Advertisement
  • পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
  • নভেম্বর ২৯, ২০২৬

আকাশ কিছুটা মেঘলা, মুখ ঢেকে যায় ন্যায় আর যুক্তির

হিলাল উদ্দিন লস্কর
আকাশ কিছুটা মেঘলা, মুখ ঢেকে যায় ন্যায় আর যুক্তির

যে কোনো সমাজ বদলের ধারায় কিছু শাশ্বত আদর্শ ও মূল্যবোধ অপরিবর্তিত থেকে যায়, যার প্রাসঙ্গিকতা সর্বকালেই অনস্বীকার্য। ‘সামাজিক ন্যায়’ তেমনই একটি সর্বজনীন আর মৌলিক আদর্শ। সমাজ কতটা উন্নত, সভ্য কিংবা গণতান্ত্রিক, তা কেবল তার অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্পায়ন বা প্রযুক্তিগত অগ্রগতির নিরিখে মাপা যায় না; তা নির্ভর করে সমাজের প্রতিটি মানুষ কতটা আত্মমর্যাদা, মৌলিক অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ও সমান সুযোগ নিয়ে জীবনযাপন করতে পারছে, তার ওপর। অর্থাৎ, প্রগতিশীল সমাজের রূপান্তরকে সঠিক দিশা দেখিয়ে অর্থবহ করে তোলে সামাজিক ন্যায়বিচার।

অমর্ত্য সেন তাঁর ‘দ্য আইডিয়া অফ জাস্টিস’ গ্রন্থে ন্যায়বিচারের ধারণা নিয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব তুলে ধরেছেন। এ তত্ত্বের মর্মার্থ — পরম বা পূর্ণাঙ্গ ন্যায়ের সর্বসম্মত সংজ্ঞা নির্ধারণ করা কঠিন হলেও, সমাজের কোথায় অন্যায়, বঞ্চনা ও অবিচার সংঘটিত হচ্ছে, তা অনেক ক্ষেত্রে সহজে চিহ্নিত করা সম্ভব। এর উদাহরণ, ভারতীয় সমাজে ধনী ও দরিদ্রের ক্রমবর্ধমান ব্যবধান, শিক্ষা ও কর্মসংস্থানের অসসম সুযোগ এবং সামাজিক মর্যাদার বৈষম্য প্রকট অন্যায়ের সুস্পষ্ট দৃষ্টান্ত। যখন সমাজের সম্পদ, ক্ষমতা ও সুযোগ-সুবিধা কোনো বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়, তখন সমাজে বঞ্চনা ও শোষণ জন্ম নেয়। ফলে গণতন্ত্রের বাহ্যিক বা আনুষ্ঠানিক কাঠামো বজায় থাকলেও তার অন্তর্নিহিত ন্যায়বোধ ও আদর্শ দুর্বল হয়ে পড়ে।

সাধারণ অর্থে, সামাজিক ন্যায় বলতে সমাজের প্রতিটি মানুষের সমান মানবিক মর্যাদা, মৌলিক অধিকার, সুযোগ এবং ন্যায্য আচরণ নিশ্চিত করা। এটি কেবল আইনের চোখে সকলকে সমান বিবেচনা করার মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ, মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান এক নয়। কেউ জন্মের পর থেকে শিক্ষা, সম্পদ ও সামাজিক মর্যাদার অনুকূল পরিবেশ পায়, আবার কেউ দারিদ্র্য, জাতপাত, লিঙ্গবৈষম্য কিংবা ঐতিহাসিক বঞ্চনার কারণে পিছিয়ে থাকে। এখানে সমতা এবং ন্যায়সংগত সাম্যের পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমতা সকলের জন্য সমান অধিকার ও সুযোগের স্বীকৃতি দেয়; আর ন্যায়সংগত সাম্য মানুষের ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান ও প্রতিবন্ধকতা বিবেচনা করে পিছিয়ে থাকা মানুষের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করে। যেমন — প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার স্বীকৃত হলেও দারিদ্র্য, ভৌগোলিক বিচ্ছিন্নতা কিংবা শারীরিক-মানসিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিশু বিদ্যালয়ে পৌঁছাতে না পারলে তার জন্য বিশেষ সহায়তা, বৃত্তি ও উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন।

সামাজিক ন্যায় নৈতিক অঙ্গীকারের পাশাপাশি সমাজের স্থিতিশীলতা ও সম্প্রীতিরও ভিত্তি। কোনো জনগোষ্ঠী দীর্ঘদিন বঞ্চনা ও বৈষম্যের শিকার হলে সমাজে অসন্তোষ, অনাস্থা ও সংঘাত তৈরি হয়। ন্যায়বিচার মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ককে সুদৃঢ় করে। সচেতন প্রয়াস ও বাস্তব অবস্থার প্রেক্ষিতে কর্মসূচি গ্রহণ করে সামাজিক ন্যায়ের ভারসাম্য সুরক্ষিত করা হয়

অতএব, সামাজিক ন্যায়ের উদ্দেশ্য শুধু বৈষম্যহীন আইন প্রণয়ন নয়; বরং প্রত্যেক মানুষের অধিকার বাস্তবে ভোগ করার উপযোগী পরিবেশ তৈরি করা। সামাজিক ন্যায় নৈতিক অঙ্গীকারের পাশাপাশি সমাজের স্থিতিশীলতা ও সম্প্রীতিরও ভিত্তি। কোনো জনগোষ্ঠী দীর্ঘদিন বঞ্চনা ও বৈষম্যের শিকার হলে সমাজে অসন্তোষ, অনাস্থা ও সংঘাত তৈরি হয়। ন্যায়বিচার মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ককে সুদৃঢ় করে। সচেতন প্রয়াস ও বাস্তব অবস্থার প্রেক্ষিতে কর্মসূচি গ্রহণ করে সামাজিক ন্যায়ের ভারসাম্য সুরক্ষিত করা হয়। তার অনুপস্থিতিতে সেখানে অভ্যন্তরীণ অনৈক্য, পারস্পরিক অবিশ্বাস, হিংসা এবং নানাবিধ সামাজিক ব্যাধি মাথাচাড়া দিয়ে ওঠে; এরকম ভারসাম্যহীন সমাজে মানুষের জীবন দুর্বিষহ ও অমানবিক পরিস্থিতির দিকে ধাবিত হয়।

সমাজ ও তার সদস্যরা কতটা সচেতন, প্রগতিশীল ও দূরদর্শী, তা প্রমাণিত হয় সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাদের সক্রিয় অঙ্গীকারের মাধ্যমে। সমকালীন প্রেক্ষাপটে এ গুরুদায়িত্ব মূলত রাষ্ট্রের ওপর বর্তায়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কেবল আইনের শাসন প্রতিষ্ঠা করে ক্ষান্ত হয় না; বরং ঐতিহাসিক, সামাজিক কিংবা প্রাকৃতিক প্রতিকূলতায় যাঁরা পিছিয়ে পড়েছেন, তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজের মূলস্রোতে এগিয়ে আনার সক্রিয় তৎপরতাও দেখায়। এই কল্যাণমুখী দৃষ্টিভঙ্গির কারণে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে ‘জনকল্যাণকামী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করা হয়। পরিতাপের সঙ্গে লক্ষণীয় যে, সাম্প্রতিক কালে বহু জনকল্যাণকামী গণতান্ত্রিক রাষ্ট্র সংকীর্ণ জনতোষণবাদী ও সংখ্যাগুরুবাদী রাজনীতির প্রভাবে সাংবিধানিক নিরপেক্ষতা হারাচ্ছে এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রকে প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধেও আজ এই ধরনের প্রবণতার অভিযোগ ক্রমশ প্রকট হয়ে উঠছে, সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষা ও তথ্য-উপাত্ত থেকে এ আশঙ্কার বাস্তব ভিত্তিও স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে।

সামাজিক ন্যায়ের ধারণা বিকশিত হয়েছে দীর্ঘ ঐতিহাসিক ও দার্শনিক বিবর্তনের মধ্য দিয়ে।  দার্শনিক প্লেটো ন্যায়বিচারকে আদর্শ রাষ্ট্রের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, সমাজের বিভিন্ন অংশের মধ্যে যথাযথ সামঞ্জস্য বজায় থাকা এবং প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করার মধ্যেই ন্যায় প্রতিষ্ঠিত হয়। অ্যারিস্টটল ন্যায়বিচারকে বণ্টনমূলক ও সংশোধনমূলক — এরকম দুটি ভাগে ব্যাখ্যা করেছেন। বণ্টনমূলক ন্যায়ের উদ্দেশ্য সম্পদ, সুযোগ ও সামাজিক মর্যাদার ন্যায্য বণ্টন; আর সংশোধনমূলক ন্যায়ের লক্ষ্য হচ্ছে অন্যায় বা অধিকার লঙ্ঘনের প্রতিকার।

জঁ-জাক রুশো সামাজিক সাম্য, নাগরিক স্বাধীনতা এবং রাজনৈতিক কর্তৃত্বের বৈধতার প্রশ্ন উত্থাপন করেছেন। তাঁর মতে, সম্পদের অসম বণ্টন ও ক্ষমতার কেন্দ্রীকরণ সামাজিক বৈষম্য ও অধীনতার জন্ম দেয়। কার্ল মার্কস সামাজিক বৈষম্যের অর্থনৈতিক ও শ্রেণিগত ভিত্তি বিশ্লেষণ করেছেন। তাঁর ধারণা, উৎপাদনের উপকরণের মালিকানা নির্দিষ্ট শ্রেণির হাতে কেন্দ্রীভূত থাকায় শ্রমজীবী মানুষ শোষণের শিকার হয়। প্রকৃত সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য শুধু আইনি সমতা যথেষ্ট নয়; অর্থনৈতিক শোষণ ও সম্পদের কেন্দ্রীকরণের কাঠামোগত পরিবর্তনও প্রয়োজন।

আধুনিক রাজনৈতিক দর্শনে জন রলসের ‘আ থিওরি অফ জাস্টিস’ (১৯৭১) বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর ‘জাস্টিস অ্যাজ ফেয়ারনেস’ তত্ত্ব অনুযায়ী, প্রত্যেক নাগরিকের সমান মৌলিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তখনই গ্রহণযোগ্য, যখন তা সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের সর্বাধিক কল্যাণে আসে। অমর্ত্য সেন মানুষের বাস্তব সক্ষমতার ওপর গুরুত্ব দিয়েছেন। বলেছেন, শুধু মানুষের হস্তগত সম্পদ দিয়ে তার কল্যাণ বিচার করা যায় না; সে সম্পদ ব্যবহার করে সে কতটা সুস্থ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সক্ষম, সেটাই গুরুত্বপূর্ণ। এইসব দৃষ্টিভঙ্গি সামাজিক ন্যায়ের আলোচনাকে সম্পদ বণ্টনের গণ্ডি ছাড়িয়ে মানুষের প্রকৃত স্বাধীনতা ও জীবনযাপনের সুযোগের প্রশ্নে প্রসারিত করেছে।

সামাজিক ন্যায় একটি বহুমাত্রিক ধারণা। এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে —  ১. সামাজিক সাম্য: জাতপাত, ধর্ম, বর্ণ, ভাষা ও লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক মানুষের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা। ২. অর্থনৈতিক ন্যায়: ন্যায্য মজুরি, কর্মসংস্থান, শ্রমিকের অধিকার, সম্পদের ন্যায্য বণ্টন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ৩. রাজনৈতিক ন্যায়: ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সংগঠন গঠন এবং রাষ্ট্রের নীতি ও কার্যকলাপের সমালোচনা করার অধিকার প্রতিষ্ঠা করা। ৪. আইনি ন্যায়: আইনের দৃষ্টিতে সকলের সমতা এবং অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাব নির্বিশেষে ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা প্রদান করা। ৫. শিক্ষাগত ন্যায়: প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ সৃষ্টি করা। ৬. লিঙ্গগত ন্যায়: নারী-পুরুষের সমান অধিকার, মর্যাদা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নিশ্চিত করা। ৭. সাংস্কৃতিক ন্যায়: বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের নিজস্ব পরিচয় ও ঐতিহ্য বজায় রাখার অধিকার রক্ষা করা। ৮. পরিবেশগত ন্যায়: পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বিশেষত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া।

ভারতীয় সংবিধানে সামাজিক ন্যায় তার মৌলিক রাষ্ট্রীয় আদর্শ। সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। সংবিধানের ১৪ অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতা, ১৫ অনুচ্ছেদ বৈষম্য নিষিদ্ধকরণ, ১৬ অনুচ্ছেদ সরকারি চাকরিতে সমান সুযোগ, ১৭ অনুচ্ছেদ অস্পৃশ্যতা বিলোপ এবং ২১ অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নিশ্চিত করেছে। ২১ক অনুচ্ছেদ ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের শিক্ষার অধিকারকে গুরুত্ব দিয়েছে। ৩৮, ৩৯ ও ৪৬ অনুচ্ছেদ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নের জন্য রাষ্ট্রকে নির্দেশনা দিয়েছে।

ড. বি. আর. আম্বেদকর উপলব্ধি করেছিলেন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বজায় রেখে রাজনৈতিক গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। ১৯৪৯ সালের ২৫ নভেম্বর গণপরিষদে তাঁর ঐতিহাসিক ভাষণে তিনি সতর্ক করেছিলেন — রাজনৈতিক জীবনে আমরা ‘এক ব্যক্তি, এক ভোট এবং এক ভোটের এক মূল্য’ নীতি স্বীকার করছি; সামাজিক ও অর্থনৈতিক জীবনে অসাম্য বজায় থাকলে রাজনৈতিক সাম্য ও বাস্তব জীবনের মধ্যে গভীর বিরোধ সৃষ্টি হবে। সামাজিক গণতন্ত্রের ভিত্তি স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। এই তিন আদর্শ পরস্পরের পরিপূরক। অতএব, সামাজিক ন্যায় ছাড়া রাজনৈতিক গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হতে পারে না।

ভারতীয় সংবিধান সামাজিক ন্যায়ের যে অঙ্গীকার করেছে, বাস্তবে তার সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি। অর্থনৈতিক বৈষম্য, জাতপাত, লিঙ্গবৈষম্য এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বঞ্চনা আজও গুরুত্বপূর্ণ সমস্যা। এ প্রসঙ্গে ভারতীয় প্রান্তিক আর অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থান বিশেষভাবে আলোচনা করা দরকার। ২০০৬ সালে বিচারপতি রাজিন্দর সাচার কমিটির প্রতিবেদন মুসলিমদের শিক্ষা, কর্মসংস্থান ও প্রশাসনিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈষম্যের চিত্র তুলে ধরেছিল। প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন আইএএস-এ মুসলিমদের প্রতিনিধিত্ব ছিল প্রায় ৩ শতাংশ, আইপিএস-এ প্রায় ৪ শতাংশ এবং ভারতীয় রেলওয়েতে প্রায় ৪.৫ শতাংশ। যদিও এ ২০০৬ সালের পরিসংখ্যান, এরপর পেরিয়ে গেছে দুই দশক। জনগোষ্ঠীর ঐতিহাসিক বঞ্চনার ছবি পাল্টেছে কি?

সংরক্ষণের ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করা জরুরি। বিভিন্ন রাজ্যে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা নির্দিষ্ট মুসলিম জনগোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত হয়ে সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে। ১৯৫০ সালের সংবিধানের (তফসিলি জাতি) আদেশের ধর্মসংক্রান্ত বিধানের জন্য মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা বর্তমানে তফসিলি জাতির স্বীকৃতি পান না। এই বিধান নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও সংশোধনের দাবি রয়েছে। মনে রাখা দরকার, একজন দলিত হিন্দুর অধিকার প্রতিষ্ঠা যেমন সামাজিক ন্যায়ের দাবি, তেমনি পিছিয়ে পড়া মুসলিমের শিক্ষা, কর্মসংস্থান ও মর্যাদার অধিকার প্রতিষ্ঠাও একই ন্যায়বোধের অন্তর্গত দাবি।

অধিকতর উদ্বেগজনক বিষয়, নির্বাচনী রাজনীতিতে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক সমর্থন ও সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতের গুরুত্ব রয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠের রাজনৈতিক ক্ষমতা কখনো সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার খর্ব করার অনুমতি দেয় না। সংখ্যাগরিষ্ঠের শাসন এবং সংখ্যাগুরুবাদী আধিপত্য এক বিষয় নয় — প্রথমটি গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য, দ্বিতীয়টি তার মৌলিক আদর্শের পরিপন্থী। সাম্প্রদায়িক মেরুকরণের ফলে বেকারত্ব, দারিদ্র্য, মূল্যবৃদ্ধি, শিক্ষার অভাব ও স্বাস্থ্যসেবার সংকটের মতো প্রকৃত সমস্যাগুলি অনেক সময় আড়ালে চলে যায়। ধর্মীয় বিভাজন ও পারস্পরিক অবিশ্বাস সমাজের সংহতিকে দুর্বল করে এবং নাগরিক সমতার ধারণাকে ক্ষতিগ্রস্ত করে। এভাবে সাম্প্রদায়িক মেরুকরণ ও সংখ্যাগুরুবাদের রাজনীতি গণতান্ত্রিক সমাজে সামাজিক ন্যায়ের ভিত্তিমূলকে ধ্বংস করে দেয়।

সামাজিক ন্যায়ের আলোচনায় অসমের বাস্তবতা বিশেষ গুরুত্বপূর্ণ। অতীতে এ ধরনের বিভাজনধর্মী ও হিংসার রাজনীতি মূলত গো-বলয়ের কিছু দল ও সংগঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল, সাম্প্রতিককালে বিভিন্ন রাজ্যে এই প্রবণতা প্রকাশ্য হয়ে উঠেছে; যেখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের মধ্যে ভেদবিচার করা হচ্ছে। ভাষা, জাতিসত্তা, অভিবাসন, ভূমির অধিকার ও সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্নগুলি এসব রাজ্যের দীর্ঘ ইতিহাস ও ভূগোলের সঙ্গে গভীরভাবে যুক্ত। এসব সমস্যার ঐতিহাসিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট অস্বীকার করা যায় না। কোনো জনগোষ্ঠীকে সামষ্টিগতভাবে সন্দেহের চোখে দেখা হলে গণতন্ত্র হোঁচট খায়, তার ভেতরে আর বাইরে অ-সাম্যের পোকামাকড় ঢুকে পড়ে, এতে যেমন দেশ, তেমনি দেশের প্রধান প্রধান জনগোষ্ঠী বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

একটি উদাহরণ, অসমের বঙ্গভাষী জনগোষ্ঠীর বড়ো অংশ নদীভাঙন, চরম দারিদ্র্য, ভূমিহীনতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করে। অবৈধ জবরদখল হটিয়ে সরকারি ভূমি উদ্ধারের জন্য প্রশাসনিক পদক্ষেপ রাষ্ট্রের বৈধ দায়িত্ব হতে পারে; সে প্রক্রিয়ায় যথাযথ নোটিশ দিয়ে জানানো, ব্যক্তিগত শুনানি, নথিপত্র যাচাই, আদালতে আইনি প্রতিকারের সুযোগ এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় মানবিক পুনর্বাসন নিশ্চিত করা অপরিহার্য। সামাজিক ন্যায় ও মানবাধিকার সমুন্নত না রেখে কেবল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অসম্ভব।

২০২৫ সালের জুন-জুলাই মাসে অসমের বিভিন্ন জেলায় পরিচালিত উচ্ছেদ অভিযান, এই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই সময়ে হাজার হাজার পরিবার উচ্ছেদের শিকার হয়, যাঁদের অধিকাংশ বাঙালি মুসলিম। আন্তর্জাতিক ও জাতীয় সংবাদমাধ্যমগুলি তা উল্লেখ করেছে। মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস’-এর অনুসন্ধানী প্রতিবেদনেও উঠে এসেছে যে, বহু ক্ষেত্রে যথাযথ আইনি নোটিশ, ব্যক্তিগত শুনানি এবং বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। যদিও প্রশাসনের তরফে সরকারি ও বনাঞ্চলের জমি জবরদখলমুক্ত করার যুক্তি দেখানো হয়েছে, তবুও প্রতিটি ঘটনার আইনগত সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। মূল প্রশ্ন হলো — প্রশাসনিক পদক্ষেপে যদি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী ধারাবাহিকভাবে ও অসমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে সে প্রক্রিয়ার নিরপেক্ষতা ও সাংবিধানিক নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক। ভূমি, ভাষা ও নাগরিকত্বের মতো জটিল ও সংবেদনশীল সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই প্রচলিত আইন, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংবিধানিক ন্যায়বিচারের ভিত্তিতে হওয়া উচিত। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সম্মিলিত পরিচয়কে অপরাধের সমার্থক করে তোলা কখনো গণতান্ত্রিক রাষ্ট্রে সমস্যার সমাধান হতে পারে না।

সামাজিক ন্যায় প্রতিষ্ঠা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; নাগরিক সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাজনৈতিক সংগঠনগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ বিশেষভাবে জরুরি — ১. শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বৈষম্য দূর করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ। ২. সরকারি চাকরি ও প্রশাসনে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ। ৩. সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য সংবিধানসম্মত ইতিবাচক ব্যবস্থা গ্রহণ। ৪. প্রশাসন ও বিচারব্যবস্থাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রভাবমুক্ত রাখা। ৫. উচ্ছেদ ও নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। ৬. বিদ্বেষ ও হিংসার বিরুদ্ধে নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। ৭. অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি। ৮. স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা সুরক্ষিত রাখা।

সামাজিক ন্যায়ের ধারণার নিজস্ব মানদণ্ড রয়েছে; এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের একচেটিয়া সম্পত্তি বা ধারণা নয়। মানবসভ্যতার দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতা এবং ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে সর্বজনীন আদর্শটি বিকশিত হয়েছে। এর মূল কথা — প্রত্যেক মানুষ সমান মানবিক মর্যাদা ও অধিকারের অধিকারী। কারও জন্মপরিচয়, ধর্ম, বর্ণ, ভাষা, জাতি কিংবা আর্থিক অবস্থান তার মৌলিক নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নির্ধারণ করতে পারে না। ভারতের মতো বহুত্ববাদী ও বৈচিত্র্যময় দেশে বিশেষ সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো প্রবণতা যদি শেষ পর্যন্ত পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা নাগরিকের অধিকার ও নিরাপত্তাকে সংকুচিত করে, তবে তা প্রকারান্তরে সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়। কারণ, আজ যে বৈষম্য বা অন্যায় কোনো একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে, আগামী দিনে তা যে কোনো দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে।

গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অর্থনৈতিক অবস্থানের পার্থক্য থাকতেই পারে; সেই পার্থক্য যেন বৈষম্য, শোষণ কিংবা আধিপত্যের কারণ না হয় — তা নিশ্চিত করা সামাজিক ন্যায়ের মূল উদ্দেশ্য। একটি দেশের প্রকৃত উন্নয়নের মানদণ্ড কখনোই কেবল জিডিপি বা বহিরঙ্গের প্রগতির মাপকাঠিতে নির্ধারিত হতে পারে না; সে মানদণ্ড হতে হবে সমাজের সবচেয়ে দরিদ্র, দুর্বল ও প্রান্তিক মানুষটি কতটা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার সুযোগ পাচ্ছে।

পরিশেষে জোর দিয়ে বলা যায়, সামাজিক ন্যায় ছাড়া দীর্ঘস্থায়ী সামাজিক শান্তি অসম্ভব, সামাজিক সাম্য ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা অবাস্তব এবং মানবিক মর্যাদা ছাড়া কোনো নির্মাণশীল সমাজের অস্তিত্বই অর্থহীন। গণতন্ত্রের ভবিষ্যৎ একান্তভাবে নির্ভর করছে তার অন্তর্ভুক্তিমূলক ন্যায় আর নীতির ওপর। সামাজিক ন্যায় ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ অন্তঃসারশূন্য সাম্য ও মৈত্রী ছাড়া স্বাধীনতায় শেষ পর্যন্ত কিছু সংখ্যক ভাগ্যবানের কর্মকাণ্ডে, অধিপত্য প্রতিষ্ঠার যুক্তিহীন, ভারসাম্যহীন, ভাবনা-চিন্তাহীন নৈরাজ্য ঢুকে পড়ে। এরকম প্রবণতা ডেকে আনে দেশের বিপদ, বিশেষ করে যে সমাজ সংখ্যা আর শিক্ষায় অপেক্ষাকৃত প্রাগ্রসর তারই।

♦–♦•♦–♦ ♦–♦•♦–♦


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!