Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ১০, ২০২৫

বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘোষণার আগেই, ১২৫ আসনের প্রার্থী ঘোষণা জাতীয় নাগরিক পার্টির

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘোষণার আগেই, ১২৫ আসনের প্রার্থী ঘোষণা জাতীয় নাগরিক পার্টির

বাংলাদেশে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধরনের হাওয়া বইছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কেন্দ্র করে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার, মোট ৩০০ আসনের মধ্যে প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

ঢাকার বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং শীর্ষ নেতৃত্ব। ঘোষণায় উঠে এসেছে দলের নেতৃত্বদের নির্বাচনী অবস্থান। ঢাকা–১১ আসনে লড়বেন আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা–১৮ থেকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রংপুর–৪ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদস্য সচিব আখতার হোসেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়–১ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা–৪ থেকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া, নোয়াখালি–৬ থেকে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং ঢাকা–১৬ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবও প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য নির্বাচন করছি না। আমাদের লক্ষ্য হলো জনগণকে পরিবর্তনের পথে সঙ্গে নেওয়া। কত আসন পাবো বা পাবো না, সেটাই আমাদের বিবেচনার বিষয়ই নয়।’ এই মন্তব্যে স্পষ্ট, এনসিপি ক্ষমতা দখলের রাজনীতির বাইরে থেকে জনগণকে অন্তর্ভুক্ত করার সুকৌশল নিয়েই ভোটে নামছে। বাংলাদেশের রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, জাতীয় নির্বাচনে এনসিপি হয়তো কিছু সমমনোভাবাপন্ন দলের সঙ্গে জোট করতে পারে। বিশেষ করে গত বছরের ছাত্র আন্দোলন এবং তার পরের গণবিক্ষোভের পর এনসিপি ও জামাতের কিছু বিষয়ে মিল লক্ষ্য করা গিয়েছিল। তবে জুলাইয়ে সনদে স্বাক্ষর সংক্রান্ত অবস্থান পরিবর্তনের কারণে সম্ভাব্য জোটের কথাটি শেষ মুহূর্তে বাতিল হয়।

এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ‘প্রথম ধাপে আমরা ১২৫ জনকে মনোনয়ন দিচ্ছি। দ্বিতীয় ধাপে বিএনপি বা জামায়াতের যারা বিদ্রোহী এবং সংস্কারের পক্ষে, তাদেরও আমরা মনোনয়ন দেব।’ তিনি আরো বলেছেন, ‘যারা অর্থবিত্তে পিছিয়ে থেকেছেন, কিন্তু জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন, তাদের জন্য আমাদের দরজা সর্বদা খোলা। সংখ্যালঘু সম্প্রদায়, আহত ও শহীদ পরিবারের অনুপাত বিবেচনা করে আমরা প্রার্থী দেব। কোনো বিশেষ ব্যক্তি বা স্বার্থের জন্য আসন ফাঁকা রাখা হয়নি।’ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৩০০ আসনে এমন প্রার্থী দেব, যারা গণভোটের পক্ষে জনমত তৈরি করতে সক্ষম। ভোটের জন্য সরাসরি প্রার্থিতা নয়, জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১২৫টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা দেশীয় রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তি হিসেবে ধরা দিতে পারে। দলের তরুণ ও নতুন মুখের উপস্থিতি, সংখ্যালঘু সম্প্রদায় ও শহীদ পরিবারের প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি এবং ক্ষমতা অর্জনের বাইরের রাজনৈতিক দর্শন, এসবই এ দলের বিশেষ চিহ্ন হিসেবে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে ফুটে উঠতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!