- দে । শ
- ডিসেম্বর ১৩, ২০২৫
বরাদ্দ ৮ কোটি, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুরু কাটোয়ায়
কাটল সংশয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রস্তাব গ্রহণ করার সময় অনেকেরই মনে সংশয় ছিল আদৌ তাদের প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে তো! গৃহীত প্রস্তাবগুলির রূপায়ণের আনুষ্ঠানিক সূচনায় সেই সংশয় মিটল। কাটোয়া পুরসভার ৪ নং ওয়ার্ডে এই প্রকল্পের কাজের সূচনা করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। সেইসঙ্গে এলাকার বাসিন্দাদের ডেকে তাদের আর কোনো সমস্যা রয়েছে কিনা জেনে নিলেন ও সমস্যাগুলি নথিভুক্ত করলেন। এলাকার বাসিন্দা মিঠু দাস জানান, ‘আমাদের প্রয়োজন জেনে সেগুলি মেটানোর এমন কাজ সত্যিই খুবই প্রশংসনীয়। এভাবে মানুষের সমস্যা জেনে সমাধান এর আগের কোনো সরকার করেনি। দিদি (মমতা ব্যানার্জি) আর আমাদের এমএলএ সাহেবকে (রবীন্দ্রনাথ চ্যাটার্জি) কৃতজ্ঞতা জানাচ্ছি।’
জানা গেল, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কাটোয়া পুরসভার ২০ ওয়ার্ডের ৭৫ টি বুথে ৪৩৫ টি কাজের জন্য রাজ্য সরকার ৭ কোটি ৭৭ লক্ষ ৩৩ হাজার ৫৩৪ টাকা বরাদ্দ করেছে। এই টাকায় বিভিন্ন ওয়ার্ডে কংক্রিটের রাস্তা, পিচ রাস্তা, নর্দমা, পথবাতি, শৌচালয়-সহ এলাকাবাসীর চাহিদা অনুসারে বিশ্রামাগারের সংস্কারের কাজ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের দালান পুকুর পাড় এলাকার বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরুর মাধ্যমে প্রকল্প রূপায়ণের আনুষ্ঠানিক সূচনা হল। এরপর ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে শহরজুড়ে ছোট-বড় উন্নয়নের কাজগুলি হবে। সূচনা অনুষ্ঠানে ছিলেন পুরপ্রধান কলকান্ত চক্রবর্তী, পুরসদস্য সমীর সাহা, ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুপম চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট। প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বলে সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
❤ Support Us






