Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২০, ২০২৫

পঞ্চম পাশ যোগ্যতার ১৮৭ চুক্তিভিত্তিক পদ, পরীক্ষার্থী ৮ হাজার। রানওয়েতে বসিয়ে হোম গার্ড পরীক্ষা ওড়িশায়

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চম পাশ যোগ্যতার ১৮৭ চুক্তিভিত্তিক পদ, পরীক্ষার্থী ৮ হাজার। রানওয়েতে বসিয়ে হোম গার্ড পরীক্ষা ওড়িশায়

হোম গার্ডের মাত্র ১৮৭টি চুক্তিভিত্তিক পদের জন্য প্রায় ৮,০০০ প্রার্থী। স্কুলের ক্লাসরুম বা কলেজ হল নয়, পুরো এয়ারস্ট্রিপই হয়ে উঠল পরীক্ষা কেন্দ্র। কংক্রিটের রানওয়েতে সারি সারি বসে প্রার্থীরা লিখিত পরীক্ষা দিচ্ছে, খোলা আকাশের নিচে। এটি শুধুই সংখ্যা নয়, এটি দেশের চাকরির বাজারের এক নির্মম প্রতিচ্ছবি।

নিয়োগ কর্তৃপক্ষের দাবি, পরীক্ষার্থীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রচলিত কোনো পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। প্রায় ১০,০০০ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষার দিনে উপস্থিত ছিলেন প্রায় ৮,০০০ জন। সম্বলপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘এত বিশাল সংখ্যক প্রার্থীর জন্য অন্তত ২০টি স্কুলের ব্যবস্থা করতে হতো। সম্বলপুরে প্রায় প্রতি রবিবারই একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একসাথে এতজন প্রার্থীকে সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। সাধারণত পুলিশ ও সেনা নিয়োগ পরীক্ষাও খোলা মাঠে নেওয়া হয়। বিশৃঙ্খলা এড়াতে আমরা জামাদারপালি এয়ারস্ট্রিপকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করেছি।’

হোম গার্ড পদের জন্য ন্যূনতম যোগ্যতা পঞ্চম শ্রেণি পাশ হলেও, পরীক্ষায় উপস্থিত প্রার্থীদের মধ্যে অনেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন। সরকার যাই বলুক না কেন, দেশে শিক্ষিত যুবকদের স্থায়ী কর্মসংস্থানের অভাব যে কতখানি ভয়াবহ চেহাড়া নিয়েছে, এ ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। এর আগেও ডোমের চাকরির জন্য স্নাতকোত্তর এমনকি পিএচডি করা প্রার্থীর আবেদন হইচই ফেলে দিয়েছিল। দেশের আনাচে কানাচে, একাধিক স্বপ্লবেতন বা চুক্তিভিত্তিক পদের জন্যও প্রার্থীদের এমন আগ্রহ দেখে সহজেই অনুমেয়, ভারতের শিক্ষাপরিকাঠামো, চাকরি কিংবা কর্মসংস্থানের হাল হকিকত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ওড়িশায় হোম গার্ড নিয়োগ চুক্তিভিত্তিক হলেও রাজ্য সরকার দৈনিক দায়িত্ব ভাতা ৬৩৯ টাকা প্রদান করে। এই পদ যুবকদের জন্য সাময়িক হলেও কর্মসংস্থানের সুযোগ হিসেবে গণ্য হচ্ছে। এদিন, হোমগার্ড প্রার্থীদের ৯০ মিনিটে দুই ভাগে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাক দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা মোতায়েন করে, প্রার্থীদের উপর নজরদারির জন্য ড্রোন ব্যবহার করে পরীক্ষা পরিচালনা করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!