- দে । শ
- নভেম্বর ২৬, ২০২৬
বিনামূল্যের রেশনেও অনিয়মের অভিযোগে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ
একশো দিনের কাজ, আবাস যোজনা কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পে ভুয়ো ও অযোগ্য উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করা এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ আগেই উঠেছিল পশ্চিমবঙ্গে। এ বার সেই অভিযোগের তালিকায় যুক্ত হল কেন্দ্রের বিনামূল্যে রেশন প্রকল্পও। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই)-র সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনিয়ম খতিয়ে দেখতে দেশজুড়ে সমীক্ষা চালিয়েছিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। সেই সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অযোগ্য উপভোক্তার অনুপাতের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। অভিযোগ, এ রাজ্যে এমন বহু পরিবার বিনামূল্যে রেশন তুলছে, যাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কোনও যোগ্যতাই নেই। তালিকায় রয়েছেন শীতাতপ নিয়ন্ত্রিত বাড়ি ও চারচাকা গাড়ির মালিক, এমনকি সরকারি চাকুরিজীবীরাও।
কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শহর এবং গ্রামীণ এলাকায় মোট ৫১ হাজার ৩০৩ জন রেশন উপভোক্তা এবং ভিজিল্যান্স কমিটির ২ হাজার ৩৬ জন সদস্যের সঙ্গে কথা বলা হয়। পাশাপাশি নজরদারির আওতায় আনা হয়েছিল ৪ হাজার ৯৩৯টি ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান এবং ২৪৫টি খাদ্যশস্যের গুদাম। সমীক্ষায় দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে ৩৯.৫ শতাংশ উপভোক্তা পিএমজিকেএওয়াই প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মাপকাঠি পূরণ করেন না। শতাংশের হিসাবে গোটা দেশের মধ্যে এই হার সর্বোচ্চ। পশ্চিমবঙ্গের পরেই রয়েছে ত্রিপুরা (৩৯.২ শতাংশ), তামিলনাড়ু (৩৮.৭ শতাংশ), মেঘালয় (২৮.৫ শতাংশ) এবং বিহার (২৫.৫ শতাংশ)।
উল্লেখ্য, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন চালু হয়েছিল ২০১৩ সালে, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে। সেই সময় এই আইনের আওতায় দরিদ্র পরিবারগুলিকে রেশনের মাধ্যমে প্রতি কেজি চাল ৩ টাকা এবং গম ২ টাকা দরে দেওয়া হত। পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর করোনা অতিমারির পরিস্থিতিতে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নেয়। ২০২০ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ঘোষণা করা হয় এবং ওই বছরের এপ্রিল থেকে প্রকল্পটি কার্যকর হয়। পরে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও পাঁচ বছরের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।
এই প্রকল্পের আওতায় অন্ত্যোদয় অন্ন যোজনার অন্তর্ভুক্ত পরিবারগুলিকে প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। অন্য দিকে, প্রায়োরিটি হাউসহোল্ড বা অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের সদস্যরা মাথাপিছু মাসে ৫ কেজি করে চাল বা গম বিনামূল্যে পান। গত অক্টোবর মাসের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে প্রায় ৭৮.৬৩ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ২০২৫-২৬ অর্থবর্ষে খাদ্য ভর্তুকি বাবদ কেন্দ্রীয় সরকারের ব্যয় হয়েছে ২.২৮ লক্ষ কোটি টাকা। খাদ্য ভর্তুকির জন্য মোট বরাদ্দ ছিল ৪.৬৯ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, মোট ভর্তুকি বরাদ্দের প্রায় অর্ধেকই খরচ হয়েছে এই খাতে। সেই বিপুল অর্থের একটি অংশ অযোগ্য উপভোক্তাদের পিছনে ব্যয় হচ্ছে বলে সমীক্ষার রিপোর্টে ইঙ্গিত মিলেছে।
কিন্তু কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য? পিএমজিকেএওয়াইয়ের আওতায় মূলত দুটি শ্রেণির পরিবার রয়েছে—অন্ত্যোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড। সমাজের সবচেয়ে দরিদ্র, অসহায় এবং প্রান্তিক মানুষদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই অন্ত্যোদয় অন্ন যোজনা চালু করা হয়েছিল। এ রাজ্যে যাঁদের মাথার উপরে স্থায়ী ছাদ নেই, যাঁরা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করেন, ভূমিহীন ও প্রান্তিক কৃষক, রিকশাচালক, কুলি, মালবাহক, সাফাইকর্মী, মুচি কিংবা হকারের মতো অসংগঠিত ক্ষেত্রের দৈনিক মজুরির উপর নির্ভরশীল কর্মীরা এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হন। এ ছাড়াও বিধবা, মরণাপন্ন রোগী, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, নাবালক কিংবা ষাটোর্ধ্ব ব্যক্তির উপার্জনের উপর নির্ভরশীল পরিবার এবং যেসব পরিবারের নির্দিষ্ট আয়ের কোনও উৎস নেই, তারাও এই সুবিধা পাওয়ার অধিকারী।
অন্য দিকে, প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আর্থিক ও সামাজিক মাপকাঠির ভিত্তিতে উপভোক্তাদের চিহ্নিত করা হয়। পরিবারের ১৮ বছরের বেশি বয়সি মহিলাকে পরিবারের প্রধান হিসেবে বিবেচনা করা হয় এবং সংশ্লিষ্ট পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়। পরিবারের কোনও সদস্যের মাসিক আয় গ্রামীণ এলাকায় ১০ হাজার টাকা এবং শহরাঞ্চলে ১৫ হাজার টাকার বেশি হলে সেই পরিবার এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হয়। পরিবারের কোনও সদস্য স্থায়ী সরকারি চাকরি করলে কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থা, পুরসভা বা পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনিক প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও রেশন প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা থাকে না। আয়কর বা পেশাগত কর প্রদানকারী পরিবারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
এ ছাড়াও পরিবারের মালিকানায় পাকা দেওয়াল ও ছাদ-সহ তিনটি বা তার বেশি ঘরবিশিষ্ট বাড়ি থাকলে, চারচাকা গাড়ি কিংবা একাধিক মোটরচালিত নৌকা বা ট্রলার থাকলে সেই পরিবারকে অযোগ্য হিসেবে গণ্য করা হয়। বাড়িতে ট্র্যাক্টর, কৃষিকাজের জন্য নির্দিষ্ট যন্ত্রপাতি কিংবা নির্ধারিত সীমার বেশি সেচযুক্ত জমি থাকলেও রেশন পাওয়ার অধিকার থাকে না। পাশাপাশি ২ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার বিদ্যুৎ সংযোগ এবং নির্দিষ্ট সীমার বেশি বিদ্যুৎ খরচও অযোগ্যতার মাপকাঠির মধ্যে পড়ে।
অথচ কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সমীক্ষায় উঠে এসেছে, এই সমস্ত শর্ত পূরণ না করেও বহু পরিবার নিয়মিত বিনামূল্যে রেশন সংগ্রহ করছে। কারও বাড়িতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, কারও রয়েছে চারচাকা গাড়ি। এমনকি সরকারি চাকরি করেন, এমন ব্যক্তিরাও উপভোক্তার তালিকায় রয়েছেন বলে সমীক্ষায় অভিযোগ করা হয়েছে। জাতীয় স্তরে সমীক্ষার আওতায় আসা উপভোক্তাদের মধ্যে ১৩.২ শতাংশকে পিএমজিকেএওয়াইয়ের সুবিধা পাওয়ার অনুপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনার ক্ষেত্রে এই হার ১২.২ শতাংশ এবং প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে ১৩.৪ শতাংশ। গ্রামীণ এলাকার তুলনায় শহরাঞ্চলে অনিয়মের হারও বেশি। গ্রামীণ এলাকায় তা ১২.৫ শতাংশ হলেও শহরাঞ্চলে এই হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৬ শতাংশে।
খাদ্য মন্ত্রকের রিপোর্টে এই ধরনের ঘটনাকে ‘ইনক্লুশন এরর’ বা অযোগ্য উপভোক্তাদের তালিকায় অন্তর্ভুক্তির ত্রুটি হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, যাঁদের প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়, তাঁরাও উপভোক্তার তালিকায় জায়গা করে নিয়েছেন। কিন্তু কী ভাবে এমন ঘটনা ঘটল এবং এর দায় কার? এই প্রশ্নে রাজ্যগুলির দিকেই আঙুল তুলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। রিপোর্টে বলা হয়েছে, উপভোক্তাদের নাম নথিভুক্ত করা এবং যোগ্যতার মাপকাঠি যাচাইয়ের দায়িত্ব মূলত রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এই প্রকল্পে মোট কত জন উপভোক্তা সুবিধা পাবেন, সেই সংখ্যা কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু কারা প্রকল্পের জন্য যোগ্য হবেন, তার মাপকাঠি নির্ধারণ এবং উপভোক্তাদের তালিকা তৈরির দায়িত্ব ছিল রাজ্যগুলির হাতেই। ফলে নির্ধারিত যোগ্যতার আওতায় না থাকা ব্যক্তিরা কী ভাবে তালিকায় জায়গা পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সমীক্ষার এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল সরকারের আমলে বিনামূল্যের রেশন প্রকল্পেও অযোগ্য উপভোক্তাদের নাম থাকার অভিযোগ রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। যদিও বিরোধীদের হাতে এই রিপোর্ট নতুন অস্ত্র তুলে দিলেও পাল্টা যুক্তি দেওয়ার জায়গাও রয়েছে। কারণ, অযোগ্য উপভোক্তার তালিকার প্রথম পাঁচে রয়েছে বিজেপিশাসিত ত্রিপুরা এবং বিহারও। ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য রাজ্যগুলিতেও রেশন বণ্টন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। পাঠানো টেক্সট মেসেজেরও কোনও উত্তর পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। অন্য দিকে, রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, কী কারণে এমন অনিয়ম ঘটেছে, তা জানতে চেয়ে খাদ্য দফতরের সচিবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় সমীক্ষার এই তথ্যের ভিত্তিতে রাজ্য সরকার কী পদক্ষেপ করে, এখন সে দিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
❤ Support Us







