- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৪, ২০২৫
জম্মু–কাশ্মীরে কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা, নিয়ন্ত্রন রেখায় সেনার গুলিতে নিহত দুই সন্ত্রাসী
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুজন সন্ত্রাসী নিহত হয়েছেন। অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালায়। তাতেই দুই সন্ত্রাসী নিহত হয়।
কুপওয়াড়া জেলার মাচিল সেক্টারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনাবাহিনী তাদের চ্যালেঞ্জ জানায়। এরপরই অনুপ্রবেশকারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। সেনারাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ে দুজন অনুপ্রবেশকারী নিহত হয়েছে। কয়েকজন অনুপ্রবেশকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে জোর তল্লাশি চলছে।
সংবাদসংস্থা এএনআই ভারতীয় সেনাবাহিনীর এক কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এবং সন্ধ্যে ৭টা নাগাদ অভিযান শুরু করে। অভিযানের সময় অনুপ্রবেশকারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনী পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী নিহত হয়। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।’
কুপওয়ারা জেলার দুদনেওয়াল সেক্টরে আরও একটা ঘটনা ঘটেছে। অনুপ্রবেশকারীরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। যা ভারতীয় সেনার উদ্বেগ বাড়ায়। একটা সূত্র জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি পরীক্ষা করার জন্য এবং এলাকায় নিজেদের উপস্থিতি জানানোর জন্য সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটায়। সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সীমান্তজুড়ে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির খবরের পর নিয়ন্ত্রণ রেখায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। তার মধ্যেই এই ঘটনাগুলি ঘটল।
❤ Support Us






