Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১, ২০২৪

খোয়া গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতকোত্তর ‌পরীক্ষার উত্তরপত্র।উদ্বেগে ১২০ ছাত্রছাত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
খোয়া গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতকোত্তর ‌পরীক্ষার উত্তরপত্র।উদ্বেগে ১২০ ছাত্রছাত্রী

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতকোত্তর বিভাগের ১২০ জন ছাত্রছাত্রীর উত্তরপত্র খোয়া গিয়েছে। এই উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের শিক্ষামহলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে কোনও উত্তরপত্র হারায়নি। এরজন্য কলেজগুলি দায়ী।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৯টি কলেজে বাংলা স্নাতকোত্তর বিভাগে পড়ানো হয়। এবছর এপ্রিলে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়েছে। ৩টি কলেজ থেকে ১২০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র হারিয়ে গেছে। যেসব পরীক্ষার্থীর উত্তরপত্র হারিয়ে গেছে, তাঁদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কলেজের ছাত্রছাত্রী৷ উত্তরপত্র কীভাবে হারিয়ে গেল তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত।

উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যাদের উত্তরপত্র হারিয়ে গেছে, তাঁদের দুটো বিকল্প দেওয়া হবে। নতুন করে পরীক্ষায় বসা অথবা প্রথম সেমিস্টারের যে বিষ‌য়ে সবচেয়ে বেশি নম্বর থাকবে, সেই বিষয়ের নম্বর হারিয়ে যাওয়া খাতার নম্বর হিসাবে গণ্য হবে। এই দুটি বিকল্পের মধ্যে একটা ছাত্রছাত্রীদের একটা বেছে নিতে বলা হবে। উপাচার্য অবশ্য এই ব্যাপারে এখনও অনুমোদন দেননি।

এদিকে, উত্তরপত্র হারানো নিয়ে পরোক্ষে অতিথি অধ্যাপকদের দিকে আঙুল তুলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‌বিশ্ববিদ্যালয় খাতা হারায়নি। কলেজ থেকে খাতা হারিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ৮৬ বিভাগ রয়েছে। আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। কলেজগুলিতে বাম আমলে স্নাতকোত্তর কোর্স খোলা হয়েছিল। সেখানকার অতিথি শিক্ষকেরা স্নাতকোত্তরের শিক্ষকদের মতো কর্তব্যে প্রতিশ্রুতিবদ্ধ নন। এর ফলেই যত দুর্গতি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!