Advertisement
  • দে । শ স | হ | জ | পা | ঠ
  • নভেম্বর ১৬, ২০২৬

শুধু শ্বাসে নয়, খাবারেও মিশছে বায়ুদূষণের বিষ! কমছে ফসলের ফলন, খাদ্যশৃঙ্খল বেয়ে শরীরে ঢুকছে ভারী ধাতু

আরম্ভ ওয়েব ডেস্ক
শুধু শ্বাসে নয়, খাবারেও মিশছে বায়ুদূষণের বিষ! কমছে ফসলের ফলন, খাদ্যশৃঙ্খল বেয়ে শরীরে ঢুকছে ভারী ধাতু

শীতের আগমনের সঙ্গে সঙ্গে দেশের নানা প্রান্তে ফের উদ্বেগ বাড়াচ্ছে বায়ুদূষণ। রাজধানীর বাতাসে এখন শ্বাস নেওয়ায় দায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর দিল্লির ২৪ ঘণ্টার গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৯০, তার আগের দিনই যা ছিল ৩৬৭।  শুধু রাজধানী বা বড়ো বড়ো শহরও নয়, ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’-এর ৫ নভেম্বর প্রকাশিত ২৬ সালের অক্টোবর মাসের সমীক্ষা বলছে, দেশের যে ২৬৭টি শহরের পর্যাপ্ত বায়ুমান সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে, তার মধ্যে ২৬১টিতেই বাতাসে পিএম ২.৫-এর গড় মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৈনিক নির্ধারিত নির্দেশিকা — (প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম) বহুগুণ ছাড়িয়ে। দেশের মাত্র ছ-টি শহর মাপকাঠির মধ্যে বায়ুর মান ধরে রাখতে পেরেছে।

প্রশ্ন উঠছে, দূষিত বাতাসের বিপদ যে শুধু শ্বাসকষ্ট বা ফুসফুসের অসুখে আটকে আছে, না কি সে পৌঁছে যাচ্ছে খাবারের থালা পর্যন্ত? ফসল, শাকসব্জি, দুধ কিংবা মাংসের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে ঢুকে পড়ছে না তো ক্ষতিকর পদার্থ? বাইরে বেরোনোর আগে বাতাসের গুণমান কতটা খারাপ, তা জানতে অনেকেই এখন নিয়ম করে দেখে নেন বায়ুমান সূচক বা ‘একিউআই’। দূষণের মাত্রা বেশি থাকলে বন্ধ থাকে জানলা, বাতিল হয় প্রাতর্ভ্রমণ, কমে যায় বাইরের কাজকর্ম। কিন্তু যে শাকসব্জি বাজার থেকে কিনে আনা হচ্ছে, যে চাল-গমে প্রতিদিনের ভাত-রুটি তৈরি হচ্ছে, কিংবা সকালের চায়ের সঙ্গে যে দুধ খাওয়া হচ্ছে, সেখানেও যদি মিশে থাকে দূষণের বিষ ?

সাম্প্রতিক কয়েকটি গবেষণা সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে। গবেষকদের বক্তব্য, বায়ুদূষণ শুধু মানুষের শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়াচ্ছে না, আঘাত হানছে কৃষি উৎপাদন, খাদ্যের পুষ্টিগুণ আর খাদ্যনিরাপত্তার উপরেও। দূষিত মাটি, জল ও বাতাসের মাধ্যমে বিভিন্ন দূষক ঢুকে পড়ছে খাদ্যশৃঙ্খলে। তার প্রভাব পড়তে পারে মানুষের পরিপাকতন্ত্রেও। দূষণের এ প্রভাবের অন্যতম উদাহরণ মাটির কাছাকাছি স্তরে তৈরি হওয়া ওজ়োন। সাধারণত ওজ়োনের কথা উঠলে বায়ুমণ্ডলের উপরের স্তরে থাকা ওজ়োনস্তরের কথাই মনে আসে। কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি তৈরি হওয়া ওজ়োন এক ধরনের ক্ষতিকর বায়ুদূষক। উদ্ভিদের পাতার অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে সে গ্যাস গাছের ভিতরে প্রবেশ করতে পারে। তার ফলে ব্যাহত হয় সালোকসংশ্লেষ, ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদকোষ। কৃষির ক্ষেত্রে যার সরাসরি অর্থ, কমে যেতে পারে ফসলের ফলন।

২০১৪ সালে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চ’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছিল, ভারতে ওজ়োন দূষণের কারণে শীতকালীন গমের ফলন ৫ থেকে ১১ শতাংশ এবং রবি মরসুমের ধানের ফলন ৩ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে। অর্থাৎ দূষণের প্রভাব কেবল শহরের রাস্তায় বা মানুষের শরীরে আটকে নেই। মাঠের ফসলেও তার ছাপ পড়ছে। ২০২৩ সালের জুলাইয়ে প্রকাশিত একটি গবেষণাতেও ভারতের গম উৎপাদনে ভূপৃষ্ঠ-সংলগ্ন ওজ়োনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ‘অ্যাসেসিং দ্য কস্টস অব ওজ়োন পলিউশন ইন ইন্ডিয়া ফর হুইট প্রোডিউসার্স, কনজ়িউমার্স অ্যান্ড গভর্নমেন্ট ফুড ওয়েলফেয়ার পলিসিজ়’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়েছে, ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ভারতে গমের বার্ষিক ফলন ১৪.১৮ শতাংশ কমেছে ভূপৃষ্ঠ-সংলগ্ন ওজ়োন দূষণের কারণে। গবেষকদের মতে, কার্বন ডাই-অক্সাইড ও মিথেনের পর ট্রপোস্ফেরিক বা ভূপৃষ্ঠ-সংলগ্ন ওজ়োন অন্যতম গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস। ২০০৫ থেকে ২০২০ সালের মধ্যে ভারতে এই ওজ়োনের মাত্রা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। জলবায়ু পরিবর্তন এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আগামী দিনেও এই প্রবণতা বজায় থাকার আশঙ্কা রয়েছে।

বাজার থেকে শাকসব্জি কিনে এনে ভাল করে ধুয়ে নেওয়াই পরিচিত অভ্যাস। কিন্তু তাদের গায়ে লেগে থাকা সব কণা কি সাধারণ ধুলো? বাতাসে ভেসে বেড়ানো অতি সূক্ষ্ম কণার সঙ্গে মিশে থাকতে পারে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও নিকেলের মতো ভারী ধাতু। কণাগুলি সরাসরি শাকসব্জির পাতায় জমতে পারে। আবার দূষিত মাটি ও সেচের জল থেকেও ফসলের মধ্যে ঢুকে পড়তে পারে ক্ষতিকর উপাদান। সমস্যা আরও জটিল হয় যখন এই দূষক খাদ্যশৃঙ্খলের অন্য স্তরেও ছড়িয়ে পড়ে। গবাদি পশু যে ঘাস ও পশুখাদ্য খায়, যে জল পান করে, যে বাতাসে শ্বাস নেয়, তার গুণমানও তাদের শরীরে দূষকের প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে দূষিত পশুখাদ্য বা জল থেকে কিছু দূষক প্রাণীর শরীরে জমা হতে পারে এবং পরে দুধ বা মাংসের মতো প্রাণিজ খাদ্যেও তার উপস্থিতি দেখা যেতে পারে।

২০২৩ সালে ‘সায়েন্টিফিক রিপোর্টস’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় দুগ্ধখামারের আশপাশে বাতাসে ভাসমান কণা এবং গরুর দুধে ভারী ধাতুর উপস্থিতির মধ্যে সম্পর্ক খতিয়ে দেখা হয়েছিল। গবেষকেরা বায়ুদূষণের সঙ্গে দুধে ধাতুর ঘনত্বের একটি সম্পর্ক পেয়েছেন। ওই গবেষণায় পরীক্ষিত কিছু দুধের নমুনায় সিসার মাত্রা নির্ধারিত সীমার উপরে ছিল বলেও উল্লেখ করা হয়। ২০২৫ সালে ‘ফুড অ্যান্ড কেমিক্যাল টক্সিকোলজি’ পত্রিকায় প্রকাশিত আর একটি গবেষণায় ছত্তিশগড়ের রায়পুরের শিল্পাঞ্চল ও আবাসিক এলাকার গরু ও মোষের দুধ পরীক্ষা করা হয়। সেখানে শিল্পাঞ্চল থেকে সংগৃহীত দুধের নমুনায় ভারী ধাতুর দূষণ তুলনামূলক বেশি পাওয়া যায়। পশুখাদ্য ও জলকে সম্ভাব্য দূষণের উৎস হিসাবে চিহ্নিত করেছিলেন গবেষকেরা। তবে বায়ুদূষণের মাত্রা বেড়েছে বলেই শহরের বাজারে বিক্রি হওয়া প্রতিটি সব্জি দূষিত, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সময় এখনো আসেনি। কারণ, সেই সব্জি কোথায় উৎপন্ন হয়েছে, কোন মাটিতে ফলেছে, কী জল দিয়ে সেচ দেওয়া হয়েছে, কোন ধরনের ফসল — সব কিছুর উপরেই দূষণের মাত্রা নির্ভর করে। শাকসব্জি ভাল করে পরিষ্কার জলে ধুয়ে নেওয়া অবশ্যই জরুরি। বিশেষত পাতাযুক্ত সব্জির ক্ষেত্রে এই সতর্কতা প্রয়োজন। কিন্তু ফসলের ভিতরে যদি ভারী ধাতু বা অন্য দূষক প্রবেশ করে থাকে, তা কেবল ধুয়ে দূর করা সম্ভব নয়। সে কারণে কৃষিজ পণ্য, মাটি, সেচের জল, দুধ ও  পশুখাদ্যের নিয়মিত পরীক্ষার উপর জোর দিচ্ছেন গবেষকেরা।

বায়ুদূষণ কী ভাবে পরিপাকতন্ত্রে প্রভাব ফেলতে পারে, তা নিয়েও গবেষণা চলছে। বাতাসে থাকা দূষিত কণা মূলত শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। অতি সূক্ষ্ম কণা — যেমন পিএম ২.৫ এবং পিএম ১০ — এর সঙ্গে ভারী ধাতু, অ্যালার্জেন, ব্যাক্টেরিয়া, ভাইরাস, পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের মতো ক্ষতিকর উপাদানও থাকতে পারে। শ্বাসের সঙ্গে প্রবেশ করা কিছু কণা ফুসফুস থেকে রক্তপ্রবাহে মিশে শরীরের অন্য অংশে পৌঁছতে পারে। আবার শ্বাসনালির মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স ব্যবস্থার মাধ্যমেও সেগুলি গলার দিকে উঠে এসে গিলে ফেলার ফলে পরিপাকতন্ত্রে পৌঁছতে পারে। দূষিত খাবার ও জলও শরীরে দূষক প্রবেশের সরাসরি পথ। বাতাসে ভেসে থাকা কণা মাটি, ফসল ও জলের উপর জমে যেতে পারে। দূষিত মাটিতে উৎপন্ন শাকসব্জি কিংবা দূষিত জল দিয়ে সেচ দেওয়া ফসলের মাধ্যমে সে উপাদান মানুষের খাদ্যে ঢুকে পড়তে পারে। শিল্পাঞ্চলের দূষক মাটিতে জমা হয়ে গাছের শিকড়ের মাধ্যমে উদ্ভিদের ভিতরেও প্রবেশ করতে পারে। ফলে দীর্ঘদিন ধরে দূষিত খাবার খেলে শরীরে পরিবেশগত দূষণের পরিমাণ বাড়ার আশঙ্কা থাকে।

বাতাসে থাকা মাইক্রোপ্লাস্টিকও আলোচনায় উঠে এসেছে। কয়েকটি গবেষণায় খাবারের উপর মাইক্রোপ্লাস্টিকের কণা জমে থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। মানুষের মলের নমুনাতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। দুধজাত খাবার এবং প্লাস্টিকের বোতল ব্যবহারের সঙ্গে এ ধরনের কণার সম্পর্ক নিয়েও গবেষণা হয়েছে। দূষণের প্রভাব অন্ত্রের অণুজীবের ভারসাম্যেও পড়তে পারে বলে মনে করছেন গবেষকেরা। মানুষের অন্ত্রে থাকা ব্যাক্টেরিয়া, ভাইরাস, ছত্রাক-সহ নানা অণুজীব খাবার হজম, পুষ্টি শোষণ, ভিটামিন তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূষণের দীর্ঘমেয়াদি প্রভাবে অণুজীবসমষ্টির গঠন ও কার্যকারিতা বদলে যেতে পারে। উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা কমে গিয়ে অপকারী অণুজীবের আধিক্য দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘ডিসবায়োসিস’। এর ফলে অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া, প্রদাহ ও হজমের নানা সমস্যা দেখা দিতে পারে।

বায়ুদূষণের সঙ্গে অন্ত্রের প্রদাহজনিত রোগ বা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজ়িজ় (আইবিডি)-এর সম্পর্ক নিয়েও গত এক দশকে একাধিক  গবেষণা হয়েছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে, যে সব এলাকায় বাতাসে পিএম ২.৫, পিএম ১০ এবং নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো দূষকের মাত্রা বেশি, সেখানে আইবিডির ঝুঁকি বা উপসর্গ বেড়ে যাওয়ার সঙ্গে দূষণের সম্পর্ক থাকতে পারে। বড়ো রাস্তার কাছাকাছি বসবাসকারী মানুষের ক্ষেত্রে যানবাহনের দূষণের দীর্ঘমেয়াদি সংস্পর্শও এ ঝুঁকির সঙ্গে যুক্ত বলে কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রমাণ এখনো সীমিত; দূষণই সরাসরি রোগের কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছনোর জন্য আরও গবেষণা প্রয়োজন। তবে গবেষকদের ব্যাখ্যা, দূষক শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ব্যবস্থার কিছু কোষ সক্রিয় হতে পারে। তার ফলে প্রদাহ সৃষ্টিকারী সাইটোকাইন নিঃসরণের মতো প্রতিক্রিয়া শুরু হয়। আগে থেকেই যাঁদের অন্ত্রের প্রদাহজনিত রোগের প্রবণতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে রোগের উপসর্গ বাড়িয়ে দিতে পারে।

দীর্ঘমেয়াদি দূষণের ফলে অক্সিডেটিভ স্ট্রেস বা শরীরে ক্ষতিকর মুক্ত মৌল ও অ্যান্টিঅক্সিড্যান্টের মধ্যে ভারসাম্যহীনতাও তৈরি হতে পারে। তাতে অন্ত্রের ভিতরের আবরণ বা মিউকোসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্ত্রের প্রাচীরের স্বাভাবিক সুরক্ষা দুর্বল হলে তার ভেদ্যতা বেড়ে যেতে পারে। ফলে ব্যাক্টেরিয়া বা অন্য উপাদান রক্তপ্রবাহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করতে পারে। শুধু অন্ত্র নয়, পিএম ২.৫-এর মতো সূক্ষ্ম কণার প্রভাব পড়তে পারে যকৃৎ ও অগ্ন্যাশয়ের উপরেও। শরীরের বিষাক্ত উপাদান নিষ্কাশন এবং বিপাকক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যকৃৎ। গবেষণায় দূষিত কণার সংস্পর্শের সঙ্গে যকৃতে প্রদাহ, কোষের ক্ষতি এবং শক্তি বিপাকের ব্যাঘাতের সম্পর্কের কথা বলা হয়েছে। এর ফলে মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস (এমএএসএলডি) এবং ডায়াবিটিসের মতো সমস্যার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বায়ুদূষণের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্কও এই সমস্যাকে আরও জটিল করে তুলছে। তাপমাত্রা বাড়লে বাতাসে কিছু রাসায়নিক বিক্রিয়ার গতি বেড়ে যায়, যার ফলে নতুন দূষক তৈরি হতে পারে। বাতাসের চাপ বেশি ও হাওয়ার গতি কম থাকলে দূষক ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে থাকে। তাপপ্রবাহের সময় খাদ্যদ্রব্য দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ে। দূষিত বা পচা খাবার থেকে খাদ্যে বিষক্রিয়া এবং অন্ত্রের সংক্রমণ হতে পারে। অন্যদিকে, অতিবৃষ্টি ও বন্যার ফলে পানীয় জলের উৎস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। কৃষিজ রাসায়নিক, শিল্পবর্জ্য, নিকাশি রোগজীবাণু নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে মিশে যেতে পারে। দূষিত জল পান করলে ডায়রিয়া, বমি, বমি ভাব, জলশূন্যতা সহ নানা ধরনের পরিপাকতন্ত্রের সংক্রমণ দেখা দিতে পারে। সমুদ্রের জলের তাপমাত্রা বাড়লেও কিছু রোগজীবাণুর বিস্তার বাড়তে পারে। উষ্ণ সমুদ্রের জলে ভিব্রিও গোত্রের ব্যাক্টেরিয়ার বৃদ্ধি ঘটতে পারে, যাতে দূষিত সামুদ্রিক খাবার খেলে মানুষের শরীরে গুরুতর সংক্রমণ ঘটাতে সক্ষম।

জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাতেও। খরা, বন্যা, অতিরিক্ত তাপমাত্রা এবং মাটির গুণগত পরিবর্তনের কারণে ফসলের ফলন কমতে পারে। তাতে খাদ্যের জোগান কমে দাম বাড়ার আশঙ্কা থাকে। দীর্ঘ খাদ্য সরবরাহ ব্যবস্থায় খামার থেকে কারখানা, কারখানা থেকে বাজার এবং বাজার থেকে ক্রেতার রান্নাঘর পর্যন্ত খাবার পৌঁছতে বিপুল শক্তি খরচ হয়। বিশেষত পচনশীল খাবার দীর্ঘ দূরত্বে নিয়ে যাওয়ার জন্য শীতলীকরণ ব্যবস্থা বা কোল্ড চেনের প্রয়োজন হয়। এই ব্যবস্থায় শক্তির ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমনও উল্লেখযোগ্য। ফলে খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা এক দিকে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের শিকার, অন্য দিকে সেই দূষণের অন্যতম উৎসও। খাদ্যের অপচয়ও এ সমস্যার একটি গুরুত্বপূর্ণ দিক। যে খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ ও পরিবহণে জল, শক্তি এবং অন্যান্য সম্পদ ব্যয় হয়েছে, তা নষ্ট হলে সে সম্পদেরও অপচয় হয়। আবার ভাগাড়ে জমে থাকা পচা খাবার থেকে মিথেন নির্গত হয়, যা শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। ফলে খাদ্যের অপচয়ও পরোক্ষে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের সমস্যা বাড়ায়।

দ্রুত নগরায়ণ, বায়ুদূষণ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন — এই তিনের মধ্যে সম্পর্ক রয়েছে বলেও একাধিক গবেষণায় উল্লেখ করা হয়েছে। শহরে সহজলভ্য প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাদ্য, সংরক্ষক ও অন্যান্য সংযোজকযুক্ত খাবার এবং কম আঁশযুক্ত খাদ্য অনেকের দৈনন্দিন খাদ্যতালিকার অংশ হয়ে উঠেছে। তার সঙ্গে শারীরিক পরিশ্রমের অভাব বা বসে থাকার প্রবণতা বাড়ছে। এ ধরনের জীবনযাপন অন্ত্রের অণুজীবের ভারসাম্য নষ্ট করতে পারে, অন্ত্রের স্বাভাবিক চলাচল বা পেরিস্টালসিসে প্রভাব ফেলতে পারে। ফলে কোষ্ঠকাঠিন্য, পেটের অস্বস্তি, হজমের সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। শিশু, প্রবীণ, আগে থেকেই পরিপাকতন্ত্রের অসুখে আক্রান্ত ব্যক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল — এমন মানুষেরা দূষণের প্রভাবে তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকতে পারেন। আবার যাঁদের আগে থেকেই অন্ত্রের সমস্যা, শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও দূষণের প্রভাব বেশি হতে পারে। আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষেরা অনেক সময় শিল্পাঞ্চলের কাছাকাছি বসবাস করতে বাধ্য হন। দূষণের সংস্পর্শ বেশি হওয়ার পাশাপাশি তাঁদের চিকিৎসার সুযোগও তুলনায় সীমিত।  গবেষকদের মতে, পরিবেশগত এই বৈষম্য স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রেও অসাম্য তৈরি করছে।

সমস্যার মোকাবিলায় এক দিকে যেমন দূষণ কমানোর নীতি প্রয়োজন, অন্য দিকে কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থাতেও পরিবর্তন জরুরি। গবেষকদের মতে, খামারে গোবর ও পশুবর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা, রাসায়নিক সারের নিয়ন্ত্রিত ব্যবহার, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর বদলে তা মাটিতে মিশিয়ে দেওয়া বা জৈব জ্বালানি তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে। ফসলের ধরন ও চাষের সময় বদলে এমন জাত বেছে নেওয়ার কথাও বলা হয়েছে, যেগুলি ওজ়োন দূষণের সর্বোচ্চ সময় এড়িয়ে বেড়ে উঠতে পারে। শহরাঞ্চলে সবুজ পরিসর বাড়ানোও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিজ্ঞানীরা। গাছের পাতা ও ফুলের উপর জমে থাকা ধুলো ও সূক্ষ্ম কণা উদ্ভিদের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বাধা দিতে পারে। তাই শুধু সৌন্দর্যায়নের জন্য নয়, দূষণ নিয়ন্ত্রণ এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও শহরে সবুজ অঞ্চল প্রয়োজন। বায়ুদূষণকে এত দিন মূলত শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এবং হৃদ্‌রোগের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। কিন্তু দূষিত বাতাসের প্রভাব যে মাঠের ফসল থেকে মানুষের খাবারের থালা, সেখান থেকে শরীরের পরিপাকতন্ত্র পর্যন্ত পৌঁছতে পারে, সাম্প্রতিক গবেষণা এমনই ভয়ংকর ছবি সামনে আনছে। ফলে দূষণ নিয়ন্ত্রণের প্রশ্নটি আর শুধু নির্মল বাতাসে শ্বাস নেওয়ার অধিকারে আটকে নেই। নিরাপদ খাদ্য, কৃষির ভবিষ্যৎ ও জনস্বাস্থ্যের সঙ্গেও তা ওতপ্রোত ভাবে জড়িত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!