Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৬

প্রকাশ্যে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মর্মান্তিক কাহিনী, নিহত দুই দেশের ৭ লক্ষেরও বেশি সেনা

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রকাশ্যে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মর্মান্তিক কাহিনী, নিহত দুই দেশের ৭ লক্ষেরও বেশি সেনা

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া ও ইউক্রেন। দীর্ঘ ৫ বছর ধরে চলা এই যুদ্ধে দুই দেশই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। অর্থনৈতিক দিয়ে ইউক্রেনের বেশি ক্ষতি হলেও সৈন্যের দিক দিয়ে রাশিয়ার বেশি। চলমান যুদ্ধে দুই দেশের মোট ৭ লক্ষেরও বেশি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে রুশবাহিনী ক্ষতি বেশি। যুদ্ধে প্রায় ৫ লক্ষ রুশ সৈন্য নিহত হয়েছেন, প্রায় ১ হাজার আত্মহত্যা করেছেন। অন্যদিকে, ইউক্রেনের নিহত হয়েছেন ২ লক্ষ সেনা। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ সরকারি ডেটাবেসে অনেক মৃত্যুর তথ্য দেরিতে নথিভুক্ত করা হয়।

জার্মান পত্রিকা ‘‌ডের স্পিগেল’‌ এবং বেশ কয়েকটি রুশ গণমাধ্যম এই তথ্য বিশ্লেষণ করেছে। এই তথ্য রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের সিস্টেম থেকে চুরি করা নথি থেকে সংগ্রহ করা হয়েছে। সাইবারপার্টিজানস এবং সাইলেন্ট ক্রো নামের হ্যাকার গোষ্ঠীগুলি রসস্ট্যাটের সিস্টেমে অনুপ্রবেশ করে এই তথ্য চুরি করেছে বলে জানা গেছে। এই গোষ্ঠীগুলি বেলারুশীয় বিরোধী সংগঠন এবং ইউক্রেনপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত।

প্রতিবেদন অনুসারে, হ্যাকাররা একটা রুশ সরকারি সংস্থার ডেটাবেস থেকে মৃত্যুর নথি হাতিয়ে নিয়েছে। এই নথিগুলি ২০২৩ সালের জুন থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময়কালের। গণমাধ্যমগুলি মৃত্যুর কারণ, মৃত্যুর স্থান এবং ব্যক্তির পেশার মতো তথ্যের ভিত্তিতে সামরিক মৃত্যুর সংখ্যা গণনা করেছে। এই তথ্য অনুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ৪ লাখ ৯০ হাজারেরও বেশি রুশ সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে যুদ্ধে নিহতদের পাশাপাশি আঘাতজনিত এবং সামরিক অভিযানে মৃত্যুর রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ান সংবাদমাধ্যম মিডিয়াজোনা এবং মেদুজা হ্যাকারদের কাছ থেকে প্রাপ্ত ডেটা পরীক্ষা করেছে। তারা এটাকে চার ধরনের রেকর্ডের সঙ্গে তুলনা করেছে, সামরিক মৃত্যু তালিকা, রাশিয়ান ঐতিহ্য রেকর্ড, বেসামরিক মৃত্যু সংক্রান্ত অন্যান্য ফাঁস হওয়া নথি এবং রসস্ট্যাট থেকে পূর্বে প্রকাশিত ডেটা। তদন্তে দেখা গেছে যে, ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সামরিক মৃত্যু তালিকায় নথিভুক্ত ৯৫.১% মৃত্যু হ্যাক করা ডেটাবেসেও নথিভুক্ত ছিল। এর ফলে সংবাদমাধ্যমগুলি ডেটাটিকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করেছে।

নভেম্বরের শুরুতে রসস্ট্যাট তাদের সিস্টেমে একটা সাইবার হামলার কথা স্বীকার করলেও, কোনও তথ্য চুরির কথা অস্বীকার করেছে। এদিকে, গণমাধ্যমগুলি হ্যাকারদের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির একটা আনুমানিক হিসাব দিয়েছে। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, ২০২৬ সালের জুলাই মাসে অনুমান করেছিল যে যুদ্ধে ৪ লক্ষ থেকে সাড় ৪ লক্ষ রুশ সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে, আনুমানিক ১ লক্ষ ২৫ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। মিডিয়াজোনা এখন পর্যন্ত নাম উল্লেখ করে ২৮৯১৩৬ জন রুশ সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, ইউক্রেনীয় ওয়েবসাইট ইউএ লসেস ১০৬২৮৫ জন ইউক্রেনীয় সৈন্যকে মৃত হিসেবে তালিকাভুক্ত করেছে। এই ওয়েবসাইটগুলি মনে করে যে তাদের তালিকাও অসম্পূর্ণ।

তবে ইউক্রেনের সঙ্গে চলমান দীর্ঘ যুদ্ধের মাঝে রুশ সেনাবাহিনীতে ক্রমবর্ধমান মানসিক চাপ এবং পতনশীল মনোবল সম্পর্কে একটা চাঞ্চল্যকর সত্য সামনে এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা থেকে ফাঁস হওয়া গোপনীয় তথ্য বিশ্লেষণে জানা গেছে যে, পুরোদস্তুর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১০৮৭ জন রুশ সৈন্য আত্মহত্যা করেছে। এই সংখ্যাটি প্রায় একটা সম্পূর্ণ রুশ সামরিক রেজিমেন্টের সমান। বেলারুশীয় ও ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠীগুলির হাতে আসা ১১ মিলিয়নেরও বেশি মৃত্যু সনদ পরীক্ষা করে এই তথ্য প্রকাশ পেয়েছে। এই আত্মহত্যাগুলির মধ্যে অন্তত ৬১৪টি ইউক্রেনের অধিকৃত অঞ্চল বা সংলগ্ন রুশ সীমান্ত অঞ্চলে নথিভুক্ত করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!