Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ৬, ২০২৫

দুর্ঘটনার কবলে ‘একেনবাবু’, টালিগঞ্জে অল্পের জন্য রক্ষা পেলেন অনির্বাণ

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্ঘটনার কবলে ‘একেনবাবু’, টালিগঞ্জে অল্পের জন্য রক্ষা পেলেন অনির্বাণ

টালিগঞ্জ ব্রিজের নীচে, শনিবার সকালে, বড়োসড় দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। জনপ্রিয় চরিত্র ‘একেনবাবু’-র মুখ হিসেবে যিনি সুপরিচিত, তাঁর গাড়ির সামনের কাচ মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। খবর মিলতেই অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তার মেঘ।

জানা গেছে, চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে অনুষ্ঠানমুখী ছিলেন অভিনেতা। টালিগঞ্জ ব্রিজের কাছে হঠাৎই একটি গাড়ি তাঁর গাড়ির সামনে ঢুকে পড়ে। সে গাড়িটিকে পাশ কাটাতে গিয়েই পেছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি বাস। জোরাল আঘাতে সামনের অংশ ভেঙেচুরে যায়। রাস্তার উপর মুহূর্তে জটলার ভিড়। দুর্ঘটনার পর অনির্বাণ নিজেই আশ্বস্ত করেন সবাইকে। জানান, ‘আমি ঠিক আছি। আমার গাড়ির চালকও আঘাত পাননি। তবে গাড়ির ক্ষতি হয়েছে।’

কিন্তু এখানেই থেমে থাকেননি অভিনেতা। বাসচালকের আচরণে ক্ষোভ উগরে দেন তিনি। অনির্বাণের অভিযোগ, ‘ধাক্কা দেওয়া পর, বাসচালক উল্টে আমাকে দোষ দিতে শুরু করেন। অত্যন্ত উদ্ধত আচরণ করেন। এমনকি পালানোর চেষ্টাও করেন। আমি বাধা দিই।’ অভিনেতা প্রথমে টালিগঞ্জ থানায় এবং পরে চারু মার্কেট থানায় ঘটনার কথা লিখিতভাবে জানান। পুলিশ সূত্রে খবর, অভিযোগ নথিভুক্ত হয়েছে। বাসচালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে গাড়ি রাস্তায় চালানোর মতো নেই বলেই জানিয়েছেন অনির্বাণ। প্রশাসনের সহযোগিতায় শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে করেই অনুষ্ঠানের গন্তব্যে পৌঁছে দেওয়া হয় তাঁকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!