Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৬

দ্বিগুণ বেতনের দাবি খারিজ, মজুরি বাড়ল মাত্র ৩৬ শতাংশ ! বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে নতুন করে অশান্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিগুণ বেতনের দাবি খারিজ, মজুরি বাড়ল মাত্র ৩৬ শতাংশ ! বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে নতুন করে অশান্তি

দীর্ঘ আন্দোলন, কারখানায় কর্মবিরতি, প্রাণহানি, পুলিশের সঙ্গে ধারাবাহিক সংঘর্ষের পর বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার নিযুক্ত ‘মজুরি বোর্ড’। কিন্তু সে ঘোষণাতেও  শান্ত হচ্ছে না পরিস্থিতি। বরং নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকেই গাজীপুর, সাভার, আশুলিয়া সহ একাধিক একাধিক শিল্পাঞ্চলে নতুন করে বিক্ষোভে নামেন শ্রমিকেরা। কোথাও মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, কোথাও কারখানার বাইরে জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে এক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও খবর।

শ্রমিকদের একাংশের বক্তব্য, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের দাবি ছিল, মাসিক ন্যূনতম বেতন অন্তত ৩০ হাজার টাকা করতে হবে। দীর্ঘ আলোচনার পরে সে দাবি কমিয়ে ১৮ হাজার টাকা করা হলেও শেষ পর্যন্ত মজুরি বোর্ডের ভোটাভুটিতে ১৭ হাজার টাকার প্রস্তাবই গৃহীত হয়েছে। ফলে নতুন মজুরি কাঠামো ঘোষণার পরেও অসন্তোষের আগুন নেভেনি। শ্রমিকদের একাংশ কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমেছেন। পরিস্থিতির অবনতি ঠেকাতে একাধিক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একাধিক এলাকায় শ্রমিকেরা রাস্তায় নেমে পড়েন। সংলগ্ন এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মস্থলে যাওয়ার পথে বহু মানুষ আটকে পড়েন। বিকল্প রাস্তা ব্যবহার করেও যানজটের হাত থেকে রেহাই মেলেনি।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই বিক্ষোভকারীদের একাংশ তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। এর পরে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একই সময়ে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার একাধিক পোশাক কারখানাতেও অচলাবস্থা তৈরি হয়। বহু কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি। অভিযোগ, নতুন মজুরি কাঠামোয় অপারেটরদের বেতন তেমন বাড়েনি। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বেতন সংশোধন করা প্রয়োজন। শ্রমিকদের একাংশের ক্ষোভের অন্যতম কারণ, ন্যূনতম মজুরি বাড়লেও বিভিন্ন পদে কর্মরত শ্রমিকদের প্রকৃত আয় কতটা বাড়বে, তা নিয়ে সংশয় রয়েছে।

শুধু গাজীপুর নয়, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলেও একই ছবি। বুধবার সকালে নির্ধারিত সময়েই কারখানায় ঢুকে কাজে যোগ দিয়েছিলেন বহু শ্রমিক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের একাংশ কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। সকাল পৌনে ৯টা নাগাদ হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। বাগবাড়ি মোড়ে জমায়েত বাড়তে থাকায় যান চলাচল ব্যাহত হয়। আশপাশের সচল কারখানাগুলিতেও গিয়ে শ্রমিকদের কাজ ছেড়ে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীদের একাংশ। কয়েকটি কারখানার বাইরে থেকে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শ্রমিকেরা রাস্তা ছাড়তে রাজি না হওয়ায় তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ২২টি কারখানা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ‘কাজ নেই, মজুরিও নেই’ ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতির অবনতি, অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তবে নতুন মজুরিতে যে শ্রমিকেরা সন্তুষ্ট নন, তা স্বীকারও করেছেন তিনি। মঙ্গলবার গভীর রাতে বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল বলেন, ১৭ হাজার টাকা মজুরি তাঁদের প্রত্যাশা পূরণ করেনি। কিন্তু বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত মেনে নিয়ে আপাতত নতুন বেতন কাঠামো কার্যকর করার দিকে নজর দেওয়া উচিত। তাঁর মতে, ‘আসলে এটা সন্তুষ্টির জন্য নয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যা হয়েছে, তা যাতে দ্রুত সব কারখানায় কার্যকর হয়, সেটাই এখন আমাদের প্রধান আহ্বান।’ শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আরও কোনো দাবি বা বক্তব্য থাকলে কাজে ফিরে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত। মালিকেরা শ্রমিকদের কথা না শুনলে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করে গণতান্ত্রিক ও সাংগঠনিক পদ্ধতিতে আন্দোলন চালানোর পরামর্শও দিয়েছেন তিনি।

তবে বাবুলের এ আহ্বানে যে শ্রমিক সংগঠনগুলির সব পক্ষ সায় দিচ্ছে, এমন নয়। ‘সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক খাদিজা আখতার স্পষ্ট জানিয়েছেন, ১৭ হাজার টাকা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্য, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, তাতে এ মজুরিতে শ্রমিকদের পক্ষে সংসার চালানো কঠিন। শ্রমিকদের দাবি ছিল ৩০ হাজার টাকা। আলোচনার পর তা কমিয়ে ১৮ হাজার টাকা করা হয়েছিল। অথচ শেষ পর্যন্ত ১৭ হাজার টাকাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। যদিও ভোটাভুটিতে ১৭ হাজার টাকার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বোর্ডের চেয়ারম্যান ওই সিদ্ধান্ত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন খাদিজা। তাঁর বক্তব্য, সিদ্ধান্তের বিরোধিতা থাকলেও বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করে দেওয়ার পরে আপাতত তা মেনে নেওয়া ছাড়া তাঁদের সামনে বিশেষ কোনো পথ নেই।

সরকারের তরফে জানানো হয়েছে, নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার পর জানুয়ারি মাসে সংশোধিত বেতন পাবেন শ্রমিকেরা। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, ডিসেম্বরের ১ তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। সেই অনুযায়ী জানুয়ারির বেতন দেওয়ার সময় সংশোধিত মজুরির বিষয়টি বিবেচনায় রাখা হবে। পাশাপাশি বকেয়া পাওনা, বার্ষিক বেতনবৃদ্ধির বিষয়গুলিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের বিষয়টিও বোর্ডের বিবেচনায় রয়েছে।  অন্য দিকে, নতুন মজুরি ঘোষণার পরেও কেউ আন্দোলন চালিয়ে গেলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন বাবুল আখতার। তবে অতীতের মতো শ্রমিকদের আন্দোলন দমনে গুলি চালানো, গণহারে ছাঁটাই, সাময়িক বরখাস্ত কিংবা মামলা করার ঘটনা এ বার ঘটেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশের পোশাকশিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সূত্রপাত হয়েছিল ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিকে কেন্দ্র করে। গত ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠনের পাশাপাশি পুরনো বোর্ড পুনর্গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠকে ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার কথা জানানো হলে কিছু এলাকায় শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন। কিন্তু তাতেও অসন্তোষ পুরোপুরি কাটেনি। সাভার, আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন কারখানায় কাজ বন্ধ রাখা ও বিক্ষোভের খবর আসতে থাকে। ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। পরবর্তী বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব পেশ করার কথা থাকলেও সে সময়ে তা জমা পড়েনি। পরে ২৩ নভেম্বর বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার সুপারিশ করে। দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার রাতে সেই প্রস্তাব সংশোধন করে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বাংলাদেশের পোশাকশ্রমিকদের আগের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তখন মাসিক ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। অর্থাৎ, বৃদ্ধির হার ছিল ৫৬.২৫ শতাংশ। এ বার সে তুলনায় অনেক কম, ৩৬ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। শ্রমিকদের একাংশের অভিযোগ, খাদ্য, বাসস্থান, পরিবহণ ও চিকিৎসার খরচের নিরিখে নতুন মজুরি যথেষ্ট নয়।

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষের মধ্যেই বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে জল্পনা আর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের রাজনৈতিক তৎপরতার খবর সামনে আসায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় মিছিল, জমায়েত, পথ অবরোধ, বিক্ষোভের ঘটনা ঘটছে। এর নেপথ্যে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের একাংশের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছে তারেক রহমানের পুলিশ প্রশাসন। তাদের আশঙ্কা, আগামী দিনে এ ধরনের বিচ্ছিন্ন হামলা ও অশান্তির ঘটনা আরও বাড়তে পারে।  বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থাতেও। সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, সন্দেহজনক যাতায়াত রুখতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি চালাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিজিবি-কে একাধিক বার সতর্ক থাকার বার্তা দিয়েছে বিএসএফ।

বাংলাদেশের প্রশাসনের একাংশের ধারণা, শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁদের কেউ কেউ গোপনে দেশে ফিরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারেন বলেও আশঙ্কা করছে ঢাকা। সে কারণেই সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পুলিশ সদর দফতর থেকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলির পুলিশকর্তাদের সঙ্গে অনলাইন বৈঠক করেন পুলিশের আইজিপি মোহাম্মদ আলি হোসেন ফকির। ওই বৈঠকে সীমান্তবর্তী ৩০টি জেলার পুলিশকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সীমান্ত এলাকায় টহলদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ ভাবে মানুষ পারাপারের সঙ্গে যুক্ত দালালদের গতিবিধির উপরেও নজর রাখতে বলা হয়েছে। অস্ত্র পাচার বন্ধ করার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দফতর। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের একাধিক এলাকায় রাজনৈতিক বিক্ষোভ ও শ্রমিক আন্দোলন একসঙ্গে প্রশাসনের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পোশাকশ্রমিকদের আন্দোলনের পাশাপাশি আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মিছিল ও জমায়েত সামলাতেও ব্যস্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোথাও কোথাও আধাসেনা বাহিনীকেও নামাতে হচ্ছে।

এর আগে গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ার মতো আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এলাকাতেও অশান্তির খবর সামনে এসেছে। গত সপ্তাহে সেখানে অস্ত্র হাতে মিছিল করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সংঘর্ষের মধ্যে থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুড়েছে স্থানীয় বিএনপি নেতার বাড়ি। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার স্বাভাবিক কাজকর্ম আপাতত অন্য থানা থেকে পরিচালনা করা হচ্ছে। ওই দুই থানা কবে থেকে ফের পুরোদমে চালু হবে, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জে রেল পরিষেবাও বন্ধ রয়েছে। কবে তা পুনরায় চালু হবে, সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি প্রশাসন। সব মিলিয়ে, এক দিকে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ, অন্যদিকে রাজনৈতিক সংঘাত, সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ — তিন দিক থেকেই চাপ বাড়ছে তারেক রহমানের সরকারের ওপর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!