- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২০, ২০২৫
‘আগ্রা’র মুক্তি নিয়ে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের উদ্বেগ, মাল্টিপ্লেক্স-ওটিটি প্ল্যাটফর্মকে নিশানা করে যৌথ বিবৃতি
নয়া প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা কানু বেহলের ‘আগ্রা’ ১৪ নভেম্বর মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন মোহিত আগরওয়াল, প্রিয়াঙ্কা বোস, রাহুল রায় ও বিবা চিব্বের। কিন্তু মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি স্ক্রিনের অভাবের কারণে সমস্যার মুখে পড়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরার পরই দেশের ৪৬ জন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা একযোগে যৌথ বিবৃতি জারি করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সমস্যা শুধু ‘আগ্রা’-র নয়। এটি একটি ‘দীর্ঘমেয়াদি প্রথাগত ধাঁচ’ যা স্বাধীন চলচ্চিত্রকে থিয়েটার ও ওটিটি-র জগতে সমান সুযোগ পাচ্ছে না। কান, ভেনিস, বার্লিন, সানড্যান্স, লোকার্নো, রটারড্যাম ও বুসানসহ আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রশংসিত হওয়া ছবিকেও পর্যাপ্ত হল দেওয়া হচ্ছে না। ওটিটি প্ল্যাটফর্মগুলোরও সমালোচনা করা হয়েছে, কারণ তারা সিনেমার অধিগ্রহণের জন্য থিয়েট্রিকাল পারফরম্যান্সকে প্রাথমিক শর্ত হিসেবে দেখছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন কানু বেহল ছাড়াও অলঙ্কৃতা শ্রীবাস্তব, বরুণ গ্রোভার, নন্দিতা দাস, পায়াল কাপাড়িয়া, ভাসান বালা, চৈতন্য তামহানে, হার্দিক মেহতা, ভাস্কর হাজরিকা, রাম রেড্ডি, হানি ত্রেহান ও রুচি নারায়ণ প্রমুখ। তাঁরা দাবি করেছেন, স্বাধীন চলচ্চিত্রের জন্য স্ক্রিন বরাদ্দে স্বচ্ছতা, সমান প্রদর্শন সময়, ওটিটি অধিগ্রহণে ন্যায্যতা এবং বিকল্প প্রদর্শন স্থানের ব্যবস্থা করতে হবে। কানু বেহল একদিন আগে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘আমাদের শো দেওয়া হচ্ছে না, কারণ বড়ো ব্লকবাস্টার চলেছে। তাই নাকি ছোটো ছবিগুলো মাল্টিপ্লেক্সের-এর প্রোগ্রামিং-এ ফিট করে না। এখন সবই দর্শকদের উপর নির্ভর করছে। আওয়াজ তুলুন, কর্মকর্তাদের ট্যাগ করুন, বলুন যে, আপনারা ছবিটি দেখতে চান।’
‘আগ্রা’ একটি ছোটো, ঘনবসতি পূর্ণ এলাকার এক পরিবারের অন্দর জীবনকে ঘিরে তৈরি হওয়া ছবি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র একটি যৌনতায় হতাশ যুবক, যে বিচ্ছিন্ন পরিবার আর নিজের কামনা বাসনার সঙ্গে নিরন্তর লড়াই করছে। জটিল মনস্তত্ত্ব, সম্পর্কের টানাপোড়েন, সমাজের জটিলতা, পারস্পরিক প্রভাব সবই রয়েছে এখানে। চলচ্চিত্রটি ২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। এরপর এটি জিও ‘এমএএমআই’ মুম্বাই চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন এবং নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘শ্রেষ্ট ভারতীয় ছবি’, ‘শ্রেষ্ট অভিনেতা পুরস্কার’ সহ বেশ কয়েকটি সম্মান অর্জন করেছে। নির্মাতারা তাঁদের যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘আমরা কোনো অভিযোগ করতে চাই না। তবে সময় এসেছে এমন একটা ব্যবস্থা তৈরি করার, যেখানে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা বাধাহীনভাবে দর্শকের সামনে উপস্থাপিত হতে পারবে। আমাদের সিনেমাগুলো বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তির রূপ দিয়েছে। এখন আমাদের দর্শকদেরও সেগুলো দেখতে দিতে হবে।’
❤ Support Us







