত ব্যবস্থাপনা, আমদানি শুল্ক কমানো ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার মতো পদক্ষেপও জরুরি।

তাহলে কি মুদ্রাস্ফীতি কমলেই জিনিসপত্রের দাম কমে? এ প্রশ্নে অনেকেরই ভুল ধারণা রয়েছে। মুদ্রাস্ফীতির হার কমে যাওয়ার অর্থ সব সময়ে বাজারে জিনিসপত্রের দাম কমে যাওয়া নয়।ধরা যাক, কোনও পণ্যের দাম এক বছরে ১০০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হলো। পরের বছর সে দাম বেড়ে দাঁড়াল ১২৩ টাকা। অর্থাৎ, প্রথম বছরে দাম বেড়েছিল ২০ টাকা, পরের বছরে বেড়েছে মাত্র ৩ টাকা। ফলে মূল্যবৃদ্ধির হার কমেছে ঠিকই, কিন্তু পণ্যটির দাম কমেনি। বরং আরও বেড়েছে। অর্থনীতির ভাষায় একে বলা হয় ‘ডিসইনফ্লেশন’ বা মূল্যবৃদ্ধির গতি হ্রাস। অর্থাৎ, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আগের তুলনায় ধীর গতিতে। অন্যদিকে, ‘ডিফ্লেশন’ বা মূল্যহ্রাস হলো এমন পরিস্থিতি, যখন নির্দিষ্ট সময় ধরে পণ্য ও পরিষেবার সাধারণ মূল্যস্তর সত্যিই কমতে থাকে। পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কারণ, সরকার মুদ্রাস্ফীতির হার কমার কথা জানালেও সাধারণ মানুষ বাজারে গিয়ে জিনিসপত্রের দাম বেশি দেখতে পারেন। মূল্যবৃদ্ধির গতি কমে যাওয়ার অর্থ ইতিমধ্যে বেড়ে যাওয়া দাম আবার আগের জায়গায় ফিরে যাওয়া নয়।

সাম্প্রতিক পাইকারি মূল্যবৃদ্ধির পরিসংখ্যান আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের অভ্যন্তরীণ উৎপাদন খরচ ও সাধারণ মানুষের সংসারের খরচের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ছবিই তুলে ধরেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলে আগামী কয়েক মাসে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে সে স্বস্তি কতটা সাধারণ ক্রেতার কাছে পৌঁছবে, তা নির্ভর করবে টাকার বিনিময়মূল্য, দেশের অভ্যন্তরীণ জ্বালানির দাম, পরিবহণ খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগানের মতো একাধিক বিষয়ের উপর। ‘ব্রিকওয়ার্ক রেটিংস’-এর অর্থনীতিবিদ প্রাঞ্জল ঘাটের অনুমান, ২০২৬-২৭ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ প্রায় ৬ শতাংশে পৌঁছতে পারে। তার পরে তা কমার সম্ভাবনা রয়েছে। তবে গোটা অর্থবর্ষে এই হার ‘আরবিআই’-এর ৪ শতাংশের লক্ষ্যমাত্রার উপরে থাকতে পারে।

‘রিসারজেন্ট ইন্ডিয়া’র কর্মকর্তা জ্যোতি প্রকাশ গাডিয়াও জানিয়েছেন, দেশের অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা এবং মূল্যস্থিতির লক্ষ্যে সতর্ক আর্থিক নীতি গ্রহণ করা জরুরি। কারণ, শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি কোনো সরকারি রিপোর্টে প্রকাশিত একটি শতাংশের হিসাবমাত্র নয়। একটি পরিবার কতটা খাবার কিনতে পারবে, কতটা সঞ্চয় করতে পারবেন, উৎপাদনের খরচ সামলাতে পারবে কি না, কিংবা একটি পরিবার মাসের খরচ কতটা স্বচ্ছন্দে চালাতে পারবে — তার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে মুদ্রাস্ফীতি। দেশের অর্থনীতির আকার বাড়তে পারে, সামগ্রিক উৎপাদন ও জাতীয় আয়ও বাড়তে পারে। কিন্তু মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার খরচ যদি দ্রুত বাড়ে, তা হলে সেই আর্থিক বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দিতে পারে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!