- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৬, ২০২৬
মায়াপুরে আসছেন অমিত শাহ, ইসকন মন্দিরে ঠাসা কর্মসূচি। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর ১৫২তম জন্মোৎসবে যোগ
বঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁর একদিনের ঝটিকা সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। সফরের মূল আকর্ষণ নদিয়ার মায়াপুরে অবস্থিত ইস্কন মন্দিরে তাঁর উপস্থিতি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের বৈতরণী পেরতে শ্রীকৃষ্ণের দরবারে প্রার্থনা জানাতেই এই সফর তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে প্রচার জোরদার করেছে বিজেপি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী Narendra Modi উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করেছেন। আবারও মার্চ মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাঁর সভা হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।
কয়েক দিন আগেই দলীয় কর্মসূচিতে এসে বারাকপুর ও শিলিগুড়িতে সভা করেছিলেন অমিত শাহ। সেই ধারাবাহিকতায় এবার তাঁর গন্তব্য মায়াপুরের ইসকন মন্দির।
প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তিনি রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে প্রথমে যাবেন ইসকনের শঙ্খভবনে, পরে পদ্মভবনে।
সেখানে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে তিনি অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে। এরপর তিনি যোগ দেবেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর ১৫২তম জন্মতিথি উদ্যাপন অনুষ্ঠানে। মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিতেও অংশ নিতে পারেন অমিত শাহ—এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
মার্চের শুরুতেই দোল উৎসব। সেই উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু ভক্ত ইতিমধ্যেই মায়াপুরে সমবেত হচ্ছেন। এই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
শাহের সফর ঘিরে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা তুঙ্গে। মন্দির চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রশাসনিক কর্তারা ইতিমধ্যেই একাধিক এলাকা পরিদর্শন করেছেন বলে সূত্রের খবর।
সব মিলিয়ে, ভোটের মুখে অমিত শাহের মায়াপুর সফর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।
❤ Support Us








