- দে । শ
- মে ৫, ২০২৩
গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ডিআরডিও-র বিজ্ঞানী। জেরায় মিলতে পারে আরো তথ্য, দাবি সন্ত্রাস দমন শাখার
দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা। পেশায় বিজ্ঞানী। দীর্ঘদিন ধরে ডিফেন্স রিসার্চ ডেভপমেন্ট অর্গানাইজেশনের কর্মরত। তদন্তকারীদের দাবি, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে ধৃত বৈজ্ঞানিকের নিয়মিত যোগাযোগের প্রমাণ পেয়েছেন তাঁরা। তার ভিত্তিতে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
সন্ত্রাসবাদ দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন, ধৃত বিজ্ঞানী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উচ্চপদে আসীন ছিলেন। নিজের পদের অপব্যবহার করে যে সমস্ত তথ্য কাউকে জানানোর কথা নয়, সেগুলোই তিনি পাকিস্তানের এক গুপ্তচরের কাছে ফাঁস করে দিয়েছেন। কোনো মোটা অঙ্কের টাকার বিনিময়ে তথ্য পাচারের কাজ সংঘটিত হয়েছে কিনা তা অবশ্য তদন্ত সাপেক্ষ। ধৃতের হোয়াটসআপ মেসেজ ও বিভিন্ন ভিডিও কল গোয়েন্দাদের হাতে এসেছে। তার ভিত্তিতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাবেন তদন্তাকারীরা। তখন এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সরকারি গোপন নথির আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলওয়ামা পরবর্তী সময়ে ভারত-পাক সম্পর্কে তিক্ততা বেড়েছে। জাতিপুঞ্জের বিভিন্ন সম্মেলনে কাশ্মীর সহ একাধিক ইসুতে এক অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে দুই চির প্রতিদ্বন্ধী। সদ্য গোয়ায় শুরু হয়েছে সাংহাই কো-অরপোরেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠক। যোগ দিয়েছেন বিলাবল ভুট্টো। ১২ বছর পর কোনো পাক বিদেশ মন্ত্রীর ভারত সফর। সভাপতিত্বের দায়িত্বে ভারত । পাক পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ভারতের সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা নেই। তবে, ভারতে গুপ্তচরবৃত্তি চালাবার প্রসঙ্গ পররাষ্ট্রমন্ত্রী এস.জয়শঙ্কর ইসলামাবাদকে বিদ্ধ করতে পারেন এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে মুম্বাইয়ের সাম্প্রতিক কাণ্ডটি ভারত-পাক সম্পর্কের জটিলতা আরো বাড়াতে পারে।
❤ Support Us






