- দে । শ
- জুলাই ২১, ২০২৩
জমি বিবাদে অমর্ত্য-র পাশে দুই নোবেল জয়ী সহ ৩০৪ শিক্ষাবিদ। রাষ্ট্রপতির কাছে চিঠি, আর্জি উপাচার্যের বিরুদ্ধে নেওয়া হোক কঠোর পদক্ষেপ
বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদের মীমাংসা এখনো হয়নি। এমতাবস্থায় অর্থশাস্ত্রী অমর্ত্য সেনকে সমর্থন জানালেন আরো দুই মার্কিন নোবেল জয়ী। তাঁরা হলেন, জোসেফ ইউজিন স্টিগলিটজ ও জর্জ আর্থার আকেলফ। সম্প্রতি যে ৩০৪ জন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে চিঠি দিয়েছেন, তাঁর মধ্যে তারাও রয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। প্রত্যেকে সমস্বরে অধ্যাপক সেনের সঙ্গে যা চলছে তা অনভিপ্রেত। অবিলম্বে তার সুষ্ঠু সমাধান জরুরি।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ১৩ ডেসিম্যাল জমি অমর্ত্য সেন কবজা করে রয়েছেন বলে বিশ্বভারতীর উপাচার্য বার বার অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী ভূমি সংস্কার দফতরে নথি অমর্ত্য সেনের হাতে তুলে দেওয়ার পরও নিজেদের দাবি থেকে একচুলও সরেননি বিদ্যুৎ চক্রবর্তী। এ ব্যাপারে জল গড়িয়েছে আদালত পর্যন্ত।
ব্যক্তিগতভাবে অর্থনীতিবিদকেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ব্যাপারে অশালীন আক্রমণে শিকার হতে হয়েছে। তাই এই জমি বিবাদে অমর্ত্যর পাশে এসে দাঁড়ালেন শিক্ষাজগতের সঙ্গে যুক্ত তাবড় তাবড় ব্যক্তিত্ব। দেশের রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে তাঁদের দাবি, উপাচার্য ইতিপূর্বে স্বপদে বহাল থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরম্পরার পরিপন্থী একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন তিনি অমর্ত্য সেনকে নিজের লক্ষ্যবস্তুতে পরিণত করছেন। জমি বিতঈক যে ভাষা তিনি ব্যবহার করেছেন তা অত্যন্ত আপত্তিকর। কেন্দ্রের ক্ষমতাসীন দলের সঙ্গে নোবেলজয়ীর মত বিরোধের কারণেই তাকে হেনস্থা করা হয়ে চলেছে বলে তাঁদের ধারণা। কেন্দ্রীয় প্রতিষ্ঠান হওয়ায় বিশ্বভারতীর দায়িত্ব যেহেতু দ্রৌপদী মুর্মুর হাতে, তাই তাঁদের অনুরোধ, বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আইনানুগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।
দুই নোবেলজয়ী ছাড়াও রাষ্ট্রপতিকে উপাচার্যের বিরুদ্ধে বুধবার চিঠি লিখেছেন ভারতীয় অর্থনীতিবিদ অমিয়কুমার বাগচী। উপাচার্যর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনিও। পত্রপ্রেরণের এ ঘটনা ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশ্য এখনো দ্রৌপদী মুর্মূকে চিঠি পাঠানো প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।
❤ Support Us





