- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৫, ২০২৩
বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগেও সোনা অদিতির
জুলাইতে জুনিয়র বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ভারতের উঠতি তারকা অদিতি গোপীচাঁদ স্বামী। একমাসও পার হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবার সোনা। এবার সিনিয়র বিভাগে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন ১৭ বছর বয়সী ভারতের এই মহিলা তিরন্দাজ। ফাইনালে অদিতি গোপীচাঁদ হারিয়েছেন মেক্সিকোর আন্দ্রেয়া বেসেরাকে।
প্রি–কোয়ার্টার ফাইনালে অদিতির প্রতিপক্ষ ছিলেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন সারা লোপেজ। তাঁকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছিলেন অদিতি গোপীচাঁদ। সেমিফাইনালে অদিতির প্রতিপক্ষ ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নম।
ভারতের সবচেয়ে সফল কম্পাউন্ড তিরন্দাজ জ্যোতিকে ১৪৯–১৪৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন অদিতি।
ষোড়শ বাছাই আন্দ্রেয়া বেসেরার বিরুদ্ধে অদিতির জয়ও দারুণ চমকের। প্রথম রাউন্ডের লড়াইয়ে অদিতি ১ পয়েন্টে এগিয়ে ছিলেন। পরের তিনটি রাউন্ডেও লিড ধরে রাখেন অদিতি। ধারাবাহিকতা দেখিয়ে প্রথম চারটি রাউন্ডে সেই লিড বাড়িয়ে নিয়ে যান তিনে। শেষ পর্যন্ত ১৪৯ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হন অদিতি।
চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটা অদিতির ও ভারতের দ্বিতীয় সোনা। ভারতের সোনাজয়ী মহিলা কম্পাউন্ড দলে অদিতি ছাড়াও ছিলেন পরণীত কৌর ও জ্যোতি সুরেখা ভেন্নম। তৃতীয় স্থান নির্ণায়ক প্লে–অফে তুরস্কের ইপেক তমরুককে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন জ্যোতি সুরেখা ভেন্নম।
❤ Support Us






