Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৬

বাংলা অকাদেমিতে আর্থিক অনিয়ম, তদন্তের নির্দেশ দুর্নীতি দমন কমিশনের, নজরে ব্রাত্য

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলা অকাদেমিতে আর্থিক অনিয়ম, তদন্তের নির্দেশ দুর্নীতি দমন কমিশনের, নজরে ব্রাত্য

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বাংলা অকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসুর বিরুদ্ধে ফের নতুন অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এর আগে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল । এ বার তাঁর বিরুদ্ধে উঠল প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ । অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন ।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনের কাছে ব্রাত্য বসুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে । অভিযোগে দাবি করা হয়েছে, বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকাকালীন তিনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন । অকাদেমির বিভিন্ন পুরস্কার প্রদান থেকে শুরু করে বই প্রকাশ ও ছাপানোর কাজেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে ।

এই সংক্রান্ত বেশ কিছু নথিও অভিযোগের সঙ্গে কমিশনের দফতরে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । জমা পড়া নথিপত্র খতিয়ে দেখার পর অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন । ফলে বাংলা অকাদেমিকে কেন্দ্র করে ওঠা এই নতুন অভিযোগ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে ।

উল্লেখ্য, এর আগেও ব্রাত্য বসুর বিরুদ্ধে দুই মহিলাকে ফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল । অভিযোগকারিণীদের দাবি, তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় বদলি-সহ বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল । এই ঘটনায় ব্রাত্য বসুর বিরুদ্ধে জ়িরো এফআইআর দায়ের করা হয়েছে । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । তাঁর দাবি, অভিযোগকারিণীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না, এমনকি কখনও চোখেও দেখেননি ।

অন্যদিকে, ব্রাত্য বসু এবং রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে । পুজোর পাস সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল সেন । সেই ঘটনার পরেই তাঁর নামের সঙ্গে ব্রাত্য বসুর নাম জড়িয়ে দেওয়ার পিছনে ব্যক্তিগত যোগসাজশ ও রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে দাবি করেছিলেন ব্রাত্য ।

এক অভিযোগকারিণীকে নিশানা করে ব্রাত্য বসু পাল্টা দাবি করেছিলেন, ওই মহিলাই তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তাতে রাজি না হওয়ায় এমন অভিযোগ করা হচ্ছে । তাঁর কথায়, অভিযোগের সময়কাল নিয়েও প্রশ্ন রয়েছে । ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরেই তাঁর নাম এই বিতর্কে জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি ।

ব্রাত্য বসুর বক্তব্য, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে এবং এর পিছনে ব্যক্তিগত স্বার্থ বা প্রতিহিংসা কাজ করতে পারে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে আইনি পদক্ষেপ করার কথাও ভাবছেন ।

সব মিলিয়ে, যৌন হেনস্থার অভিযোগ থেকে শুরু করে কাটমানি বিতর্ক এবং এ বার বাংলা অকাদেমিতে আর্থিক অনিয়মের অভিযোগ—একাধিক বিতর্কে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাত্য বসু । তবে নতুন দুর্নীতির অভিযোগের তদন্ত এখনও প্রক্রিয়াধীন । অভিযোগগুলি প্রমাণিত হয়েছে, এমন কোনও তথ্য এখনও সামনে আসেনি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!