Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১১, ২০২৫

নিজের পিস্তল থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন পাঞ্জাবের আপ বিধায়ক গুরপ্রীত গোগি

আরম্ভ ওয়েব ডেস্ক
নিজের পিস্তল থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন পাঞ্জাবের আপ বিধায়ক গুরপ্রীত গোগি

শুক্রবার গভীর রাতে মৃত অবস্থায় পাওয়া গেছে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের আম আদমি দলের বিধায়ক গুরপ্রীত গোগি। গুলিবিদ্ধ হয়েই তিনি মারা গেছেন। পরিবারের সদস্যদের দাবি, নিজের পিস্তল পরিস্কার করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে এসে তাঁর মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
২০২২ সালে আম আদমি পার্টিতে যোগ দেন গোগি। লুধিয়ানা (পশ্চিম) বিধানসভা কেন্দ্র থেকে প্রাক্তন পাঞ্জাব মন্ত্রী এবং বর্তমান বিধায়ক ভারত ভূষণ আশুকে ৭৫০০ ভোটে পরাজিত করেছিলেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেষ পোস্টে গোগি লিখেছেন যে, তিনি পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সন্ধওয়ান এবং পরিবেশবাদী সন্ত বাবা বলবীর সিং সিচওয়ালের সাথে পাঞ্জাবের মালওয়ায় একটি মৌসুমী স্রোত, বুদ্ধ নালা পরিষ্কার করার জন্য বৈঠক করেছেন। তিনি আরও লিখেছেন যে, বিআরএস নগরের প্রচীন শীতলা মাতা মন্দিরে গিয়েছিলেন, যেখানে সম্প্রতি ৪০ লক্ষ টাকার গয়না চুরি হয়েছিল। তিনি পুরোহিত এবং মন্দির পরিচালনাকে আশ্বস্ত করেছিলেন যে দোষীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মামলার বিষয়ে পুলিশ কমিশনের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার লুধিয়ানা বার অ্যাসোসিয়েশনে রাজ্য বিধানসভার স্পিকার কুলতার সন্ধওয়ানের সাথে একটি লোহরি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে নিজের ঘরে একাই ছিলেন। এর মধ্যেই গুলির আওয়াজ। গোগির স্ত্রী ডাঃ সুখচাইন কৌর গোগি সঙ্গে সঙ্গে ঘরে পৌঁছে দেখেন গোগি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে গাড়িতে করে ডিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর পরপরই চিকিৎসক দল তাঁর চিকিৎসা শুরু করে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার জন্য পাম্প করেছিলেন চিকিৎসকরা। কিন্তু বাঁচানো যায়নি।
ঘটনার খবর পাওয়া মাত্রই লুধিয়ানা কমিশনারেটের পুলিশ কমিশনার কুলদীপ চাহাল ডিএমসি হাসপাতালে পৌঁছন। চলে আসেন ডিসিপি শুভম আগরওয়াল, এডিসিপি রমনদীপ ভুল্লার, এসিপি আকর্ষি জৈনও। ডিএমসি ইমার্জেন্সি ও এর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে আপ কর্মী ও গোগি সমর্থকরা হাসপাতালে পৌঁছতে শুরু করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!