Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৫, ২০২৬

অভিষেক ‘বিচারাধীন’, শুভেন্দু ‘ডিলিটেড’! প্রযুক্তিগত ত্রুটি, ব্যাখ্যা কমিশনের

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক ‘বিচারাধীন’, শুভেন্দু ‘ডিলিটেড’! প্রযুক্তিগত ত্রুটি, ব্যাখ্যা কমিশনের

রাজ্যের অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) ভোটার তালিকা প্রকাশ ঘিরে সোমবার রাত থেকে তীব্র বিভ্রান্তি ছড়ায়। প্রথমে তালিকা প্রকাশিত হলেও কার নাম যুক্ত হয়েছে, কতজন বাদ পড়েছেন—সেসব তথ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। অবশেষে মঙ্গলবার গভীর রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা দৃশ্যমান হয়।

স্বাভাবিক নিয়মে বহু ভোটার নিজেদের এপিক নম্বর দিয়ে স্টেটাস যাচাই করতে যান। আর সেখানেই দেখা দেয় চমকপ্রদ সমস্যা। অভিযোগ ওঠে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নামের পাশে ‘Under Adjudication’ (বিচারাধীন) দেখাচ্ছে। অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর নাম ‘Deleted’ (মুছে ফেলা) হিসেবে প্রদর্শিত হচ্ছিল। এ ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়। সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়ায়, কারণ অনেক বৈধ ভোটারের ক্ষেত্রেও স্টেটাস ‘Under Adjudication’ দেখাচ্ছিল। এমনকি কোথাও কোথাও তথ্য দেখা গেলেও তা ডাউনলোড করা যাচ্ছিল না।

২৩ মার্চ গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও, তার ২৪ ঘণ্টা পরও বহু জায়গায় তথ্যের অসঙ্গতি বজায় ছিল। মঙ্গলবার রাতে হঠাৎ করেই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে প্রায় সব ভোটারকেই ‘বিচারাধীন’ হিসেবে দেখাতে শুরু করে। এই পরিস্থিতিতে শাসকদল তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়ায় সরব হয়ে দাবি করে, কোনও শুনানিতে ডাকা না হলেও বা চূড়ান্ত তালিকায় নাম থাকলেও, ভোটারদের ‘Under Adjudication’ হিসেবে দেখানো হচ্ছে। তাদের অভিযোগ, পুরো রাজ্যের ভোটারদেরই কার্যত বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে।

তবে নির্বাচন কমিশন পরে জানায়, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির ফল। কমিশনের দাবি, সার্ভারের সমস্যাসহ অন্যান্য প্রযুক্তিগত কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল এবং রাত প্রায় ১২টা নাগাদ সমস্যা সমাধান করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!