- দে । শ
- মে ২, ২০২৩
দেশব্যাপী এনআরসি সময়ের দাবি, বললেন হিমন্ত
দেশব্যাপী এনআরসি লাগু, সময়ের দাবি। আজ পর্যন্ত দেশের নাগরিকদের একটি জাতীয় পরিচয়পত্র নেই। আধার নাগরিকত্বের পরিচায়ক নয়।তাই আমরা জানি না দেশের সম্পদ কোন নাগরিকের কাছে যাচ্ছে । কর্ণাটকে বিজেপির ইস্তেহারি ঘোষণার প্রসঙ্গ উত্থাপন করে এনআরসির পক্ষে আবারও সওয়াল তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের ৯দিন আগে কর্ণাটকের বিজেপি দল এনআরসি চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে, রাজ্যের সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দ্রুত রাজ্যের বাইরে বের করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের বিজেপি দল। এ ছাড়াও গেরুয়া পার্টির অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে অভিন্ন দেওয়ানি আইন চালু করার প্রতিশ্রুতি, দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলোকে রান্নার গ্যাস সিলিন্ডার, ৫ কেজি চাল এবং বিনামূল্যে দুধ সরবরাহের ব্যবস্থার কথা।
হিমন্ত বিশ্বশর্মার মতে, নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে কর্ণাটক অভিন্ন দেওয়ানি আইন প্রণয়ন বিজেপির একটি সাহসী পদক্ষেপ। এই পদক্ষেপ সারা দেশে অভিন্ন দেওয়ানি আইন বাস্তবায়নের দাবির সূচনা করবে।পাশাপাশি কর্ণাটকের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন,কংগ্রেসের ইস্তেহারটি একটি ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বরং ওটা সাম্প্রদায়িক।
কংগ্রেস তাদের ইস্তেহারে উল্লেখ করেছে, ক্ষমতায় এলে তারা কর্ণাটকে বিজেপি যে সমস্ত আইন প্রণয়ন করেছে সেসব প্রত্যাহার করে আবার পুরনো আইনগুলি ফিরিয়ে আনবে। নিষিদ্ধ করা হবে বজরং দলকে।
এর প্রতিক্রিয়ায় হিমন্ত বলেছেন, “পিএফআই ইতিমধ্যেই নিষিদ্ধ। সিদ্দারামাইয়া সরকার পিএফআই নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেছে। এখন, মুসলমানদের সন্তুষ্ট করতে, কংগ্রেস বলছে তারা বজরং দলকে নিষিদ্ধ করবে। ইস্তেহারটি দেখে মনে হচ্ছে পিএফআই-র মদতেই এটি তৈরি করা হয়েছে এবং পিএফআই -এর প্রতি তাদের সহানুভূতিও প্রতিফলিত হতে দেখা যাচ্ছে।”
হিমন্তের প্রশ্ন , “কোথায় বজরং দল বোমা বিস্ফোরণ বা দাঙ্গা করেছে? কংগ্রেস শুধুমাত্র পিএফআই-এর হয়ে প্রতিশোধ নিতে চায়।”
হিমন্ত কর্ণাটকের মুসলমানদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ প্রত্যাহারের বিষয়টিকে “ঐতিহাসিক” বলে ব্যাখ্যা করে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থাকে কংগ্রেসের অসাংবিধানিক কাজ বলেও সমলাচনা করেছেন। যদিও সেই সরকারি ঘোষণায়, নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
❤ Support Us





