Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৫, ২০২৫

বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের কাছে টাকা নেওয়ার অভিযোগ মেমারিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের কাছে টাকা নেওয়ার অভিযোগ মেমারিতে

বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে ‘উন্নয়ন খাতে’ টাকা আদায়ের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নং ব্লকের বিভিন্ন এলাকায়। অভিযোগের খবর পেয়েই জেলাশাসক আয়েশা রানির নির্দেশে তদন্তে নেমেছেন বিডিও শতরূপা দাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি সাফ বলে দিয়েছিলেন, বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েত বা দল (তৃণমূল) যেন নাক না গলায়। মেমারি ১নং ব্লকে এই প্রকল্পের অর্থ পেয়েছেন সাড়ে ৪ হাজারের কাছাকাছি বাসিন্দা। তাদের মধ্যে সিংহভাগ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেও গিয়েছে। অভিযোগ এই ব্লকের দলুইবাজার ২নং, দুর্গাপুর, নিমো ২নং-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের তালিকা দেখে পঞ্চায়েতের ‘উন্নয়ন খাতে’ হাজার টাকা করে চাওয়া হচ্ছে বলে অভিযোগ। টাকা নেওয়ার অভিযোগ শুনে ঢোঁক গিলছেন নিমো ২নং পঞ্চায়েতের উপপ্রধান আবদুল রহমান শেখ। এই পঞ্চায়েতে এ পর্যন্ত ৭০ জনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অবশ্য উপপ্রধানের সাফাই, ‘বাংলার বাড়ি প্রকল্পের মডেল নিয়ম-নীতি মেনে যারা বাড়ি করছেন, তাদের কাছ থেকে একটা পয়সাও নেওয়া হবে না। কিন্তু এই প্রকল্পের মডেলের বাইরে গিয়ে যারা বড় বড় বাড়ি হাঁকাচ্ছে, শুধুমাত্র তাদের কাছ থেকেই ডেভেলপমেন্ট ফি নেওয়া হচ্ছে।’ দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষের দাবি, ‘কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি। অনেকে খুশি মনে পঞ্চায়েতের উন্নয়নে ডোনেশেন দিচ্ছেন।’ তবে ‘দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাওয়ার’ আশঙ্কায় টাকা দিলেও মুখ খুলতে চাইছেন না অনেক উপভোক্তা। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যর বক্তব্য, ‘বিডিওকে বলে দিয়েছি কোনও উপভোক্তার কাছে যেন পঞ্চায়েতগুলো টাকা দাবি না করে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।’

বাংলার আবাস যোজনার টাকা হাতানো রুখতে আগেই ব্যবস্থা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। চালু করেছে কিউআর কোড। কেউ কাটমানির দাবি করলেই এই কোড স্ক্যান করে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ সরাসরি পৌঁছে যাবে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। জেলাশাসক আয়েশা রানি এ-র সাফ কথা, ‘বহুবার যাচাই করে আবাস যোজনা প্রকল্পের জন্য চূড়ান্ত করা হয়েছে যোগ্য উপভোক্তাদের তালিকা। তাই কাউকে একটা পয়সাও দেবেন না। কেউ চাইলে সরাসরি পুলিশ-প্রশাসনকে জানান।’

প্রশাসন সূত্রের খবর, কেন্দ্র সরকার আবাস যোজনা প্রকল্পে টাকা না দেওয়ায় রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি স্তরে যাচাইয়ের পর চূড়ান্ত করা হয়েছে উপভোক্তাদের তালিকা। জেলায় এবার ৭৫ হাজারেরও বেশি জনের নাম উঠেছে উপভোক্তাদের তালিকায়। তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাও শুরু হয়েছে। আর এটা জেনেই তৎপরতা শুরু করেছে প্রতারকরা। উপভোক্তাদের তালিকা সংগ্রহ করে ফোনে যোগাযোগ করা শুরু করেছে প্রতারকের দল। আর এটা আটকাতেই কিউআর কোডের ভাবনা।

অযোগ্যরা যাতে আবাস যোজনার টাকা পেতে না পারে, সে ব্যাপারে প্রশাসন যথেষ্ট সতর্ক। সেই টাকা ফেরত নেওয়াতো বটেই, এমনকী আইনি পদক্ষেপও নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিকেরও কৈফিয়ৎ তলব করা হবে। পাকা বাড়ি থাকলে কোনওভাবেই আবাস যোজনার টাকা মিলবে না। তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলছিলেন, ‘যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা, সেই টাকা গৃহহীন মানুষকে দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। যা গোটা দেশের নিরিখে বিরল দৃষ্টান্ত।’ আরও বলেন, ‘এবার রাজ্যে আবাসের টাকা দেওয়ার প্রক্রিয়ার শুরু থেকেই আমাদের দলের সর্বস্তরে বার্তা পাঠানো হয়েছে যাতে এই প্রকল্পে কারা যোগ্য, কারা অযোগ্য, সে বিষয়ে যেন কেউ নাক না গলায়। প্রশাসন অত্যন্ত যোগ্যতার সঙ্গে সঠিকভাবে যাচাই করে উপভোক্তাদের তালিকা ঠিক করেছেন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!