- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২, ২০২৩
ধূপগুড়ি আলাদা মহকুমা হবে, সময় বেঁধে নির্বাচনী সভামঞ্চ থেকে প্রতিশ্রুতি দিলেন অভিষেক
ধূপগুড়িতে আলাদা মহকুমা করার দাবি বহুদিনের। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচার সভায় গিয়ে এই ঘোষণা করলেন। ধূপগুড়িকে আলাদা মহকুমার হওয়ার দীর্ঘদিনের দাবি স্থানীয় জনতার। শনিবার জনতার সেই দাবিপূরণের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে বলে প্রতিশ্রুতি দিলেন অভিষেক। একইসঙ্গে ধূপগুড়ির হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শনিবার ধূপগুড়ির সভায় পৌঁছনোর আগেই রাস্তায় গাড়ি থামিয়ে আমজনতার অভাব-অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোমোহনি বাজার-সহ বেশ কিছু রাস্তা খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই রাস্তা নিয়ে অভিযোগ করে স্থানীয় জনতা। অভিযোগ শুনে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দেন অভিষেক। এরপর সভামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক। তারপর সভামঞ্চ থেকে বিজেপিকে করা ভাষায় আক্রমণ করে অভিষেক বলেন, “ইন্ডিয়া ক্ষমতায় এলে গ্যাসের দাম হবে ৫০০ টাকা।”
অভিষেক এদিন সভা থেকে বলেন, “উনিশ, একুশের ভোটে ধূপগুড়ির মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। তবু উন্নয়ন থামেনি। রাজ্য সরকার মানুষের উন্নয়নের কথা ভেবেছে। অথচ যারা ভোট পেয়েছে তারা এলাকার মানুষের কথা ভাবেনি।” এর আগে ধূপগুড়ি হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন অভিষেক। সেই কথা তিনি রেখেছেন। হাটের উন্নয়ন হয়েছে ইতিমধ্যে। এবার ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি আরও জানিয়েছেন, বিরুপাক খাল সংস্কার যে কাজ শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে কাজ শেষ হবে। এর ফলে লক্ষাধিক কৃষক উপকৃত হবে। এরপরই সভায় ধূপগুড়িকে আলাদা মহকুমা করার দাবি ওঠে। দাবি শুনে অভিষেক বলেন, “আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, মহকুমা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছি। এখন থেকে সবুজ আবির খেলতে শুরু করুন। ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। কথা দিয়ে গেলাম।” উল্লেখ্য. বানারহাট ব্লকের দাবিপূরন করেছে তৃণমূল।
এদিকে অভিষেকের মুখে ধূপগুড়ির সভা থেকে অভিষেকের ধূপগুড়িকে আলাদা মহকুমা করে দেওয়ার ঘোষণার সমালোচনা করে বিজেপি মুখপাত্র স্বামীকে ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে ভাবে আজ ধূপগুড়ি থেকে ধূপগুড়িকে আলাদা মহকুমা করার কথা ঘোষণা করলেন তাতে মনে হল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চ্যালেঞ্জ করছেন। একজন সাংসদ কি করে সরকারের সিদ্ধান্ত এভাবে নিজে ঘোষণা করতে পারেন? তিনি কী মন্ত্রিসভার সদস্য? নির্বাচনের তিনদিন আগে এভাবে প্রতিশ্রুতি দেওয়ার মানে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা, যদিও তৃণমূল কোনও নিয়মকানুন মানে না।”
❤ Support Us






