- দে । শ
- মে ২৫, ২০২৩
ব্যাঙ্কে জাল নোট! ম্যানেজারের অভিযোগে ধৃত ব্যবসায়ী সন্তান
দুদিন হল শুরু হয়েছে দু’হাজার টাকার নোট বদলের প্রক্রিয়া। তার মধ্যেই উত্তরপ্রদেশের আগরায় জাল নোট ব্যাঙ্কে জমা দিতে গিয়ে ধরা পড়লেন কোটিপতি ব্যবসায়ীর এক ছেলে। ম্যানেজারের থেকে অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সংস্থার খবর,ধৃত ব্যক্তি স্থানীয় এক ধনকুবের স্বর্ণ -রৌপ্য ব্যবসায়ীর সন্তান। আগ্রার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখায় মোট ২ কোটি ৮৫ লক্ষ টাকা অঙ্কের ২০০০ টাকার নোট বদল করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাংকের মেশিনে তা করতে গিয়েই দেখা গেল বিপত্তি। ব্যাঙ্কের হিসাবরক্ষক লক্ষ্য করেন, ১৩ টি নোট নকল। তা দেখেই ম্যানেজারকে খবর দেওয়া হয়। আটকে রাখা হয় ব্যবসায়ী সন্তানকে। পরে থানার পুলিশ অফিসাররা এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় সন্দহজনক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দু’দিন আগেও বিপুল অঙ্কের ২০০০ টাকার নোট বদলেছিলেন তিনি। জাল নোটের কারবারের সঙ্গে তিনি যুক্ত কিনা, তা নিয়ে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে থানার শীর্ষ স্থানীয় আধিকারিকরা।
২০১৬ সালে নোটবন্দীর সময় বিপুল অঙ্কের কালোটাকা উদ্ধার করা যাবে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। যা কার্যত হয়নি। যে পরিমাণ নোট বাতিল করা হয়েছিল তার পায় পুরোটাই ফিরে আসে। এখন যে দুহজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হল, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে, উত্তরপ্রদেশের ঘটনা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।
❤ Support Us





