Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৬, ২০২৬

জুনে বঙ্গ সফরে অমিত শাহ, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঘিরে উচ্চপর্যায়ের বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
জুনে বঙ্গ সফরে অমিত শাহ, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঘিরে উচ্চপর্যায়ের বৈঠক

জুন মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, তাঁর এ সফরের মূল ফোকাস থাকবে বাংলাদেশ লাগোয়া রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি। সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক স্পর্শকাতর অঞ্চল সরেজমিন পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন নিরাপত্তা ইস্যু পর্যালোচনাও করবেন।

সূত্রের দাবি, সীমান্তে অনুপ্রবেশ, গবাদি পশু ও মাদক পাচার, জাল নোট চক্র এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থার নানা দুর্বলতা নিয়ে বিস্তারিত রিপোর্ট চান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সফরে বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তাঁর আলোচনার সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদেরও ইতিমধ্যেই প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে খবর।

রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সফর শুধুমাত্র প্রশাসনিক নয়, এর রয়েছে স্পষ্ট রাজনৈতিক তাৎপর্যও। বিধানসভা নির্বাচনের পর ফের সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশের ইস্যুকে সামনে এনে রাজনৈতিক বার্তা দিতে চাইছে বিজেপি। দীর্ঘদিন ধরেই এ ইস্যুতে রাজ্যের পূর্বতন সরকারের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির। ফলে অমিত শাহের এই সফরকে রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

পশ্চিমবঙ্গ সফরের আগে দেশের একাধিক সীমান্তবর্তী রাজ্যেও সফর করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার রাজস্থানের বিকানেরে বিএসএফের সীমান্ত চৌকি পরিদর্শনের পর সোমবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন তিনি। এছাড়াও ২৯ মে গুজরাতের ভুজ সফরে গিয়ে হারামি নালা এলাকা পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। এরপর ৫ জুন ত্রিপুরা সীমান্তেও যাওয়ার কথা রয়েছে। দেশের আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও জোরদার করা, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় গড়ে তুলতেই তাঁর ধারাবাহিক সফরসূচি নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সবকিছুর মধ্যেই পশ্চিমবঙ্গ সফর ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে দিল্লি ও রাজ্যের রাজনৈতিক মহলে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!