- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৪, ২০২৫
অন্ধ্রপ্রদেশে বাসে জীবন্ত দগ্ধ ১৯, গুরুতর আহত বহু
শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটা ভলভো বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এপর্যন্ত ১৯ জন প্রাণ হারিয়েছেন। অনেকেই গুরুতর জখম। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার মাঝরাতে ৪০ জন যাত্রী নিয়ে হায়দরাবাদ থেকে বাসটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভোর সাড়ে ৩টে নাগাদ কুর্নুলের উলিন্দাকোন্ডার চিন্না টেকুর গ্রামের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে একটা মোটরবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি বাসের নীচে আটকে যায়। পুলিশের অনুমান, সেই বাইক থেকেই বাসটিতে আগুন লেগে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন গোটা বাসটিকে গ্রাস করে ফেলে। সেই সময় যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল।
আগুন লাগার খবর পেয়েই স্থানীয়ারা প্রথমে ছুটে আসে। তারা আগুন নেভানোর চেষ্টা করে। পুলিশের টহলদারি ভ্যান ও দমকলবাহিনীও ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগায়। বাসটি এসি হওয়ায় জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী মারা যান। গুরুতর আহতের কুর্নুল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কুর্নুলের পুলিশ সুপার বিক্রান্ত পাটিল বলেন, ‘কাবেরী ট্রাভেলসের একটা ভলভো বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। ভোর ৩টে নাগাদ ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ে। একটা দু’চাকার গাড়িকে ধাক্কা দেয়। বাইকটি বাসের নিচে আটকে যায়। সম্ভবত সেখান থেকেই আগুনের সূত্রপাত। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করছে। যেহেতু এটি এসি বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভেঙে ফেলতে হয়েছিল। যারা কাচ ভেঙে বেরিয়ে আসতে পেরেছে, তারা নিরাপদে রয়েছে।’ বিক্রান্ত পাটিল আরও বলেন, ‘যাত্রী তালিকা অনুযায়ী বাসটিতে চালক এবং বাস কর্মীসহ ৪০ জন যাত্রী ছিলেন। ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার এবং নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। এক্স–এ তিনি লিখেছেন, ‘কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। নিহত ও আহতদের পরিবারবর্গকে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।’
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডিও মর্মান্তিক বাস দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। সরকারের প্রতি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তেলুগু দেশম পার্টির সাধারণ সম্পাদক লোকেশ নারাও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
❤ Support Us






