- প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৪, ২০২৬
দিল্লি হিংসা মামলায় ছ-বছর ধরে জেলবন্দি, শরজিল-উমরের জামিনের আর্জি বুধবার শুনবে সুপ্রিম কোর্ট
২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির হিংসার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে প্রায় ছ-বছর ধরে বন্দি ছাত্রনেতা শরজিল ইমাম ও উমর খালিদ। এবার তাঁদের জামিনের আবেদন নিয়ে ২৫ নভেম্বর শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ)-এ দায়ের হওয়া মামলায় দিল্লি হাই কোর্টের জামিন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় কারাবন্দি থাকার পাশাপাশি তদন্তকারী সংস্থার তরফে সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে বিলম্বকেই জামিনের আবেদনের অন্যতম প্রধান যুক্তি হিসাবে তুলে ধরেছেন ইমাম ও খালিদ। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টের আগের নির্দেশে জামিনের আবেদন জানানোর ক্ষেত্রে যে এক বছরের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তা শেষ হওয়ার মুখে। অথচ এখনো পর্যন্ত সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। এ পরিস্থিতিতে তাঁদের অনির্দিষ্টকাল জেলে আটকে রাখা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের পরিপন্থী।
শরজিল ইমামের আবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এ মামলায় চার্জশিট জমা দিয়েছিল দিল্লি পুলিশ। মোট ১৮ জন অভিযুক্তের বিরুদ্ধে বিচার চলছে। তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য ৯০০-রও বেশি সাক্ষীর তালিকা পেশ করা হয়েছে। সে তালিকায় রয়েছেন ৪৭ জন সুরক্ষিত সাক্ষী। ইমামের দাবি, বিচারাধীন বন্দি হিসাবে দীর্ঘ ছয় বছর ন–মাস কারাবাস করলেও এখনো পর্যন্ত একজন সাক্ষীরও সাক্ষ্যগ্রহণ করা হয়নি। বিচারপ্রক্রিয়ার এমন দীর্ঘসূত্রতা তাঁর মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে বলে আবেদনে দাবি করেছেন তিনি। একই ভাবে সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে বিলম্বের বিষয়টি তুলে ধরেছেন উমর খালিদও। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এক বছরের সময়সীমা অতিক্রান্ত হলে নতুন করে জামিনের আবেদন জানানোর সুযোগ তৈরি হওয়ার কথা। কিন্তু তার পরেও যদি তাঁকে কারাগারে আটকে রাখা হয়, তা হলে তা ব্যক্তিস্বাধীনতার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হবে।
গত ৩০ সেপ্টেম্বর শরজিল ও উমরের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, সুপ্রিম কোর্টের ৫ জানুয়ারির নির্দেশের পরিপ্রেক্ষিতে তাদের পক্ষে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিচারবিভাগীয় শৃঙ্খলা মেনে চলতে তারা বাধ্য। ফলে শীর্ষ আদালতের নির্দেশের শর্ত পরিবর্তন করার এক্তিয়ার হাই কোর্টের নেই। গত ৫ জানুয়ারি জামিনের আবেদন খারিজ করার সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হলে অথবা নির্দেশ জারির এক বছর অতিক্রান্ত হলে, যে শর্তটি আগে পূরণ হবে, তার পর নতুন করে জামিনের আবেদন জানাতে পারবেন ইমাম ও খালিদ। সে নির্দেশের ভিত্তিতেই তাঁদের আবেদন বিবেচনার বিষয়টি স্থগিত রেখেছিল নিম্ন আদালতও।
এর আগে গত ৪ জুলাই নিম্ন আদালত তৃতীয় বারের জন্য ইমাম ও খালিদের জামিনের আবেদন খারিজ করেছিল। সে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাই কোর্টে গিয়েছিলেন তাঁরা। কিন্তু হাই কোর্টও জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে কোনোরকম স্বস্তি দেওয়ার সুযোগ তাদের নেই। নিম্ন আদালতের বক্তব্য ছিল, শীর্ষ আদালতের নির্দেশ মেনে চলা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। গত ৫ জানুয়ারি বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ শরজিল ও উমরের জামিনের আবেদন খারিজ করেছিল। একই মামলায় অভিযুক্ত অন্য পাঁচ জন — গুলফিশা ফতিমা, মীরান হায়দর, শিফা উর রহমান, মহম্মদ সেলিম খান এবং শাদাব আহমেদকে অবশ্য জামিন দিয়েছিল আদালত। দুই ছাত্রনেতার ভূমিকা অন্য অভিযুক্তদের তুলনায় পৃথক বলে পর্যবেক্ষণ করেছিল শীর্ষ আদালত। বৃহত্তর ষড়যন্ত্রের ক্ষেত্রে তাঁদের ‘আদর্শগত চালিকাশক্তি‘ (আইডিওলজিক্যাল ড্রাইভার) বলেও উল্লেখ করা হয়েছিল। ইউএপিএ-র অধীনে তাঁদের বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলা রয়েছে বলে জানিয়েছিল আদালত।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে আন্দোলন চলাকালীন উত্তর-পূর্ব দিল্লিতে ব্যাপক হিংসা ছড়িয়েছিল। ওই ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ৭০০-রও বেশি মানুষ। দিল্লি পুলিশের অভিযোগ, তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের সময় আন্তর্জাতিক স্তরে ভারতকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে ওই হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করা হয়েছিল। সেই বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম অভিযুক্ত হিসাবে শরজিল ইমাম ও উমর খালিদের নাম উঠে আসে। পুলিশের দাবি, আন্দোলনের সময় ইমামের দেওয়া বক্তৃতাগুলি সাম্প্রদায়িক বিভাজন ও আতঙ্কের পরিবেশ তৈরির উদ্দেশ্যে করা হয়েছিল। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন ইমাম, খালিদ দুজনেই। শরজিলের বক্তব্য, জামিয়া মিলিয়া ইসলামিয়া ও শাহিনবাগে দেওয়া তাঁর বক্তৃতাগুলিকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ব্যাখ্যা করা হয়েছে। একই রকম বক্তব্য উমর খালিদের। সেসব ছিল গণতান্ত্রিক প্রতিবাদের অংশ, হিংসায় উস্কানি দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়নি। পুলিশের অভিযোগের ভিত্তি নির্বাচিত কিছু বক্তব্যের ব্যাখ্যা বলেও দাবি করেছেন তিনি।
এ মামলায় সমাজকর্মী খালিদ সাইফি এবং আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন-সহ আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল মামলাটির তদন্ত করছে। ২০২০ সালের ২৫ অগস্ট গ্রেফতার করা হয় শরজিল ইমামকে। উমর খালিদ গ্রেফতার হন ওই বছরের ১৩ সেপ্টেম্বর। অন্যদিকে, একই মামলায় অভিযুক্ত আবদুল খালিদ সাইফি ও তসলিম আহমেদকে গত ২২ মে ছ–মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ‘ইউএপিএ’-র কঠোর জামিনের শর্তের কারণে বিচারাধীন বন্দিদের দীর্ঘদিন কারাবাসের বিষয়টি বৃহত্তর বেঞ্চের বিবেচনার জন্য পাঠিয়েছিল শীর্ষ আদালত। সব মিলিয়ে, দীর্ঘ কারাবাস, বিচারপ্রক্রিয়ার অগ্রগতি, সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে বিলম্ব — তিনটি বিষয়ই বুধবারের শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্টের আগের নির্দেশের পরিপ্রেক্ষিতে শরজিল ইমাম ও উমর খালিদের নতুন জামিনের আবেদনে শীর্ষ আদালত কী অবস্থান নেয়, এখন সে দিকেই নজর রয়েছে।
❤ Support Us








