Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাজেটে বঞ্চনা থেকে এসআইআর বিতর্ক, লোকসভায় আজ তৃণমূলের নিশানায় বিজেপি সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
বাজেটে বঞ্চনা থেকে এসআইআর বিতর্ক, লোকসভায় আজ তৃণমূলের নিশানায় বিজেপি সরকার

টানা অচলাবস্থার পর বাজেটের উপর আলোচনার মধ্য দিয়ে আজ, সোমবার লোকসভা কি ফের স্বাভাবিক ছন্দে ফিরবে—এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। তবে সেই আলোচনাই নতুন করে সংসদকে উত্তপ্ত করতে পারে বলে ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, বাজেট বিতর্কে অংশ নিয়ে বিজেপি তথা মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে পারেন লোকসভায় তৃণমূলের দলনেতা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্র জানাচ্ছে, রবিবার রাতেই দিল্লি পৌঁছেছেন অভিষেক। আজ, সোমবার লোকসভায় বাজেট আলোচনায় তৃণমূলের প্রথম বক্তা হিসেবেই তাঁর বক্তব্য রাখার সম্ভাবনা প্রবল।

এ বারের কেন্দ্রীয় বাজেটে ফের বাংলাকে বঞ্চিত করা হয়েছে—এই অভিযোগে বাজেট পেশের দিন ১ ফেব্রুয়ারি থেকেই সরব রাজ্যের শাসক দল। তৃণমূল সূত্রের দাবি, সংসদে বক্তৃতার সময় সরকারি পরিসংখ্যান তুলে ধরে মোদী সরকারের আমলে বিভিন্ন সাধারণ বাজেটে বাংলার প্রতি বঞ্চনার দীর্ঘ তালিকা পেশ করতে পারেন অভিষেক। বিজেপি-শাসিত রাজ্যগুলিকে কী ভাবে বারবার অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে, কী ভাবে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা কেবল সেই সব রাজ্যের জন্য করা হয়েছে—সেই তুলনামূলক তথ্যও উঠে আসতে পারে তাঁর বক্তব্যে।

এ ছাড়াও, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার প্রায় ২ লক্ষ কোটি টাকা বকেয়া থাকা সত্ত্বেও রাজ্যের বারবার অনুরোধ উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না—এই অভিযোগও লোকসভায় জোরালো ভাবে তুলে ধরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুধু বাজেট নয়, সোমবারের সংসদীয় বক্তৃতায় বাংলার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR (Special Intensive Revision) ঘিরে নির্বাচন কমিশনের ‘অগণতান্ত্রিক পদক্ষেপ’-এর বিরুদ্ধেও সরব হতে পারে তৃণমূল। দলের বক্তব্য, SIR সংক্রান্ত জটিলতার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ১৪০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১ কোটি ৩৬ লক্ষ মানুষকে নিজেদের বা অভিভাবকদের নামের বানান সংক্রান্ত সমস্যার কারণে ‘লজিকাল ডিসক্রিপেন্সি’-র তালিকায় ফেলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভিন রাজ্য থেকে ৮,৩০০ জন মাইক্রো অবজ়ার্ভার আনা হলেও কমিশন সমস্যার সমাধান করতে ব্যর্থ—এই অভিযোগও তোলা হতে পারে।

উল্লেখ্য, গত বুধবার ৪ ফেব্রুয়ারি সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হয়ে বাংলায় SIR সংক্রান্ত দুরবস্থার বিস্তারিত বিবরণ পেশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার সেই মামলার শুনানিও রয়েছে শীর্ষ আদালতে। তৃণমূল সূত্রের দাবি, সুপ্রিম শুনানির প্রসঙ্গ এবং বাংলা তথা দেশের গণতন্ত্র রক্ষার জন্য প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে মুখ্যমন্ত্রীর আর্জির কথাও অভিষেক তাঁর বক্তৃতায় তুলে ধরতে পারেন।

বাজেট বিতর্কে তৃণমূলের দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখতে পারেন বর্ষীয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

অন্য দিকে, সংসদের উত্তাপ আরও বাড়তে পারে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যে। সূত্রের খবর, প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভনের লেখা বই প্রসঙ্গে ফের মোদী সরকারকে আক্রমণ করতে পারেন রাহুল। গত সপ্তাহে এই বিষয় ঘিরেই লোকসভা উত্তপ্ত হয়ে ওঠে এবং কার্যত কোনও কাজই হয়নি। বিরোধীদের অভিযোগ ছিল, রাহুল গান্ধীকে সংসদে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। পাল্টা ট্রেজারি বেঞ্চের দাবি, যে বই এখনও প্রকাশিত হয়নি, সংসদীয় বিধি অনুযায়ী তার কোনও রেফারেন্স লোকসভা বা রাজ্যসভায় দেওয়া যায় না।

এই টানাপড়েনের মধ্যেই রাষ্ট্রপতির অভিভাষণের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখতে পারেননি। সব মিলিয়ে, বাজেট আলোচনা শুরু হলেও আজ সংসদে ফের রাজনৈতিক সংঘাতের ছবি দেখার সম্ভাবনাই বেশি বলেই মনে করছে রাজনৈতিক মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!