Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২১, ২০২৫

কালনায় বেআইনি বৃক্ষছেদন

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় বেআইনি বৃক্ষছেদন

সরকারি জায়গায় থাকা বনসৃজনের বড়সড় গাছ কোনও অনুমতি ছাড়াই দিনেদুপুরে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কালনা ২নং ব্লকের বাদলা পঞ্চায়েত এলাকায়। বেশ কিছু কাটা গাছ পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করেন তারা। সরকারি জায়গায় থাকা বনসৃজনের গাছ বনদপ্তরের অনুমতি ছাড়াই সিঙ্গারকোণের একটি হিমঘরের কাছে গাছ কাটার কাজ চলছিল। সেগুলি কেটে গাড়িতে তুলেও ফেলা হয়। কিন্তু স্থানীয়রা খবর পেয়ে এলাকায় হাজির হয়ে আটকে দিয়ে কালনা থানার পুলিশকে খবর দেন।

গাছ কাটার তত্ত্বাবধানে থাকা আব্দুল খালেক গাজী নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তাকে ওই গাছগুলি কাটার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট বাদলা পঞ্চায়েত। যদিও তিনি এদিন কোনও অনুমতিপত্র দেখাতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও গাড়ি-সহ কাটা গাছগুলিকে বাজেয়াপ্ত করে। মানিক পাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই এলাকার বিভিন্ন প্রান্তে দিনেদুপুরে এইভাবে সরকারি জায়গায় থাকা গাছগুলিকে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই বেআইনি কাজকে কোনওভাবেই সমর্থন করা যাবে না। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ব্লক প্রশাসন, বনদপ্তর ও থানাকে অভিযোগ জানিয়েছি।’ এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান বাপ্পাদিত্য গোস্বামী বলেন, ‘আমি কাউকে গাছ কাটার অনুমতি দিইনি। আমার বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!