- দে । শ
- জুন ১৩, ২০২৪
রক্তসঙ্কট মেটাতে, বাবার স্মৃতিতে ছেলের রক্তদান শিবির
বাবার মৃত্যুদিবসে রক্তদান শিবিরের আয়োজন ছেলের। নাদনঘাটের সমুদ্রগড়ে পিতৃতর্পণের এমন নজিরের প্রশংসায় পঞ্চমুখ এলাকার বাসিন্দারা। ৮ বছর আগে মৃত্যু হয় সমুদ্রগড় হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক বারীন ব্যানার্জির। বাবার স্মৃতিতে স্মরণীয় কিছু একটা করার তাড়না থেকেই বাবার মৃত্যুদিবসে ছেলে সায়ন ব্যানার্জি রক্তদান শিবিরের আয়োজন করলেন। সায়নের কথায়, ‘বাবা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। শুনলাম কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের ভাঁড়ারে টান। তাই ভাবলাম রক্তদান শিবিরের আয়োজন করে যদি মানুষের পাশে দাঁড়ানো যায়, তাহলে বাবার প্রতি সঠিক শ্রদ্ধাজ্ঞাপন করা যাবে।’ পদার্থবিদ্যায় অনার্স সায়নের একটি কোচিং সেন্টার রয়েছে। সায়ন এই মহতী উদ্যোগে পাশে পেলেন কোচিং সেন্টারের শিক্ষার্থীদের। তারাও রক্ত দিলেন। সব মিলিয়ে ৮২ জন রক্তদান করলেন। রক্তদান শিবিরের সাফল্যে আপ্লুত সায়ন জানান, ‘প্রত্যেক বছরই বাবার মৃত্যুদিনে অনাথ-আতুরদের জন্য এরকম একটা কিছু করার সঙ্কল্প গ্রহণ করলাম।’ সায়নের পাশে দাঁড়ানো পড়শি জসিম শেখ, শুভঙ্কর সাহারা বলছিলেন, ‘প্রচণ্ড গরমে কালনা মহকুমা হাসপাতালে রক্তের সঙ্কট চলছে। এই অবস্থায় রক্তদান শিবির করে সমাজের প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিল সায়ন।’
❤ Support Us





