Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৮, ২০২৫

মা উড়ালপুলে দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি ! জখম ২ পথচারী

আরম্ভ ওয়েব ডেস্ক
মা উড়ালপুলে দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি ! জখম ২ পথচারী

সোমবারের ভোর-সকাল। আড়মোড়া ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে মহানগরী। অথচ এমন সময়েও মা উড়ালপুলে চলেছে দ্রুতগতির খেল! তারই মর্মান্তিক পরিণতি, ২ জন পথচারী রক্তাক্ত, উল্টে গিয়েছে গাড়ি। চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠছে।

জানা যাচ্ছে, সায়েন্স সিটির দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মার্সিডিজ গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক স্ট্রিট সংলগ্ন মা উড়ালপুলে উল্টে যায়। দুর্ঘটনার ফলে এক পথচারী মারাত্মকভাবে আহত হন, যিনি সেই সময় উড়ালপুলের ওপর দিয়ে হাঁটছিলেন। পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন রিমাংশু রাতারিয়া নামে এক যুবক। তিনি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারেন, এরপরই গাড়িটি উল্টে যায়, আহত হন আরো একজন। প্রথম আহত পথচারীর মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে, এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় গাড়িতে তাঁর সঙ্গে আরো ২ তরুণী ছিলেন, ঘটনার পর তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদেরও মদ্যপ অবস্থায় থাকার সন্দেহ করছে পুলিশ। চালক রিমাংশুকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেও দুর্ঘটনায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ‘মেডিকেল পরীক্ষা’র জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমেছেন কলকাতা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। দুর্ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা বাকি দুই তরুণীর খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। তাঁকে গ্রেফতার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।

প্রসঙ্গত, মা উড়ালপুল সাম্প্রতিক সময়ে এর আগেও একাধিক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে। গত এপ্রিল মাসে এক বাইক আরোহী দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর মাথায় হেলমেট ছিল না। বাইকের গতি ছিল অত্যধিক। মার্চ মাসে আরো একটি দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে এক তরুণী গুরুতর জখম হন। তিনি অ্যাপ বাইকে চড়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন, সে সময় বাইকটি উল্টে যায় এবং উড়ালপুল থেকে নিচে পড়ে যান তিনি। প্রশাসনের লাগাতার সতর্কবার্তার পরেও, একের পর এক দুর্ঘটনা মা উড়ালপুলে বেপরোয়া গতি ও অসতর্কতার ভয়াবহ পরিণতি তুলে ধরছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কড়া নজরদারি চলছে, পরিস্থিতি মোকাবিলায় আরো কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!