Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৫

ফের হাসপাতালের মধ্যে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাড়োয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের হাসপাতালের মধ্যে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাড়োয়া

ফের হাসপাতালের মধ্যে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের পর উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাড়োয়া। চলল টায়ার জ্বলিয়ে রাস্তা অবরোধ। গ্রেপ্তার অভিযুক্ত হাড়োয়া গ্রামীণ হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসারত এক নাবালিকাকে শৌচালয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই হাসপাতালেরই এক অস্থায়ী স্বাস্থ্যকর্মী।

নাবালিকার চিৎকারে হাসপাতালের অন্য কর্মীরা ছুটে আসে। ওই স্বাস্থ্যকর্মী গা ঢাকা দেয়। এই ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে। বৃহস্পতিবার রাতে ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন এক নাবালিকা। রাতে ওই কিশোরী হাসপাতালের ওয়ার্ডে ভর্তি ছিল। গভীর রাতে হাসপাতালে মহিলা ওয়ার্ডের ভেতরে ঢুকে কয়েকটি প্যাথলজি টেস্টের নাম করে শৌচালয়ে নিয়ে আসে ওই যুবক। শৌচালয়ের মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে এক অস্থায়ী স্বাস্থ্যকর্মী। ওই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে, অপরাধীর গ্রেপ্তারের দাবিতে নির্যাতিতার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা হাড়োয়া গ্রামীণ হাসপাতালের বাইরে আজ হাড়োয়া বেড়াচাঁপা রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। প্রায় আট ঘন্টা ধরে চলে এই অবরোধ বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে আগুন অবরোধ তোলে হাড়োয়া থানার পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে হাড়োয়া থানার পুলিশ ওই হাসপাতাল চত্বর থেকেই অস্থায়ী স্বাস্থ্য কর্মী অভিযুক্ত শেখ রিয়াজকে গ্রেফতার করে। নির্যাতিতার মা জানিয়েছেন, ‘‌এই ঘটনায় খুবই আতঙ্কে রয়েছি আমরা, যেখানে মানুষ সুস্থ হওয়ার জন্য যায় সেখানে যদি এইরকম অমানবিক ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, ওর যেন উপযুক্ত সাজা হয়।’‌ হাসাপাতালের অন্য রুগী ও তাদের পরিবারের লোকজন নিরাপত্তার অভাব বোধ করছেন। এমনকী হাসপাতালের নার্স ও মহিলা কর্মীরাও আতঙ্কিত। এই ঘটনার প্রতিবাদে রাস্তা বিক্ষোভ দেখায় সিপিএম। ‌রাজ্য স্বাস্থ্য অধিকর্তার এদিন বসিরহাট জেলা হাসপাতাল পরিদর্শনে আসায় জেলা স্বাস্থ্যকর্তারা হাড়োয়া হাসপাতালের ঘটনা নিয়ে মুখ খোলেন নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!