- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৩, ২০২৬
ভেঙে দেওয়া পুরসভার সুপারিশে কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস ? রাজ্যের পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুরভোটের দিন ঘোষণা নিয়ে আইনি জটিলতা আরও বাড়ল । ভেঙে দেওয়া কলকাতা পুরসভার সুপারিশের ভিত্তিতে কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট । সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, যে পুরসভায় বর্তমানে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই, সেই পুরসভার কাছ থেকে কীভাবে আইনি বিধান মেনে সুপারিশ পাওয়া সম্ভব ? এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার ।
বর্তমানে কলকাতা পুরসভায় কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই । পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ায় সংস্থাটি ভেঙে দেওয়া হয়েছে । এই পরিস্থিতিতে পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে পুর কমিশনারের সুপারিশের বৈধতা নিয়েই মূলত প্রশ্ন উঠেছে । সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয় ।
উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । সেই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে গত ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেতা দীপু দাস । তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে । বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি । পাশাপাশি, পুরো প্রক্রিয়াটি আইন মেনে সম্পন্ন হয়নি বলে দাবি করেন মামলাকারী ।
মামলাকারীর আরও বক্তব্য, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সুপারিশ করার বৈধ ক্ষমতা পুর কমিশনারের নেই । তাই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্য সরকারের জারি করা ওয়ার্ড পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি ।
প্রথমে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয় । সেখানে সিপিএমের আবেদন মেনে পুরভোটের ঘোষণা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়নি । এরপর গত ৪ নভেম্বর সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান দীপু দাস। তাঁর আশঙ্কা ছিল, যে কোনও সময় কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে । একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে মামলার গুরুত্ব কার্যত হারিয়ে যাবে । সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পুরভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করে । আদালত জানায়, সিঙ্গল বেঞ্চে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না ।
হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । কলকাতা পুরসভার তরফেও পৃথকভাবে শীর্ষ আদালতে আবেদন জানানো হয় ।
সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা । তিনি জানান, হাই কোর্টে দায়ের হওয়া মামলায় কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়নি । বরং, ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণের পদ্ধতি নিয়েই আপত্তি জানানো হয়েছিল । তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাধীনভাবে কোনও সিদ্ধান্ত নেননি ।
নিজের সওয়ালের সমর্থনে ১০ সেপ্টেম্বরের একটি চিঠির কথাও আদালতে তুলে ধরেন রাজ্যের আইনজীবী । তিনি জানান, ওই চিঠিতে পুর কমিশনার উল্লেখ করেছিলেন যে, রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত সুপারিশ এবং সংশোধিত খসড়া সরকারের বিবেচনার জন্য পাঠানো হচ্ছে ।
এছাড়াও, ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে আপত্তি জানানোর সুযোগ এবং শুনানির ব্যবস্থা করা হয়েছিল বলে আদালতে দাবি করেন তুষার মেহতা । তাঁর বক্তব্য, আপত্তি শোনার জন্য রাজ্য সরকার ১০ জন আধিকারিককে নিয়োগ করেছিল। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়। দু’দফায় আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল । পাশাপাশি, সর্বদলীয় বৈঠকেরও আয়োজন করা হয়েছিল । রাজ্যের দাবি, সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে এবং প্রয়োজনীয় পদক্ষেপ মেনেই সম্পন্ন হয়েছে ।
তবে শুনানির এক পর্যায়ে রাজ্যের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী । তিনি জানতে চান, কলকাতা পুরসভা যদি ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়ে থাকে এবং সেখানে নির্বাচিত পুরসভার কোনও অস্তিত্ব না থাকে, তাহলে পুরসভার কাছ থেকে ৬০১ নম্বর ধারায় সুপারিশ নেওয়া হল কীভাবে ? যে সংস্থার নির্বাচিত বোর্ডের অস্তিত্বই নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে ?
সুপ্রিম কোর্টের এই প্রশ্নকে ঘিরেই মামলায় নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে । আপাতত কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা এবং পুরভোট ঘোষণার ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের পরবর্তী শুনানির উপর । আগামী বুধবার ফের মামলাটির শুনানি হবে শীর্ষ আদালতে ।
❤ Support Us






