Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৯, ২০২৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে মতুয়া প্রত্যাশা, নাগরিকত্ব প্রশ্নে বার্তার দিকেই তাকিয়ে ঠাকুরবাড়ি

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে মতুয়া প্রত্যাশা, নাগরিকত্ব প্রশ্নে বার্তার দিকেই তাকিয়ে ঠাকুরবাড়ি

শুক্রবার গাইঘাটার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টাতেই উৎসবের রূপ নিয়েছে ঠাকুরবাড়ি। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দির থেকে বড়মার মন্দির—সব জায়গাই ফুলের সাজে সেজে উঠেছে মতুয়া ভক্তদের উদ্যোগে। বনগাঁ থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা সাজানো হয়েছে মতুয়াদের লাল নিশানে।

প্রথমে ঠিক ছিল, নদিয়ার তাহেরপুরের সভা শেষ করে আবহাওয়া অনুকূল থাকলে হেলিকপ্টারে করে অভিষেক ঠাকুরনগর হাইস্কুল মাঠে নামবেন। সেখান থেকে গাড়িতে করে মাত্র ৫০০ মিটার পথ পেরিয়ে তিনি পৌঁছবেন ঠাকুরবাড়িতে। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, সেই রুটে কিছুটা পরিবর্তন হয়েছে। এখন বনগাঁ শহরের কিষান মান্ডির মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই দুপুর দু’টো নাগাদ হেলিকপ্টার নামার পর গাড়িতে করে ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক।

এই সফরের দিকে বিশেষ নজর রয়েছে মতুয়া সমাজের। বনগাঁ মহকুমায় প্রায় ১ লক্ষ ২০ হাজার মতুয়া সম্প্রতি শুনানির নোটিস পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত নথি না থাকায় তাঁদের মধ্যে বেনাগরিক হয়ে যাওয়ার আশঙ্কা দানা বেঁধেছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরেও নাগরিকত্ব নিয়ে স্পষ্ট কোনও বার্তা না মেলায় হতাশ মতুয়ারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি সফরের দিকেই তাকিয়ে আছেন।

গাইঘাটা ও ঠাকুরনগরের পাশাপাশি বনগাঁ উত্তর ও দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রেও বিপুল সংখ্যক মতুয়া ভোটার রয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে বনগাঁ থেকে গাড়িতে করে অভিষেককে ঠাকুরবাড়িতে আনার মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার পাশাপাশি মতুয়া সমাজের মন জয় করতে চাইছে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব।

ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়ে, বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর অভিষেককে স্বাগত জানাবেন। মতুয়া পাগল ও গোঁসাইরা ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নিয়ে যাবেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। সেখানেই পুজোর ব্যবস্থা করবেন তাঁরাই। পরে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে অভিষেক যাবেন বড়মার মন্দিরে, যেখানে ধান ও দূর্বা দিয়ে তাঁকে আশীর্বাদ করবেন মমতাবালা ঠাকুর। এরপর তৃণমূল-প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কার্যালয়ে পাগল, গোঁসাই ও দলপতিদের সঙ্গে অভিষেকের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এ দিন দলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার-সহ তৃণমূল নেতৃত্ব কিষান মান্ডির মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাড ঘুরে দেখেন। বিশ্বজিৎ দাস বলেন, “বনগাঁ থেকেই গাড়িতে করে ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে মানুষের আবেগ রয়েছে, তাই রাস্তার দু’ধারে প্রচুর মানুষ থাকবেন।” মমতাবালা ঠাকুর জানান, “সব ব্যবস্থা করা হয়েছে। অভিষেক কিছু বলবেন কি না বা বৈঠক করবেন কি না, তা তাঁর সিদ্ধান্ত।”

উল্লেখ্য, কয়েক বছর আগে ঠাকুরবাড়িতে এসে মন্দিরে পুজো দিতে গিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাধার মুখে পড়েছিলেন অভিষেক। এ বারও তাঁর সফর ঘিরে আগেভাগেই বিজেপির তরফে আপত্তির সুর চড়ানো হয়েছে। সম্প্রতি বিজেপি ও তৃণমূলপন্থী মতুয়াদের সংঘর্ষে উত্তাল হয়েছিল ঠাকুরবাড়ি এলাকা। সেই অভিজ্ঞতার কারণে এ বার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে বনগাঁ পুলিশ জেলা ও প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!