- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৬, ২০২৫
তরুণীকে শ্লীলতাহানি ! সালিশি সভায় অভিযুক্তকে গণপিটুনি, বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশ
তরুণীর সঙ্গে অশালীন আচরণ। তার জেরে গ্রামের মধ্যে বসে সালিশি সভা। সভার মাঝেই অভিযুক্ত যুবককে বেধড়ক মার। তাকে উদ্ধার করতে গেলে আক্রান্ত পুলিশও। হেনস্থার শিকার থানার ২ আইসি-সহ ৫ পুলিশকর্মী। পুলিশের গাড়িতে ভাঙচুর। ফের একবার গ্রামীণ সালিশি সভা ঘিরে উত্তপ্ত মালদহের হরিশচন্দ্রপুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত একটি গ্রামে গরু বাঁধতে গিয়েছিলেন এক তরুণী। সে সময় গ্রামেরই এক যুবক কাগজে ফোন নম্বর লিখে তাঁর হাতে দেওয়ার চেষ্টা করে। তরুণী নম্বর নিতে অস্বীকার করলে শুরু হয় অশালীন মন্তব্য। বাড়ি ফিরে পুরো ঘটনা জানান তিনি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। কিন্তু, অভিযোগ জমা পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনা মোড় নেয় অন্য দিকে। স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হকের ‘উদ্যোগে’ গ্রামে ডাকা হয় সালিশি সভা। অভিযোগ, সেখানে অভিযুক্ত যুবককে প্রকাশ্যে মারধর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়েন তাঁরা। অভিযোগ, সালিশি সভার মাতব্বররা পুলিশের হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় ধাক্কাধাক্কি, হাতাহাতি। একপর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। গুরুতর চোট পান ২ এএসআই-সহ ৫ জন পুলিশকর্মী। হেনস্থার শিকার হন থানার আইসি মনোজিৎ সরকার। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় গ্রামে। পরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এ ঘটনায় আলাদা করে মামলা রুজু হয়েছে। জেলার এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ সালিশি সভা বসালে তা বরদাস্ত করা হবে না। তদন্ত চলছে।’
ঘটনার পর গ্রামে চাপা উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রশাসনকে না জানিয়েই শাসক দলের স্থানীয় নেতার নির্দেশে এই সালিশি সভা ডাকা হয়েছিল। যদিও এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, মালদহে একাধিক ‘অবৈধ’ সালিশি সভা নিয়ে আগেও বিতর্ক হয়েছে। বারবার রাজ্যে এভাবে সালিশি সভা ডেকে গণপিটুনির ঘটনায় উদ্বেগ বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যের পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন, সালিশি সভার নামে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা রুখতে হবে। তবুও সে ধারাবাহিকতা যে এখনো থামেনি, মালদহের নতুন ঘটনা তার প্রমাণ।
❤ Support Us






