Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৬, ২০২৩

অবশেষে গ্রেফতার অনুব্রতর কন্যা।কাল দিল্লির আদালতে পেশ করবে ইডি

আরম্ভ ওয়েব ডেস্ক
অবশেষে গ্রেফতার অনুব্রতর কন্যা।কাল দিল্লির আদালতে পেশ করবে ইডি

চিত্র: সংবাদ সংস্থা

গরু পাচার কাণ্ডে অনুব্রতর মণ্ডলের পর এবার তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করল ইডি৷ বুধবার দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে আসেন সুকন্যা৷ কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদের সময় সুকন্যা ক্রমাগত প্রশ্নের জবাব এড়িয়ে যেতে থাকেন বলে ইডি সূত্রে খবর৷ এর পরেই অনুব্রত কন্যাকে গ্রেফতার করে ইডি৷ এর আগে সুকন্যা একাধিকবার ইডি-র নোটিসকে উপেক্ষা করে হাজিরা এড়িয়ে গেছেন।

২০২২-এর অগাস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই৷ এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত। গরু পাচার মামলায় সুকন্যাকে এবার গ্রেফতার  করল ইডি৷ আগেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও গ্রেফতার করেছে ইডি৷

গরু পাচারের থেকে অনুব্রত যে টাকা পেতেন, তার সবথেকে বড় সুবিধাভোগী ছিলেন তাঁর কন্যা সুকন্যা। এই অভিযোগ ইডি-র৷ তাঁর নামেই রাইস মিল খুলে টাকা সরানো হতো বলে ইডির অভিযোগ৷ সুকন্যার আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির পরিমাণেরও কোনও সঙ্গতি ছিল না৷
ইডি সূত্রের খবর, এর আগে প্রতিবারই  জিজ্ঞাসাবাদের সময় সুকন্যা দাবি করেছেন তিনি কিছু জানেন না৷ সব জানেন তাঁর বাবা। এমন কি, নানা অছিলায় একাধিকবার হাজিরাও এড়িয়েছেন সুকন্যা৷ তদন্তে অসহযোগিতা এবং ইডি-র কাছে সমস্ত নথি জমা না দেওয়ার জন্যই শেষ পর্যন্ত  সুকন্যাকে ইডি গ্রেফতার করল৷

ইডি সূত্রে খবর, তদন্তে নেমে সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সাধারণ একজন স্কুল শিক্ষিকা হয়েও তাঁর নামে রাইস মিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকা এবং এতো জমি কি ভাবে হল৷ ভোলে ব্যোম রাইস মিল ছাড়াও তিনি দুটি সংস্থার ডিরেক্টর পদেও রয়েছেন সুকন্যা৷

বুধবার সকাল সাড়ে দশটা  নাগাদ সুকন্যা  দিল্লিতে ইডি-র সদর দফতরে পৌঁছন৷ এ দিনও ইডির জেরায় পুরনো কৌশলই নেন সুকন্যা৷ সব প্রশ্নের উত্তরেই সুকন্যা দাবি করেন, আর্থিক লেনদেনের বিষয়ে সবটাই জানতেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল এবং হিসেবরক্ষক মণীশ কোঠারি৷ আগামিকালই সুকন্যাকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে বলে ইডি সূত্রে জানা গেছে৷

তূণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, কেন সুকন্যাকে গ্রেফতার করল ইডি ? তদন্ত কি এগোচ্ছিল না।কুণালের মানবিক প্রশ্ন, মেয়েটি মাতৃহারা। বাবা জেলে। প্রতিকূল পরিস্থিতি নিয়ে সে নাজেহাল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!