Advertisement
  • দে । শ
  • মে ২৬, ২০২৬

বুধবার থেকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ, অনলাইন-অফলাইনে আবেদন

আরম্ভ ওয়েব ডেস্ক
বুধবার থেকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ, অনলাইন-অফলাইনে আবেদন

রাজ্যে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের সরকারি প্রক্রিয়া শুরু হচ্ছে বুধবার থেকেই। ওই দিন নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে আবেদনপত্র। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আবেদনকারীরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করার সুযোগ পাবেন। পাশাপাশি মা ক্যান্টিন নিয়েও বড় ঘোষণা করেন তিনি। সপ্তাহে দু’দিন ৫ টাকাতেই মাছ-ভাত দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার কল্যাণীর এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু। বৈঠক শেষে তিনি বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে ‘অন্নপূর্ণা ভান্ডার’ এবং ‘স্বাস্থ্য সাথী’-কে ‘আয়ুষ্মান ভারত’-এ রূপান্তরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, নতুন প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। বুধবার নবান্নে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সেই ফর্ম প্রকাশ করা হবে। তাঁর কথায়, “যত দ্রুত নথিভুক্তকরণ সম্পন্ন হবে, তত দ্রুত উপভোক্তাদের সুবিধা দেওয়া সম্ভব হবে।”

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন প্রকল্পের অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে ফর্ম জমা ও যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পুরনো ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা নিয়ম মেনেই দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও জানান, ফর্মের প্রতিলিপি বুধবার থেকেই পাওয়া যাবে। শুধু সাধারণ মানুষের উপর দায়িত্ব না ছেড়ে দিয়ে বিধায়কদেরও আবেদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিডিওদের নেতৃত্বে সরকারি কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন।

নাগরিকত্বের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁরা এ দেশের নাগরিক নন, তাঁরা এই সুযোগের আওতায় আসবেন না।”

এদিন মা ক্যান্টিন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৪০০টি মা ক্যান্টিন চালু রয়েছে। এর মধ্যে সপ্তাহে দু’দিন ৫ টাকায় মাছ-ভাত দেওয়া হবে। বাকি দিনগুলোতে আগের মতোই ৫ টাকায় ডিম-ভাত মিলবে।

এদিন শুভেদু অধিকারী বলেন, “প্রশাসনিক বৈঠকে বিশেষ বিশেষ সাংসদদের ডাকব। যাঁরা অনেকদিন পর সত্য কথা বলছেন তাঁরাই বিশেষ বিশেষ সাংসদ। এদিন বৈঠকে বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এবং উত্তর ২৪ পরগণার ৬ জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। তারমধ্যে বসিরহাটের বিধায়ক বৈঠকে বক্তব্য রাখেন। কাকলীদেবীও বক্তব্য রাখেন, বলেন আগে ডাক পেতাম বলতে পারতাম না। আজ অন্যরকম অভিজ্ঞতা হল।”

শুভেন্দু অধিকারী বলেন, “গত ৫ বছরতো আমাদের ডাকেনি। তখন শাসকের আইন চলেছে। আমরা আইনের শাসন চালাব। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন সবার কাছে পৌঁছে দেব।”


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!