- দে । শ
- নভেম্বর ২৬, ২০২৬
মুম্বাইয়ে অনুমতিহীন বিক্ষোভ ! সৌরভের পর অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও লুকআউট নোটিস
মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুমতি ছাড়া বিক্ষোভ কর্মসূচি আয়োজনের ঘটনায় ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আরও দুই নেতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ। এর আগে একই ঘটনায় দলের সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি হয়েছিল। সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনাসভায় যোগ দিতে যাওয়ার কথা ছিল সৌরভের। ভারতে ‘ককরোচ আন্দোলন’ ও তার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। তাঁর পাসপোর্টের তথ্য নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে কেন্দ্র সরকার জানিয়েছে, ভবিষ্যতে সৌরভের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। সে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মুম্বাই পুলিশের অনুরোধেই সৌরভের বিরুদ্ধে ওই সার্কুলার জারি করা হয়েছিল।
গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বাইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল ‘সিজেপি’। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু জমায়েতের অনুমতি দেয়নি মুম্বই পুলিশ। তা সত্ত্বেও নির্ধারিত দিনে সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা। পুলিশের দাবি, ওই দিন শিবাজি পার্কে চার হাজারেরও বেশি মানুষ জমায়েত হয়েছিলেন। এই ঘটনায় ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় এফআইআর দায়ের হয়। তাতে দলের একাধিক নেতার নামের পাশাপাশি ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় সমর্থকের উল্লেখ রয়েছে। এফআইআরে ‘সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, প্রণব আহিরে, আশুতোষ রাঙ্কা, অজিঙ্ক্য শিন্ডে, সৌরভ দাস, আফরিন নওয়াজ, সৌম্য কোরদে, অঙ্কিত ভরদ্বাজ, বিজয় মালাঙ্গি, যোগেশ ইঙ্গলের নাম রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ ও ২২৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বেআইনি জমায়েত, সরকারি কর্মচারীর জারি করা নির্দেশ অমান্য করার অভিযোগে একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭ ও ১৩৫ ধারাতেও মামলা দায়ের হয়েছে। এ বার সে মামলার সূত্রেই অভিজিৎ ও আশুতোষের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের বক্তব্য, অভিযুক্ত ‘ককরোচ’ নেতারা দেশ ছেড়ে চলে যেতে পারেন বলে আশঙ্কা ছিল। সে কারণেই এই পদক্ষেপ।
সৌরভের দাবি, বিমানবন্দরে পৌঁছনোর পরেই প্রথম জানতে পারেন যে তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি রয়েছে। এ ঘটনার পর দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ‘সিজেপি’ নেতা। বৃহস্পতিবার আদালতে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। বিচারপতি অমিত মহাজনের এজলাসে তিনি জানান, মুম্বই পুলিশের অনুরোধেই সৌরভের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। তবে শুধু শিবাজি পার্কের বিক্ষোভ সংক্রান্ত মামলাই নয়, সৌরভের পাসপোর্টের তথ্য নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে বলে আদালতে জানায় কেন্দ্র। সরকারের বক্তব্য, সৌরভের স্কুলশিক্ষা, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত নথিতে অসঙ্গতি রয়েছে। পাসপোর্টে ভুল তথ্য দেওয়া কিংবা প্রয়োজনীয় তথ্য গোপন করার অভিযোগ আইনত অপরাধ বলে দাবি কেন্দ্র সরকারের। এই সমস্ত অসঙ্গতি খতিয়ে দেখার পরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে আদালতে জানানো হয়েছে। এমনকি, নথির অসঙ্গতি থেকে ভবিষ্যতে সৌরভের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে।
সূত্রের খবর, পাসপোর্ট সংক্রান্ত অভিযোগের বিষয়ে সৌরভকে কারণ দর্শানোর নোটিসও পাঠানো হয়েছে। চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর থেকে পাঠানো ওই নোটিসে তাঁর জন্মস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ রয়েছে সৌরভের। তবে কেন্দ্রের বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন সৌরভের আইনজীবী অখিল সিব্বল। তাঁর দাবি, সৌরভকে কোনো লুকআউট সার্কুলারের প্রতিলিপি দেওয়া হয়নি। এমনকি, তাঁর বিরুদ্ধে এ ধরনের কোনো সার্কুলার জারি হয়েছে, সে কথাও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। তার আগে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কোনও নির্দেশ বা তার কারণ সম্পর্কে তাঁকে অবহিত করা হয়নি বলে আদালতে অভিযোগ করেন সিব্বল।
তাঁর প্রশ্ন, কোনো নাগরিকের বিরুদ্ধে বিদেশযাত্রায় বাধা দেওয়ার মতো পদক্ষেপ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তা জানানোর প্রয়োজন নেই কি? আদালতে সিব্বল বলেন, ‘কোনো নথি দেওয়া হয়নি। অন্তত কাউকে তো জানাতে হবে যে তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার রয়েছে। নাগরিকদের সঙ্গে এ ভাবে আচরণ করা হবে কেন?’ আদালতের কাছে লুকআউট সার্কুলারের প্রতিলিপি চেয়ে আবেদন জানান তিনি। কবে ওই সার্কুলার জারি করা হয়েছিল, কোন অভিযোগের ভিত্তিতে তা জারি হয়েছে, বিদেশযাত্রায় বাধা দেওয়ার নির্দিষ্ট কারণ কী, সেসব তথ্যও জানতে চান তিনি। পাল্টা কেন্দ্রের তরফে জানানো হয়, ওই সার্কুলারের প্রতিলিপি আদালতে পেশ করা সম্ভব নয়। সৌরভ চাইলে পৃথক আইনি প্রক্রিয়ায় সার্কুলারের বৈধতাকে চ্যালেঞ্জ করতে পারেন। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, সৌরভের বিরুদ্ধে লুকআউট সার্কুলারটি জারি হয়েছিল ২২-২৩ নভেম্বরের রাতে। অর্থাৎ, শিবাজি পার্কের বিক্ষোভের ঘটনায় এফআইআর দায়ের হওয়ার সাত সপ্তাহেরও বেশি সময় পরে এ পদক্ষেপ করা হয়। বৃহস্পতিবার দুই পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় সরকার এবং মুম্বাই পুলিশের কাছে তাদের অবস্থান জানানোর বিষয়ে নির্দেশ দিয়েছে। আগামী ৯ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।
সাধারণত কোনো ব্যক্তির বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের তদন্ত চলাকালীন তিনি ইচ্ছাকৃত ভাবে গ্রেফতার এড়িয়ে চললে, জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আদালতে হাজির না হলে এবং তাঁর দেশ ছেড়ে পালানোর আশঙ্কা থাকলে তদন্তকারী সংস্থা লুকআউট সার্কুলার জারির আবেদন করতে পারে। লুকআউট সার্কুলার জারি হলে দেশের বিমানবন্দর-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রস্থানপথে অভিবাসন দফতরের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এ ধরনের সার্কুলার জারির জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। সাধারণত জেলা পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার কোনো আধিকারিক সেই আবেদন অনুমোদন করেন। তবে কোনো ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা না করেই তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা যায় কি না, তা নিয়ে অতীতেও একাধিক বার আদালতের দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২ অক্টোবরের ‘ককরোচ’দের কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘চলো মুম্বাই’। সমাবেশে উপস্থিত ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, চলচ্চিত্র পরিচালক আনন্দ পটবর্ধন। বক্তব্য রেখেছিলেন অভিজিৎ দীপকে। সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাও সমাবেশে উপস্থিত ছিলেন। পুলিশের দাবি, পরিস্থিতি সামাল দিতে সে দিন প্রায় ৩০০ পুলিশকর্মী ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল। শিবাজি পার্কের দিকে যাওয়ার রাস্তাগুলিও বন্ধ করে দেওয়া হয়। যদিও কাউকে আটক করা হয়নি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই কর্মসূচি শেষ হয়। মঞ্চ থেকেই সে দিন মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়েছিলেন দীপকে। তাঁর মন্তব্য ছিল, ‘আমরা মুম্বাই পুলিশকে ভালবাসি। দিল্লি পুলিশের মতো তারা নিষ্ঠুর আচরণ করেনি।’
❤ Support Us





