- দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৪
হত্যার প্রমাণ লোপাটে মালদায় পুড়িয়ে দেওয়া হল মহিলার শরীর, অভিযুক্ত গ্রেফতার কাটোয়ায়
এক মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য তার গোটা শরীর পুড়িয়ে দেওয়া হয়। মালদার চাঁচল থানা এলাকার নৃশংস ঘটনা। তারপর পুলিশের চোখে ধুলো দিতে মালদা স্টেশন থেকে ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেসে উঠে পড়ে মূল অভিযুক্ত বছর চল্ললিশের আবু তালিব। মালদার পুলিশ একথা জানতে পেরেই যোগাযোগ করে এই রেলপথ লাগোয়া বিভিন্ন থানার পুলিশের সঙ্গে। কাটোয়া স্টেশনে ট্রেন ঢুকতেই পুলিশের বাহিনী বিভিন্ন কামরায় উঠে তল্লাশি শুরু করে। দাঁইহাট ও অগ্রদ্বীপ স্টেশনের মাঝে একটি জেনারেল কামরা থেকে আবু তালিবকে পাকড়াও করে পুলিশ। ট্রেনটি যেহেতু কাটোয়া ছাড়ার পর নবদ্বীপে দাঁড়ায়, তাই নবদ্বীপ স্টেশনে তালিবকে নামিয়ে ফিরতি ট্রেনে কাটোয়ায় নিয়ে আসে। খবর পেয়ে প্রায় সঙ্গেসঙ্গেই কাটোয়ায় হাজির হয়ে ধৃতকে চাঁচল থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রের খবর, চাঁচলের ২নং ব্লকের মালতীপুরের একটি আমবাগানে খড়ের গাদা থেকে উদ্ধার হয় এক মহিলার দগ্ধ দেহ। তীব্র গন্ধ পেয়ে এলাকার বাসিন্দারা দেহটি দেখতে পান। তখনও শরীরে আগুনের আঁচ ছিল। সঙ্গে সঙ্গে আগুন নেভানোরও চেষ্টা করেন তাঁরা। যদিও তাতে তেমন লাভ হয়নি। দেহ ততক্ষণে পুরোপুরি দগ্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। দেহটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি মহিলাকে।
পুলিশি তদন্তে ঘটনাস্থলের কিছুটা দূরে একটি ঝোপ থেকে একটি রক্তমাখা ছুরি, জুতো, নাকছাবি, সিঁদুরের কৌটো ও হার উদ্ধার করেছে। দেহটির ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। পুলিশের মনে হচ্ছে, মহিলাকে বৃহস্পতিবার রাতে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে সন্দেহ পুলিশের।
❤ Support Us






