- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১৭, ২০২৩
দেশে শীর্ষ বিচারকের পদে নেই মহিলাদের প্রতিনিধিত্ব, আইনজীবি হিসেবেও রয়েছে নিয়োগ বৈষম্য। সংসদে রিজিজুর দায় স্বীকার
পেশাগত ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য ভারতে এখনো স্পষ্ট । বিচারব্যবস্থাও এর ব্যতিক্রম নয়। সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর পেশ করা তথ্যেই এই ছবি স্পষ্ট হল।
সংসদে বিজেপি সাংসদ রাকেশ সিংহ প্রসঙ্গটি উত্থাপন করেন। এর জবাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, দেশের কোনও হাইকোর্টেই প্রধান বিচারপতির পদে নেই কোনো মহিলা। আইনমন্ত্রী বার কাউন্সিল অব ইন্ডিয়ার তথ্য পেশ করে এও জানিয়েছেন, দেশের হাইকোর্টগুলিতে যত সংখ্যক বিচারপতি আছ্ন, তাঁদের মধ্যে মোটে ৯. ৫ শতাংশ বিচারপতি মহিলা। সারা দেশে এখন কর্মরত বিচারপতির সংখ্যা ৭৭৫জন। এঁদের মধ্যে মহিলা মোটে ১০৬জন।
সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু আরও জানান, সুপ্রিম কোর্টে এপর্যন্ত ১১জন মহিলা বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। গত মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিয়োগের ছাড়পত্র দেওয়ার পরে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে হয়েছে ৩২। এখনো দুটি পদ খালি।
সুপ্রিম কোর্টে বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছেন ৪৮৮ জন। সেখানে মহিলাদের উপস্থিতি অত্যন্ত নগন্য। দেশের শীর্ষ আদালতে মাত্র ১৯জন মহিলা আইনজ্ঞ রয়েছেন। যদিও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজুজু বলেছেন, ভারত স্বাধীন হওয়ার পরে গত সাত দশকে দেশের বিচার ব্যবস্থায় মহিলাদের প্রতিনিধিত্ব বেড়েছে। ২০১৩ সালের পরবর্তী ৯ বছরে, নরেন্দ্র মোদির আমলে ১৫জন মহিলা বিচারপতিকে নিযুক্ত করা হয়েছে দেশের শীর্ষ আদালতে।
মহিলা নিয়োগের নিরিখে দেশের শীর্ষে তামিলনাড়ু। মাদ্রাজ হাইকোর্টে ১৩জন মহিলা বিচারপতি রয়েছেন। দ্বিতীয়স্থানে মাহারাষ্ট্র। মুম্বই হাইকোর্টে মহিলা বিচারপতির সংখ্যা ৮। কলকাতা হাইকোর্টে মহিলা বিচারপতির সংখ্যা ৬।
প্রসঙ্গত, মোদির নেতৃত্বাধীন সরকারে ২০১৪ থেকে ২১০৮ সাল পর্যন্ত প্রধান বিচারপতির পদে নিযুক্ত ছিলেন ৪ মহিলা বিচারক। পরবর্তী ৫ বছরে সেই পদে মহিলাদের প্রতিনিধিত্ব আর নেই।
কেন্দ্রীয় আইন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মনিপুর, মেঘালয়, পাটনা, ত্রিপুরা ও উত্তরাখণ্ড হাইকোর্টে কোনও মহিলা বিচারপতি নেই। অন্যদিকে, গুয়াহাটি, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান ও সিকিম হাইকোর্টে মোটে একজন করে মহিলা বিচারপতি রয়েছেন।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যানুসারে, সারা দেশে মোট ১৫ লক্ষ আইনজীবী রয়েছেন। এঁদের ভিতর মহিলা আইনজীবীর সংখ্যা ২ লক্ষ। পরিসংখ্যানের হিসেবে যা ১৫. ৩১ শতাংশ।
❤ Support Us





