- দে । শ
- জানুয়ারি ১০, ২০২৫
পথ নিরাপত্তায় জোর, টোটো নিয়ন্ত্রণে প্রশাসনিক বৈঠক কালনায়
কালনা মহকুমা এলাকায় একের পর এক দুর্ঘটনার জেরে রাতের ঘুম উড়েছে পুলিশ-প্রশাসনের। এই পরিস্থিতির জন্য টোটোর দৌরাত্ম্যকেও দুষছেন অনেকেই। কারণ মহকুমার বিভিন্ন এলাকায় হু-হু করে বেড়ে চলেছে টোটোর সংখ্যা। বেলাগাম টোটোর রাশ টানতে কালনা মহকুমা প্রশাসনে বৈঠকে বেশকিছু পদক্ষেপ নেওয়া হল। কোন এলাকায় কত টোটো রয়েছে, কোথায় ক’টি টোটো স্ট্যাণ্ড রয়েছে, তারা কোন রুটে কীভাবে যাবে, সেই বিষয়গুলি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে ছিলেন কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ কুমার চৌধুরি, পরিবহণ আধিকারিক দেবদুলাল চট্টোপাধ্যায়, কালনা পুরসভার উপপুরপ্রধান তপন পোড়েল প্রমুখ।
কালনা মহকুমায় ১টি পুরসভা (কালনা) ও ৫ টি ব্লকে মোট ৪৭টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে। পুর এলাকা ও পঞ্চায়েত এলাকাগুলিতে ব্যাটারিচালিত টোটোর সংখ্যা ও দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। কালনা পুরকর্তারা জানান, এর ফলে শহরে রোজই যানজট তৈরি হচ্ছে। সমস্যা বাড়ছে গ্রামীণ এলাকার বাসিন্দাদেরও। শুধু তাই নয়, রাস্তার ধারে যেখানে সেখানে বেআইনিভাবে টোটো দাঁড়ানো-সহ অদক্ষ চালকদের জন্য আকছার ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। কালনা পুর এলাকায় চারশ টোটোর অনুমোদন রয়েছে। এই টোটোগুলি ছাড়াও বাইরে থেকে আসা টোটোও শহরে ভিড় করে। টোটো যাতে যন্ত্রনার কারণ না হয়ে মানুষের চলার সহায়ক হয় সেই লক্ষ্যেই বৈঠকটি হয়েছে বলে জানালেন কালনার উপপুরপ্রধান তপন পোড়েল। ঠিক হয়েছে, কালনা শহরের খেয়াঘাট, নতুন বাসস্ট্যাণ্ড, কালনা হাসপাতাল সংলগ্ন এলাকায় টোটো স্ট্যাণ্ড তৈরি হবে। স্কুল, কলেজ, হাসপাতাল, ফেরিঘাট, বাসস্ট্যাণ্ডের মত গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে দু’শো মিটার দূরে যাত্রীদের নামাতে হবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যানজট করা যাবেনা। যেখানে সেখানে টোটো দাঁড়ানো ও অস্থায়ী টোটো স্ট্যাণ্ড করা যাবে না। শহরের পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিতে কোথায় কত টোটো চলছে, নম্বর প্লেট রয়েছে কিনা, কোথায় কত টোটো স্ট্যাণ্ড রয়েছে, কোন রুটে কটা টোটো চলছে সেই নিয়ে ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতির সঙ্গে বৈঠক করে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হবে।
❤ Support Us





