- দে । শ
- ফেব্রুয়ারি ২০, ২০২৫
মলদ্বারে কোটি টাকার সোনা লুকিয়ে পাচারের চেষ্টা, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বিএসএফের হাতে গ্রেফতার যুবক
কয়েকদিন আগে বাইকের তেলের ট্যাঙ্কের তলায় বিশেষ কৌশলে ৩ কোটি টাকার সোনা ধরে বিএসএফ। ফের কোটি টাকার বেশি সোনা উদ্ধার করল বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ন। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। তবে এবারে পাচারকারীর কৌশল অভিনব এবং মারাত্মক। মলদ্বারের মধ্যে লুকানো ছিল ১ ডজন সোনার বিস্কুট ! পাচারকারির মলদ্বারের ভেতর থেকে উদ্ধার হল প্রায় দেড় কিলো সোনা । উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তের বিথারি গ্রামে। তদন্তের স্বার্থে পাচারকারীর নাম পরিচয় গোপন রাখা হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সন্দেহজনক এক ব্যক্তিকে বিথারি গ্রামের কাছে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় আটক করে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। পাচারকারীর দেহ তল্লাশির সময় মেটাল ডিটেক্টরে ধাতব জিনিসের উপস্থিতি টের পাওয়া যায়। কিন্তু কোন কিছুর হদিশ না পেয়ে জওয়ানরা ঊর্ধতন কর্তৃপক্ষকে জানায়। পাচারকারীকে বিএসএফের বিথারি ফাঁড়িতে জেরার মুখে স্বীকার করে যে তার মলদ্বারের ভেতরে রাখা আছে সোনার বিস্কুট। ওই দুস্কৃতীকে স্থানীয় শাঁড়াপুল গ্রামীন হাসপাতালে এক্স রে করে দেখা যায় তার কনডোমের মধ্যে ঢুকিয়ে মলদ্বারের মধ্যে একাধিক সোনার বিস্কুট লুকিয়ে রাখা আছে। হাসপাতালের চিকিৎসকরা বিএসএফের উপস্থিতিতে সেগুলি বার করেন। বিএসএফের দক্ষিণবঙ্গের সীমান্তের কাছে জনসংযোগ আধিকারিক ডিআইজি এন কে পান্ডে জানান, মোট ১২ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সেগুলির ওজন ১ কিলো ৪০৬ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ১ কোটি ২৪ লক্ষ ৬৩ হাজার টাকা। সোনা সহ ধৃত পাচারকারীকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।ধৃত পাচারকারীর নাম আব্দুল আজিজ গাজি, বাড়ি স্বরূপনগরের দহরকান্দা গ্রামে।
❤ Support Us





