Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ১৮, ২০২৫

দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়, স্বাক্ষরিত ভারত-ওমান মুক্ত বাণিজ্য চুক্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়, স্বাক্ষরিত ভারত-ওমান মুক্ত বাণিজ্য চুক্তি

বৃহস্পতিবার ওমান সফরে গিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাসকাটে ভারত-ওমান বিজনেস সামিটে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছি, যার প্রতিধ্বনি বহু দশক ধরে শোনা যাবে। স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি, আমাদের অংশীদারিত্বকে নতুন আত্মবিশ্বাস ও শক্তি দেবে।’

প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতের গত ১১ বছরে অর্জিত অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি শুধু দেশের জন্য নয়, তার বন্ধু দেশগুলোর জন্যও নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি বলেন, ‘ভারত যখন উন্নতি করলে, আমাদের বন্ধু দেশগুলিও তার সুফল পায়। ওমানের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, সামুদ্রিক প্রতিবেশী হিসেবে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মানুষ একে অপরকে জানে, চেনে। বহু প্রজন্ম ধরে দ্বিপাক্ষিক ব্যবসায়িক বিশ্বাসের যায়গা রয়েছে, দু-দেশের বাজার সম্পর্কেও আমাদের সুনির্দিষ্ট ধারণা আছে।’ ভারত ও ওমানের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি আজই স্বাক্ষরিত হচ্ছে। চুক্তির মাধ্যমে পণ্যের শুল্ক হ্রাস বা সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। বাণিজ্য ব্যবস্থা সহজতর হবে। বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা আরও মজবুত হবে। বিশেষ করে নবায়নযোগ্য শক্তি, স্টার্টআপ, কৃষি-প্রযুক্তি এবং পরিবহণ খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

মাসকাটে প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে দুই দেশের ব্যবসায়ী ও সরকারি নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারতের পণ্য ও সেবার জন্য ওমানে প্রায় সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী মোদি ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘গত ১১ বছরে ভারতের অগ্রগতি কেবল অর্থনীতি নয়, শিক্ষা ও প্রযুক্তিতেও অভূতপূর্ব। ভারতীয় প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে এখন বিশ্বে শীর্ষে রয়েছে। আইআইটি, আইএআইএমএস এবং চিকিৎসা কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুন শিক্ষা নীতি কার্যকর হয়েছে। দেশের সৌর শক্তি উৎপাদন ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে, সৌর মডিউল উৎপাদন ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী এবং ডিজিটাল পেমেন্টে নেতৃত্ব দিচ্ছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ওমানি শিক্ষার্থীরা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও-এর ‘ইউভিকা’ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। ভারত ও ওমানের মধ্যে মহাকাশ ও প্রযুক্তি সহযোগিতা আরও গভীর হবে এবং নতুন উদ্ভাবনের দরজা খুলবে।’

এদিন, চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযূষ গোয়েল এবং ওমানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী কুইস আল ইউসুফ। উপস্থিত ভারতীয় এবং ওমানি ব্যবসায়ী নেতারা দ্বিপাক্ষিক বিনিয়োগ, সহযোগিতা এবং নতুন অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। মাহিন্দ্রা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অনিশ শাহ বলেন, ‘এ চুক্তি ভারতীয় পণ্য ও সেবাকে প্রায় সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে এবং আমাদের জন্য ডিজিটাল, স্বচ্ছ শক্তি এবং পরিবহণ খাতের সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার খুলবে।’ প্রসঙ্গত, ওমানে প্রায় ৭ লাখ ভারতীয় বসবাস করছে। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছাতেই, ভারতীয় অধিবাসীরা উষ্ণ উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে অভ্যর্থনা জানায়। রঙিন পোশাক, নৃত্য, সঙ্গীত এবং প্রীতিময় উল্লাসে ভরপুর ছিল পুরো পরিবেশ। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় সম্প্রদায় আমাদের জীবন্ত উদাহরণ, যেখানে বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমরা মিলিতভাবে স্বপ্ন দেখতে, শিখতে এবং উদ্ভাবন করতে পারি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!